Sonakshi Sinha wedding, interfaith marriage story | বিয়ের স্মৃতিতে ধর্মের মেলবন্ধন! সোনাক্ষী সিন্‌হার মুখে উঠে এল গায়ত্রী মন্ত্র ও আজানের অনন্য মুহূর্ত

SHARE:

শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা (Sonakshi Sinha) ফের আলোচনায়, তবে এ বার তাঁর ব্যক্তিগত জীবনের এক বিশেষ স্মৃতিচারণ ঘিরে। ২০২৪ সালের ২৩ জুন অভিনেতা জাহির ইকবাল (Zaheer Iqbal) -এর সঙ্গে আইনি মতে তিনি বিয়ে করেছিলেন। সেই বিয়েকে কেন্দ্র করে একসময় নেটমাধ্যমে নানা বিতর্ক তৈরি হলেও, সময়ের সঙ্গে সেই সব আলোচনার মাঝেই উঠে এল তাঁদের সম্পর্কের এক অন্য দিক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের বিয়ের দিনটির এমন এক মুহূর্তের কথা জানিয়েছেন সোনাক্ষী, যা নতুন করে কৌতূহল বাড়িয়েছে অনুরাগীদের মধ্যে। সোনাক্ষীর কথায়, ‘আমাদের বিয়ের সময় একদিকে গায়ত্রী মন্ত্র উচ্চারণ হচ্ছিল, আর সেই সময়ই দূর থেকে আজানের শব্দ ভেসে আসছিল। মুহূর্তটা খুব আলাদা ছিল।’ তাঁর এই মন্তব্যের পরই নেটমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই ঘটনাকে দুই ধর্মের সহাবস্থানের প্রতীক হিসেবে দেখছেন।

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ছবি : সংগৃহীত

আরও পড়ুন : India 2026, Sonakshi Sinha System series Amazon Prime | ওটিটিতে নতুন ঝড়: সোনাক্ষী-জ্যোতিকা বনাম তেজস্বী-কর্ণ, কোন সিরিজ় এগিয়ে?

উল্লেখ্য, সোনাক্ষী ও জাহিরের সম্পর্কের শুরু থেকেই নানা চর্চা চলছিল। ভিন্ন ধর্মের দুই মানুষের সম্পর্ক নিয়ে পরিবারের প্রাথমিক আপত্তির কথাও সামনে এসেছিল। শোনা যায়, পরিবারের সদস্যদের রাজি করাতে বেশ সময় লেগেছিল তাঁদের। তবে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন দু’জনেই। সাত বছরের দীর্ঘ সম্পর্কের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁদের বিয়েতে প্রচলিত ধর্মীয় আচার দেখা যায়নি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে একান্ত ঘরোয়া পরিবেশে বিয়ে সারেন তাঁরা। পরে আয়োজন করা হয় একটি প্রীতিভোজের, যেখানে উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। এই বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্যও দেখা গিয়েছিল। কেউ কেউ একে ‘লাভ জিহাদ’ বলে অভিহিত করেছিলেন, যা নিয়ে বিতর্কও তৈরি হয়। সেই সমস্ত বিতর্ককে গুরুত্ব না দিয়ে নিজের জীবন নিজের মতো করে গড়ে তোলার দিকেই মন দিয়েছেন সোনাক্ষী ও জাহির। সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিন্‌হা (Shatrughan Sinha) মেয়ের পাশে দাঁড়িয়ে বলেন, ‘ওরা কোনও বেআইনি কাজ করেনি। ওরা প্রাপ্তবয়স্ক ও নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। যদি ওরা সুখে থাকে, সেটাই সবচেয়ে বড় কথা।’ তাঁর এই মন্তব্য অনেক বিতর্কেরই ইতি টানে।

আরও পড়ুন : Priyanka Chopra bedroom secret | রবিবার মানেই ঘনিষ্ঠতা! বেডরুম সিক্রেট ফাঁস করলেন প্রিয়াঙ্কা-নিক, নিন্দুকদের মুখে ফের তালা

বিয়ের পরে সোনাক্ষীর বাড়ির অন্দরসজ্জাতেও দেখা যায় তাঁদের ভাবনার প্রতিফলন। অভিনেত্রীর বাড়িতে একটি বড় পেইন্টিং রয়েছে, যেখানে গায়ত্রী মন্ত্র এবং কলমা একসঙ্গে স্থান পেয়েছে। এই শিল্পকর্ম তাঁদের উপহার হিসেবে দেওয়া হয়েছিল। সেই ছবির সামনে দাঁড়িয়ে একাধিকবার ছবি তুলেছেন সোনাক্ষী ও জাহির। এই প্রসঙ্গে সোনাক্ষী জানিয়েছেন, ‘এই ছবিটা আমাদের জীবনে শান্তি আর ইতিবাচকতা নিয়ে আসে বলে মনে করি।’ তাঁর বক্তব্যে বার বার উঠে এসেছে পারস্পরিক সম্মানের কথা। তিনি বলেন, ‘আমরা কেউই কারও উপর নিজেদের ধর্ম চাপিয়ে দিই না। বরং একে অপরের বিশ্বাসকে সম্মান করি।’ এই দৃষ্টিভঙ্গিই তাঁদের সম্পর্ককে আলাদা করে তুলেছে বলে মনে করছেন অনেকেই। ব্যক্তিগত জীবনকে ঘিরে যতই বিতর্ক থাকুক না কেন, সোনাক্ষী ও জাহির তাঁদের অবস্থান থেকে সরে আসেননি। বরং সময়ের সঙ্গে নিজেদের সম্পর্ককে আরও দৃঢ় করেছেন।

সোনাক্ষী সিনহা। ছবি : সংগৃহীত

বর্তমানে বলিউডে আন্তঃধর্মীয় বিবাহ নতুন বিষয় নয়, তবে প্রতিটি সম্পর্কের নিজস্ব গল্প থাকে। সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবালের ক্ষেত্রে সেই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে বোঝাপড়া ও পারস্পরিক সম্মান। বিয়ের দিনের সেই স্মৃতিচারণ যেন সেই গল্পকেই আরও স্পষ্টভাবে তুলে ধরল। নেটমাধ্যমে এই মন্তব্য সামনে আসার পর অনুরাগীদের একাংশ সোনাক্ষীর এই অভিজ্ঞতাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। আবার কেউ কেউ নতুন করে পুরনো বিতর্ক টেনে আনছেন। তবে এই সমস্ত প্রতিক্রিয়ার মাঝেও সোনাক্ষী নিজের অবস্থানে অটল রয়েছেন। ব্যক্তিগত জীবনের এই বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার মাধ্যমে তিনি যেন নিজের দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরেছেন যেখানে ধর্ম না, সম্পর্কের ভিত শক্ত হয় পারস্পরিক সম্মান ও বিশ্বাসে।

—সব ছবি সংগৃহীত
আরও পড়ুন : Sonakshi Sinha Runs After Husband Zaheer Iqbal After Holi Prank, Funny Video Goes Viral | স্ত্রী সোনাক্ষীকে প্র্যাঙ্ক করে বিপাকে জাহির ইকবাল, ভাইরাল ভিডিওতে হাসির ঝড় নেটদুনিয়ায়

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন