সুতপা চৌধুরী হত্যা মামলায় অভিযুক্তকে ফাঁসির আদেশ আদালতের
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : সুতপা চৌধুরী হত্যা মামলায় ( Sutapa Chowdhury Murder Case) অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে ফাঁসির আদেশ দিল বহরমপুর ফাস্ট ট্র্যাক কোর্ট। গত ২ মে ২০২২ সালে বহরমপুরে প্রেমিকের হাতে খুন হন কলেজ ছাত্রী সুতপা। নিজের মেসের সামনে সুতপাকে কুপিয়ে খুন করেন সুশান্ত চৌধুরী নামে এক যুবক। পরে পুলিশ জানতে পারে ওই যুবকের নাম সুশান্ত চৌধুরী। সুতপার প্রেমিক। মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুরের কাত্যায়নীর গলিতে ঘটে যাওয়া খুনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় দেশে। পুলিশ ঘটনার দিন রাত্রিবেলাতেই গ্রেফতার করেন সুশান্ত চৌধুরী নামে মৃতার খুনিকে। আজ বৃহস্পতিবার বহরমপুর ফাস্ট ট্র্যাক কোর্ট-এর বিচারপতি সেই মামলার সাজা শোনান। বিচারপতি সাজা শোনানোর সময় ঘটনাটিকে ‘বিরলতম’ অপরাধ হিসেবে আখ্যায়িত করেন বলে উল্লেখ। উল্লেখ্য, ২৯ আগস্ট আদালতে দোষী সাব্যস্ত হন সুতপার প্রেমিক সুশান্ত চৌধুরী। আজ আদালত অভিযুক্তকে ফাঁসির আদেশ শোনাতেই স্বস্তির নিঃশ্বাস সুতপার পরিবারে। আইনি জয় হলেও সুতপার মা পাপুলি চৌধুরী মালদার ইংরেজবাজারের বাড়িতে কন্যা শোকে কান্নায় লুটিয়ে পড়েন। তিনি বলেন, ‘গত ২৪ আগাস্ট মেয়ের ছবিতে মালা দিয়ে জন্মদিন পালন করেছি। ফাঁসির সাজা চেয়েছিলাম। কিন্তু, বুকের শূন্যতা কখনই কাটবে না। যিনি সন্তান হারিয়েছেন, শুধু তিনিই বুঝবেন আমার যন্ত্রণা। বিচারব্যবস্থা ও সংবাদ মাধ্যমকে কুর্নিশ জানাই। ওঁকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। ও যেন আমার বড় ছেলে ছিল। সাজার অপেক্ষায় ছিলাম।’ মেয়ের খুনির ফাঁসির সাজা শোনার পরে এভাবেই নিজেকে ব্যক্ত করেন সন্তানহারা মা।



