অভিজিৎ দত্ত : এ বছর রবিবার (২১/০৬/২০২৬) আন্তর্জাতিক যোগ দিবস। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভুত বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন বা যোগ ব্যায়াম। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধান। আন্তর্জাতিক যোগ দিবস হল যোগ ব্যায়ামের স্বীকৃতিস্বরূপ একটি দিন যা ২০১৪ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হওয়ার পর থেকে ২০১৫ সাল থেকে প্রতিবছর ২১শে জুন পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক যোগ দিবস পালনের একটি ইতিহাস আছে। ২০১৪ সালে ২৭শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করার প্রস্তাব দেন।
আরও পড়ুন : SHe-Box 2.0 | কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষায় ‘শি-বক্স ২.০’, যৌন হেনস্তা অভিযোগে ডিজিটাল সমাধান
জাতিসংঘে ভারতের স্হায়ী প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় ২০১৪-এর সালের ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ সভায় প্রতিবছর ২১ জুন তারিখটি আন্তর্জাতিক যোগ দিবস পালনের খসড়া সিদ্ধান্ত উপস্থাপন করেন। ১৭৫ দেশের উপস্থিত প্রতিনিধি সভার প্রস্তাবটি ভোটাভুটি ছাড়াই গৃহীত হয়। সেই সিদ্ধান্ত অনুসারে ২০১৫ সালের ২১শে জুন হতে এই দিবসটি গোটা বিশ্বে পালিত হচ্ছে।
২১ জুন তারিখটি পালনের পেছনে আর যে কারণটি রয়েছে তা হল ২১শে জুন দিনটি উত্তর গোলার্ধের সবচেয়ে দীর্ঘতম দিন আর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট দিন হিসাবেই পরিচিত। হিন্দুধর্মমতে এই দিনেই আদি যোগী শিব মানব জাতিকে যোগ বিদ্যা দান করতে শুরু করেন এবং তিনিই প্রথম গুরু হিসাবে পরিচিত হন।
যোগ দিবসের কিছু লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। সেগুলি হল—
১) শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য যোগব্যায়ামের বিষ্ময়কর উপকারিতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা।
২) আধুনিক জীবনের স্ট্রেস, উদ্বেগ ও জীবন যাত্রার সঙ্গে সম্পর্কিত রোগ (যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ) থেকে মুক্তি পেতে মানুষকে উদ্বুদ্ধ করা।
৩) বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে ঐক্য, শান্তি এবং সম্প্রীতি গড়ে তোলা।
যোগব্যায়াম বা যোগা শুধু শারীরিক কসরত নয়, এটি শরীর, মন এবং আত্মার সঙ্গে ভারসাম্য ও মেলবন্ধন স্হাপনের একটি প্রাচীন ভারতীয় শিল্প ও বিজ্ঞান। যোগব্যায়ামের বিষ্ময়কর উপকারিতা উপলব্ধি করে আজ গোটা বিশ্বে যথেষ্ট গুরুত্ব সহকারে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে।যোগের মাধ্যমে এই বিশ্ব প্রকৃতির সঙ্গে সঙ্গে নিজেকে যুক্ত করা এবং সকলের কল্যাণেই নিজের কল্যাণ এটা উপলদ্ধি করাতেই যোগ দিবসের সার্থকতা।
ছবি : সংগৃহীত



