ম্যাজিক লণ্ঠন-এর আড্ডা, পেরুল ৭৯৫ সপ্তাহ

SHARE:

ম্যাজিক লণ্ঠন-এর আড্ডা, পেরুল ৭৯৫ সপ্তাহ

সাশ্রয় নিউজ : সাহিত্যের অনুষ্ঠানগুলি সবসময়ই সাহিত্যমনস্ক পাঠকের কাছে, বড় আবেগের ও আদরেরও। বিগত সময়ে দেখা গিয়েছে, এই আড্ডাগুলিকে কেন্দ্র করে সাংস্কৃতিক ও আত্মিক সংযোগ গড়ে উঠেছে একে অপরের সঙ্গে। পাশাপাশি মত বিনিময়, আলোচনা ও সমালোচনা পুষ্ঠ করেছে লেখকদের মন-চেতনা। সেই আড্ডার রকমফের ঘটেছে সাম্প্রতিক সময়ে, অবশ্য তা সময়ের দাবি মেনেই। 

    ২৩ সেপ্টেম্বর, ২০২২। শুক্রবার। সন্ধেবেলা। বাংলাদেশের ঢাকার কাটাবনে তেমনি একটি মনোজ্ঞ কবিতা আড্ডা হয়ে গেল। আয়োজন করেছিল ম্যাজিক লণ্ঠন। ম্যাজিক লণ্ঠন-এর এটি ছিল ৭৯৫ তম সপ্তাহিক আড্ডা। এতগুলি সপ্তাহ, কেবলমাত্র সাহিত্যকে কেন্দ্র করে একটি সাপ্তাহিক আড্ডা অব্যাহত রাখা কথার কথা নয়। কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে দৃষ্টান্ত তৈরি করেছেন উদ্যোগতারা। প্রগাঢ় সাহিত্যপ্রেম না থাকলে হয়ত সম্ভব ছিল না এমনতরভাবে এতগুলি সাহিত্য-সংস্কৃতি মনস্ক মানুষকে এক সঙ্গে নিয়ে পথ চলা!  দীর্ঘ কুড়ি বছরের সংগঠন ম্যাজিক লণ্ঠন। প্রধান সম্পাদক কবি রতন মাহমুদ। 

    এদিন কাটাবনে অবস্থিত ম্যাজিক লণ্ঠন-এর কার্যালয়ে অনুষ্ঠিত আড্ডাটি নবীন প্রবীণ লেখকদের উপস্থিতিতে সরগরম ছিল। এই আড্ডার সভাপতিত্ব করেছেন কবি ফরিদ ভুঁইয়া। এছাড়াও এদিনের আড্ডার বিশেষ আড্ডাডু কবি ছিলেন, কবি নজরুল মোহাম্মদ। আড্ডার কবিদের আলোচনায় যে বক্তব্যগুলি উঠে আসে তা অতীব তাৎপর্যপূর্ণ ও লক্ষণীয়ও। যেমন : ‘ধারণা কখনো প্রমাণিত সত্য নয়।’

‘না পড়ে ভালো কবি হওয়া যায় না।’ ‘কবিকে মাটির কাছাকাছি থাকতে হয়।’ ‘যে যাই বলুক, কবিকে চলতে হবে নিজের পথে।’ ‘একটা কবিতায় যেন সম্পূর্ণ একটা বার্তা থাকে।’ ‘কবিতা একটি বক্তব্যের আধার।’ ‘কবি যেখানে কবিতা শেষ করেন, পাঠক সেখান থেকে শুরু করেন।’ ‘কবিতার সম্পাদনা জরুরি।’ ‘শব্দের সাথে শব্দ সাজালেই কবিতা হয় না। কবিতায় সামগ্রিকতা থাকতে হয়।’ ‘কবিকে জানতে হবে কোথায় থামতে হবে।’ 

কবি রুকসানা রহমান, কবি রেজাউদ্দিন স্টালিন, ফেরদৌস হোসেন, লিলি হক, গোবিন্দ লাল সরকার, শেখ ফিরোজ আহমদ, নজরুল মোহাম্মদ, ফরিদ ভূঁইয়া, আতিয়ার রহমান, বকুল আশরাফ, শাহিদা ফেন্সী, কামরুজ্জামান, মোহাম্মদ আমিনুল ইসলাম, রমজান মাহমুদ, জামিল জাহাঙ্গীর, চঞ্চল আক্তার, এজাজ সানোয়ার, নূর মোহাম্মদ, নজরুল ইসলাম, মুসতাক মুকুল,  মিয়া বাবরুল পথকবি, মাইন সরকার, কামরুজ্জামান প্রমুখ কবি স্বরচিত কবিতাপাঠ করেন ও কবিতা সম্পর্কে আলোচনা করেন। 

    ম্যাজিক লণ্ঠন-এর এদিনের আড্ডাটি সুচারু সঞ্চালনা করেন অন্যতম সম্পাদক কবি শাহিদা ফেন্সী। এমন সুন্দর আড্ডা সাহিত্যপ্রেমীদের মনে দীর্ঘ স্থান করে নেবে বৈকি!  

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন