প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক : ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য বৃহস্পতিবার ছিল বাঁচা-মরার লড়াই। মহিলা বিশ্বকাপে নিজেদের ভাগ্য টিকিয়ে রাখতে হলে জয়ই ছিল একমাত্র উপায়। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন (Sophie Devine)। ব্যাট হাতে নামতেই যেন ঝড় তুললেন দুই ওপেনার- স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) এবং প্রতিকা রাওয়াল (Pratika Rawal)। দু’জনের দুরন্ত শতরানের দৌলতে নির্ধারিত ৪৮ ওভারে ভারত তুলল ৩২৯/২, যা মহিলাদের বিশ্বকাপ ইতিহাসে ভারতের সর্বোচ্চ টোটালগুলির মধ্যে একটি।
প্রতিকা রাওয়াল খেললেন ১২২ রানের দুর্দান্ত ইনিংস, আর স্মৃতি মন্ধানা সাজালেন ১০৯ রানের ঝলমলে পারফরম্যান্স। তাঁদের জুটি ২০০ রানেরও বেশি যোগ করে ভারতকে স্বপ্নের মঞ্চে পৌঁছে দেয়। শেষে জেমাইমা রদ্রিগেজ (Jemimah Rodrigues) ৬৯ রান করে দলের স্কোর আরও বাড়িয়ে দেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ১০ রানে অপরাজিত ছিলেন, যখন বৃষ্টি এসে খেলা থামিয়ে দেয়। এই ইনিংসে স্মৃতি মন্ধানা আবারও প্রমাণ করলেন কেন তিনি ভারতের ব্যাটিং স্তম্ভ। তাঁর ১০৯ রানের ইনিংসে ছিল ১২টি চার ও ৩টি ছয়। প্রতিকা রাওয়াল, যিনি এই টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছেন, খেললেন ১১৪ বলে ১২২ রান, তার মধ্যে ছিল ১৪টি চার ও ২টি ছয়। তাঁদের ব্যাটিং দেখে সোফি ডিভাইনের কিউয়ি বোলাররা একেবারেই দিশেহারা হয়ে পড়েন। ম্যাচের শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের মেজাজ ছিল আগ্রাসী। পিচে হালকা ঘাস থাকলেও সেটিকে কাজে লাগাতে পারেননি কিউই বোলাররা। সুজি বেটস (Suzie Bates) ও লি তাহুহু (Lea Tahuhu) এর গতি ও লেংথে কোনও চ্যালেঞ্জই ছিল না। ভারতের ইনিংস যত এগিয়েছে, বোলারদের আত্মবিশ্বাস ততই নষ্ট হয়েছে।
একসময় ভারতীয় ইনিংস থেমে গিয়েছিল ৪৮ ওভারে, প্রবল বৃষ্টির কারণে। তবে তার আগেই স্কোরবোর্ডে ৩২৯ রান জুড়ে দিয়েছিলেন মেয়েরা। এটি ভারতীয় মহিলাদের একদিনের ম্যাচে অন্যতম বৃহৎ স্কোর। ভারতের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছিল, ফেরানো হয় জেমাইমা রদ্রিগেজকে, বাদ পড়েন আমনজ্যোত কৌর (Amanjot Kaur)। নিউজিল্যান্ড দল অপরিবর্তিত রেখেই মাঠে নামে।।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : India Women Semi Final | স্মৃতি-প্রতিকার রেকর্ডে ভর করে কিউয়িদের উড়িয়ে সেমিফাইনালে ভারত




