Virat Kohli Anushka Sharma New Year | ‘আমার জীবনের আলোর হাত ধরে…’ আদুরে বার্তায় অনুষ্কাকে আগলে নতুন বছরে বিরাট কোহলি, ভাইরাল ‘বিরুষ্কা’ মুহূর্ত

SHARE:

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। নিউ ইয়ার ২০২৬

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : নতুন বছর মানেই পুরনো হিসেব-নিকেশ গুছিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি। আর সেই আবহেই ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ক্রিকেট মাঠে যেমন নিজের ব্যাটে কথা বলেন বিরাট, তেমনই ব্যক্তিগত জীবনেও তিনি আবেগ প্রকাশে কখনও কার্পণ্য করেন না। ২০২৫ সালকে ইতিবাচক নোটে বিদায় জানিয়ে ২০২৬-এ পা রাখার মুহূর্তে স্ত্রী অনুষ্কার হাত ধরে নতুন পথচলার বার্তা দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। ২০২৫ সাল বিরাট কোহলির কেরিয়ারে নিঃসন্দেহে অন্যতম চর্চিত অধ্যায়। বছরের শুরু থেকেই নানা উত্থান-পতনের সাক্ষী থেকেছে তাঁর ক্রিকেটজীবন। একদিকে দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) -এর হয়ে প্রথম আইপিএল জয়, অন্যদিকে ১০ হাজার টেস্ট রানের মাইলফলক ছোঁয়ার আগেই টেস্ট ক্রিকেটকে বিদায়, বছরজুড়ে চর্চার শিরোনামে থেকেছেন বিরাট। তাঁর অবসর সিদ্ধান্ত নিয়ে সমর্থক থেকে প্রাক্তন ক্রিকেটার, সকলের মধ্যেই শুরু হয়েছিল তর্ক-বিতর্ক। তবে বছর শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দুরন্ত ব্যাটিং করে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। টানা শতরানের ইনিংস বুঝিয়ে দিয়েছে, বয়স বা অবসর, কোনওটাই বিরাট কোহলির ধার কমাতে পারেনি।

আরও পড়ুন : Bollywood Celebrities Spirituality | বলিউডে আধ্যাত্মিকতার টান: অনুষ্কা শর্মা ও অন্যান্য তারকারা

এই ব্যস্ত ও ঘটনাবহুল বছরের শেষ দিনে, ৩১ ডিসেম্বর, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে একটি আদুরে ছবি ভাগ করে নেন বিরাট। ‘বিরুষ্কা’ জুটির প্রতিটি মুহূর্তেই যে নেটদুনিয়ার আলাদা আকর্ষণ রয়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ছবিতে দেখা যায়, ধূসর রঙের টি-শার্ট ও ক্রিম রঙের ট্রাউজারে বিরাট, আর অনুষ্কার পরনে সাদা টপ ও ডেনিম। দু’জনের মুখেই মাস্ক, সামনে শান্ত লেক, আর অনুষ্কার কাঁধে স্নেহের হাত বিরাটের। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেই ধরা পড়েছে আবেগ, ‘আমার জীবনের আলোর হাত ধরে ২০২৬-এ পা দিচ্ছি’। এক লাইনের সেই বার্তাই মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, বিরাট কোহলি প্রকাশ্যে বরাবরই অনুষ্কার প্রশংসা করতে ভালবাসেন। তাঁর জীবনের কঠিন সময় হোক বা সাফল্যের শিখর, প্রতিটি অধ্যায়ে অনুষ্কার উপস্থিতির কথা অকপটে তিনি স্বীকার করেছেন। বিয়ের পর বিরাটের জীবনদর্শনে যে বড় পরিবর্তন এসেছে, তা বহুবার জানিয়েছেন এই ক্রিকেট তারকা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘যখন অনুপ্রেরণার দরকার পড়ে, তখন সবচেয়ে আগে তুমি নিজের বাড়িতেই সেটার খোঁজ করো। আমার ক্ষেত্রে অনুষ্কাই সবচেয়ে বড় অনুপ্রেরণা। ওর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আমি আরও সহজভাবে সবকিছু গ্রহণ করতে শিখেছি’। সেই বক্তব্যই যেন নতুন বছরের পোস্টে আরও একবার স্পষ্ট হয়ে উঠল।

অন্যদিকে, অনুষ্কা শর্মার জীবনও বদলেছে বিয়ের পর। রুপোলি পর্দা থেকে দীর্ঘদিন দূরে থাকলেও ব্যক্তিগত জীবনে তিনি সম্পূর্ণ মন দিয়েছেন পরিবারকে। কন্যা ভামিকা (Vamika) ও পুত্র আকাই (Akaay) -এর মা হিসেবে দায়িত্ব পালনই এখন তাঁর জীবনের প্রধান অধ্যায়। সুযোগ পেলে স্বামীর সঙ্গে সময় কাটানো, ভ্রমণ কিংবা নিভৃত মুহূর্ত উপভোগ, এই ছোট ছোট বিষয়গুলিই এখন অনুষ্কার কাছে সবচেয়ে মূল্যবান। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছবির পর আর বড় পর্দায় দেখা যায়নি অনুষ্কাকে। মা হওয়ার পর ‘চাকদা এক্সপ্রেস’ ছবির মাধ্যমে কামব্যাক করার কথা থাকলেও, এখনও মুক্তির আলো দেখেনি সেই সিনেমা। এই ছবিতে তিনি বাংলার গর্ব ঝুলন গোস্বামী (Jhulan Goswami)-এর চরিত্রে অভিনয় করছেন বলে জানা গিয়েছে। শোনা যায়, সন্তানদের নিয়ে লন্ডনেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন বিরাট-অনুষ্কা। কাছের মহলের দাবি, আপাতত সেখানেই স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি। ক্রিকেট ও সিনেমার ব্যস্ততা থেকে কিছুটা দূরে সরে পরিবারকে সময় দেওয়াই এখন তাঁদের অগ্রাধিকার। প্রসঙ্গত, মাঠের বাইরে এই মানবিক, আবেগপ্রবণ বিরাটই হয়ত ভক্তদের কাছে আরও বেশি আপন। ২০২৬ সালে তিনি কীভাবে নিজেকে নতুন করে মেলে ধরবেন, সেই অপেক্ষায় থাকল ক্রিকেটপ্রেমী ও ‘বিরুষ্কা’ অনুরাগীরা।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli ICC ranking | আইসিসি-র র‌্যাঙ্কিংয়ে উত্তেজনা: রোহিতের ওপরে চাপ বাড়ালেন কোহলি, দুই তারকার লড়াইয়ে নতুন মোড়

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন