সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : দর্শকদের আকর্ষণ বাড়াতে ক্রমাগত নগ্নতা আর যৌন উদ্দীপক দৃশ্যের প্রদর্শন, এবার এই প্রবণতার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information and Broadcasting)। সম্প্রতি ২৪টি ওয়েব প্ল্যাটফর্ম ও অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র, যার মধ্যে রয়েছে বহু চর্চিত ও জনপ্রিয় প্ল্যাটফর্ম অল্ট (ALT) ও উল্লু (Ullu)। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে প্রকাশ, এই সব প্ল্যাটফর্ম ‘সফট পর্ন’ বা হালকা পর্নগ্রাফির আড়ালে নারীদেহকে পণ্য হিসেবে ব্যবহার করছে। প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দর্শক সংখ্যা বাড়াতে এরা যৌনতা ও নগ্নতাকেই মুখ্য বিনোদন হিসেবে দেখাচ্ছে। গল্পের ছলেই দেখানো হচ্ছে আপত্তিকর দৃশ্য।”
উল্লেখ্য, নিষিদ্ধ হওয়া অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মগুলির তালিকায় রয়েছে, অল্ট (ALT), উল্লু (Ullu), কঙ্গন অ্যাপ (Kangan App), বুল অ্যাপ (Bull App), জলওয়া অ্যাপ (Jalwa App), ওয়াও এন্টারটেনমেন্ট (Wow Entertainment), লুক এন্টারটেনমেন্ট (Look Entertainment), হিট প্রাইম (Hit Prime), ফেনেও (Feneo), শো এক্স (Show X), সোল টকিজ (Soul Talkies), আড্ডা টিভি (Adda TV), হট এক্স ভিআইপি (HotX VIP), মুড এক্স (MoodX), নিয়ন এক্স (NeonX), ফুগি (Fugi), মোজিফ্লিক্স (Mojiflix), ট্রিফ্লিক্স (Triflix) প্রভৃতি। সরকারি সূত্রে আরও খবর, এই সমস্ত অ্যাপের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ধারা ৬৭ এবং ৬৭এ লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এই ধারাগুলি অনুযায়ী, ইলেকট্রনিক মাধ্যমে কোনও অশ্লীল বা যৌন উদ্দীপক বিষয়বস্তু প্রকাশ করা আইনত অপরাধ। পাশাপাশি, ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ধারা ২৯৪ এবং নারী শরীর প্রদর্শন (নিষেধ) আইন ১৯৮৬-এর ধারা ৪ও লঙ্ঘন করেছে এই অ্যাপগুলি। মন্ত্রকের এক আধিকারিক বলেন, “৬৭ ও ৬৭এ অনুযায়ী এই ধরণের কনটেন্টকে বৈধতা দেওয়া যায় না। এছাড়া ধারা ২৯৪ অনুযায়ী, কোনও প্রকাশ্য স্থানে বা মাধ্যমে অশ্লীল অঙ্গভঙ্গি বা দৃশ্য দেখানো শাস্তিযোগ্য অপরাধ। তাই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই সমস্ত অ্যাপ ভারতে যাতে কোনওভাবে দেখা না যায়, তার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও প্লে-স্টোরগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে। প্রয়োজনে আইনি পদক্ষেপও করা হবে। একই সঙ্গে এমন অ্যাপের বিরুদ্ধে ভবিষ্যতেও কড়া নজরদারি চালানো হবে বলেও জানান মন্ত্রকের আধিকারিকরা।এ বিষয়ে এক ডিজিটাল নীতিবিদ বলেন, “বিনোদনের নামে পর্নগ্রাফির প্রবণতা দিন দিন বাড়ছে। সরকার এই পদক্ষেপের মাধ্যমে দেখাল, এ দেশে ‘সফট পর্ন’-এরও জায়গা নেই।”
সমালোচকরা বলছেন, এই ব্যান প্রক্রিয়ায় ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরদের স্বাধীনতা কিছুটা খর্ব হতে পারে। এ বিষয়ে উল্লু (Ullu) ও অল্ট (ALT) কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। যদিও শিল্প মহলের একাংশের দাবি, দেশের সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এই ধরনের কনটেন্টের অবাধ ছড়াছড়ি রুখতে এমন কড়া পদক্ষেপেরই প্রয়োজন ছিল। উল্লেখ্য, বর্তমানে মন্ত্রক নজর রাখছে অন্যান্য ছোট ওয়েব প্ল্যাটফর্মের দিকেও। জানা গিয়েছে, এই সমস্ত নিষিদ্ধ অ্যাপের সমস্ত কনটেন্ট খতিয়ে দেখবে বিশেষ কমিটি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের বার্তাও দিয়েছে সরকার।
ছবি: প্রতীকী
আরও পড়ুন : Japan USA Trade Deal | জাপানের সঙ্গে ট্রাম্পের ‘বৃহত্তম’ বাণিজ্যচুক্তি, ৯০ শতাংশ লাভের দাবি মার্কিন প্রেসিডেন্টের




