সাশ্রয় নিউজ ✪ চণ্ডীগড় : ৬ বছর বয়সে এমন কৃতিত্ব স্বপ্নের মতো শোনায়। পাঞ্জাবের (Punjab) রোপার জেলার দ্বিতীয় শ্রেণির ছাত্র তেগবীর সিং (Tegbir Singh) সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিল। মাত্র ১৮,৫১০ ফুট উচ্চতার রাশিয়ার (Russia) মাউন্ট এলব্রাস (Mount Elbrus) জয় করে বিশ্বের সবচেয়ে কমবয়সি পর্বতারোহী হওয়ার খেতাব পেল সে। কোনও প্রাপ্তবয়স্ক অভিজ্ঞতার ধারেকাছে না গিয়েও এই শিশুর অর্জন তাক লাগিয়েছে সবাইকে বলে সংবাদে প্রকাশ।
২০ জুন শুরু হয়েছিল এই দুর্গম অভিযান। ২৮ জুন শেষ দিনে তেগবীর তেরঙ্গা হাতে পৌঁছে যায় ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায়। যেখানে তাপমাত্রা মাইনাসে নেমে যায়, বাতাসে অক্সিজেনের পরিমাণ থাকে খুবই কম। তবুও শিশুসুলভ নির্ভীকতা আর প্রস্তুতির জোরে ইতিহাস গড়েছে সে। এই জয়ের পর রাশিয়ান পর্বতারোহণ এবং ক্রীড়া পর্যটন ফেডারেশন (Russian Federation of Mountaineering and Sports Tourism) থেকে তেগবীরকে দেওয়া হয়েছে সরকারী শংসাপত্র। এখন থেকে তার নাম বিশ্ব রেকর্ডে অমর হয়ে রইল।তেগবীরের বাবা সুখিন্দরদীপ সিং (Sukhinderdeep Singh) জানিয়েছেন, “এই কৃতিত্ব কোনও হঠাৎ ঘটনার ফল নয়। ও প্রায় এক বছর ধরে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়েছে। এর আগে আফ্রিকার (Africa) সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো (Mount Kilimanjaro) জয় করেছে তেগবীর। এমনকী নেপালের মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পেও (Mount Everest Base Camp) পৌঁছেছে সে।” ২০২৪ সালের আগস্টে কিলিমাঞ্জারো জয় করে তেগবীরই হয়েছিল সর্বকনিষ্ঠ এশীয় পর্বতারোহী। তেগবীর নিজের জয়ের পর আবেগে জানিয়েছে, “আমি জানতাম আমাকে কোথায় পৌঁছাতে হবে। এবং অবশেষে আমি পৌঁছে গেলাম।”
এই অর্জনে মহারাষ্ট্রের (Maharashtra) কুশাগর (Kushagra) নামের শিশুর রেকর্ডও ভেঙে দিল তেগবীর। ২০২৪ সালে কুশাগর ৭ বছর ৩ মাস বয়সে মাউন্ট এলব্রাস জয় করেছিল। সেই রেকর্ড এখন পেছনে ফেলে তেগবীর তৈরি করল নতুন ইতিহাস। ভারতের এই ছোট্ট বীর আজ দেশের গর্ব হয়ে উঠেছে। তেগবীরের এভারেস্ট বেস ক্যাম্প থেকে কিলিমাঞ্জারো জয়, আর এবার এলব্রাস, এই ধারাবাহিকতা শুধু বয়সের গণ্ডিকে চূর্ণ করছে না, শিশুদের জন্য এক নতুন দিশা দেখাচ্ছে। তেগবীরের মতো শিশুরা প্রমাণ করছে, সঠিক দিশা, প্রস্তুতি আর সাহস থাকলে অসম্ভব শব্দটিও ধীরে ধীরে অভিধান থেকে হারিয়ে যাবে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Pavel Durov | Telegram : সন্তানের সংখ্যা শতাধিক, এক লক্ষ কোটিরও বেশি সম্পত্তির মালিক, ব্যতিক্রমী ধনকুবের পাভেল দুরভ




