Zaheer Khan LSG, Lucknow Super Giants news | গোয়েঙ্কার সঙ্গে মতের অমিল, লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের পদ ছাড়লেন জাহির খান

SHARE:

কৌশিক রায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) বড়সড় পরিবর্তনের মুখে পড়ল। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দলের মেন্টরের পদ থেকে ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন পেসার জাহির খান (Zaheer Khan)। মাত্র এক বছরের মাথায় তাঁর এই সিদ্ধান্ত ক্রিকেট মহলে চমক তৈরি করেছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এলএসজি (LSG) ম্যানেজমেন্টকে তিনি নিজের সিদ্ধান্ত জানান বলে উল্লেখ। সূত্রের খবর, দলটির মালিক সঞ্জীব গোয়েন্‌কা (Sanjiv Goenka) এবং প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer) -এর সঙ্গে মতের অমিলই ওই দলের সঙ্গে জাহিরের এই বিচ্ছেদের মূল কারণ। সূত্রের আরও খবর, দলের ভেতরে গত মরসুম থেকেই নানা ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। বিশেষ করে বোলিং বিভাগ নিয়ে অসন্তোষ বাড়ছিল ম্যানেজমেন্টের মধ্যে। জাহিরের উপর বোলিং আক্রমণ সাজানোর দায়িত্ব থাকলেও প্রত্যাশিত সাফল্য আসেনি। এক এলএসজি কর্তা জানান, “বোলিং ইউনিট আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। মালিক গোয়েন্‌কা বিষয়টি নিয়ে খুশি ছিলেন না।” যদিও অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) -এর সঙ্গে জাহিরের সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ ছিল।

Also read : Jasprit Bumrah, Sanjana Ganesan | প্রথমে এড়িয়ে গিয়েছিলেন, পরে হলেন জীবনসঙ্গিনী, জানেন বুমরাহ ও সঞ্জনার প্রেমের গল্প?

লখনউর দায়িত্ব পাওয়ার পর থেকেই চাপ ছিল জাহিরের ওপর। গৌতম গম্ভীর (Gautam Gambhir) কলকাতা নাইট রাইডার্স (KKR) -এ যোগ দেওয়ার পর তাঁকে মেন্টর হিসেবে নিয়োগ করা হয়। মর্নি মর্কেল (Morne Morkel) ভারতীয় দলে যোগ দেওয়ায় বোলিং কোচের দায়িত্বও নিতে হয়েছিল জাহিরকে। তবে অতিরিক্ত দায়িত্ব সামলাতে গিয়েই ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। একটি বিশেষ সূত্রের দাবি, “প্রথম থেকেই মতপার্থক্য ছিল। মালিক এবং কোচ ল্যাঙ্গারের সঙ্গে একাধিক বিষয়ে একমত হতে পারেননি জাহির।” প্রসঙ্গত, গত এক মাস ধরেই তাঁর পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। পরিস্থিতি আরও স্পষ্ট হয় যখন ফ্র্যাঞ্চাইজি ভরত অরুণকে (Bharat Arun) নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ করে। জাহির এরপর আর থাকতে চাননি। জানা গিয়েছে, নতুন মেন্টর নিয়োগ করা হলে তাঁর দায়িত্ব শুধু এলএসজি নয়, পাশাপাশি ডারবান সুপার জায়ান্টস (Durban Super Giants) এবং ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার অরিজিনালসকেও (Manchester Originals) সামলাতে হবে।

জাহির খান। ছবি : সংগৃহীত

অন্যদিকে, লখনউয়ের তরুণ পেস আক্রমণের দায়িত্ব এখন অরুণের হাতে। আকাশদীপ (Akashdeep), আবেশ খান (Avesh Khan), ময়ঙ্ক যাদব (Mayank Yadav), প্রিন্স যাদব (Prince Yadav), মহসিন খান (Mohsin Khan), আকাশ সিংহ (Akash Singh) সবাইকে নিয়ে তিনি নতুনভাবে পরিকল্পনা করছেন। দলের এক কর্তা বলেছেন, “অরুণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শুধু এলএসজি নয়, ডারবান ও ম্যাঞ্চেস্টার অরিজিনালসের সঙ্গেও তিনি কাজ করবেন। তরুণ প্রতিভাদের খুঁজে এনে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।”

উল্লেখ্য, লখনউয়ের আগে জাহির খান দীর্ঘ সময় মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যুক্ত ছিলেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি মুম্বইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ এবং পরে ‘হেড অফ গ্লোবাল ডেভেলপমেন্ট’ -এর দায়িত্ব সামলান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা সমৃদ্ধ হলেও এলএসজিতে তাঁর ভূমিকা সেভাবে প্রভাব ফেলতে পারেনি। গত মরসুমে লখনউর খারাপ পারফরম্যান্সই যেন শেষ পর্যন্ত তাঁর গুরুত্ব কমিয়ে দেয়। ফলে, নিজে থেকেই পদ ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন তারকা পেসার। ক্রিকেট বিশ্লেষকদের মতে, জাহিরের প্রস্থান লখনউ সুপার জায়ান্টসের জন্য বড় ধাক্কা। তাঁর অভিজ্ঞতা এবং বোলিং ইউনিটকে পরিচালনার ক্ষমতা নিঃসন্দেহে বড় সম্পদ ছিল। তবে মতবিরোধের জেরে যে সম্পর্ক আর এগোনো সম্ভব নয়, সেটি এবার স্পষ্ট হয়ে গেল। আগামী মরসুমের আগে নতুন মেন্টর নিয়োগই এখন ফ্র্যাঞ্চাইজির মূল লক্ষ্য।

ছবি: সংগৃহীত 

আরও পড়ুন : Shubman Gill cricket journey | শুভমন গিলের ক্রিকেটযাত্রা: রাত তিনটেয় অনুশীলন থেকে টেস্ট দলের অধিনায়কত্ব

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন