দক্ষিণবঙ্গে কবে বর্ষা, কী বলছে হাওয়া অফিস?
সাশ্রয় নিউজ ★ কলকাতা : উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চললেও দক্ষিণবঙ্গে দেখা নেই বর্ষার। তাপপ্রবাহের মতন অবস্থা দক্ষিণের জেলাগুলিতে। সেই সঙ্গে ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতিতে বঙ্গের দক্ষিণবাসীরা। আলিপুর হাওয়া অফিস সূত্রে বৃহস্পতিবার জানানো হয়, দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরমের দাপট চলবে। দক্ষিণবঙ্গের বেশ ক’য়েকটি জেলাতে তাপপ্রবাহের মতো অবস্থা তৈরি হতে পারে ১৫-১৮ জুলাই অব্দি। জেলাগুলি হল : বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়্গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপপ্রবাহের মতন অবস্থা না হলেও বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকবে। সেই জন্য ওই জেলাগুলিতে থাকবে ভ্যাপসা গরমের তীব্রতা। তবে আলিপুর হাওয়া অফিস আশার বাণীও শুনিয়েছে, ১৯-২১ জুনের ভেতর দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। মৌসুমি বায়ু ঢুকলেই রেহাই মিলবে গরমের হাত থেকে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে ১৯ জুন অব্দি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ১৬ জুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও কোচ বিহারে। ১৭ জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ। ১৮ জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।
-প্রতীকী ছবি




