Scam, Safe Travel Tips | বেড়াতে গিয়ে সর্বস্বান্ত! ভ্রমণপ্রেমীরা কীভাবে এড়াবেন স্ক্যামের ফাঁদ?

SHARE:

সূর্য মিত্র ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ভ্রমণ মানেই আনন্দ, নতুন অভিজ্ঞতা আর মনের খোরাক। কিন্তু অনেক সময় এই আনন্দের মাঝেই লুকিয়ে থাকে ভয়ঙ্কর প্রতারণার জাল। বিশেষত বিদেশ সফর বা নতুন কোনও শহরে গেলে পর্যটকরা প্রায়শই জালিয়াতদের টার্গেটে পরিণত হন। সামান্য অসাবধানতাই আপনার সর্বস্ব লোপাট করতে পারে। তাই বেড়াতে যাওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি। ট্রাভেল বিশেষজ্ঞরা বলছেন, “আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা হল ভুয়ো এজেন্সি বা প্রতারক কারবারিদের হাতে সাধারণ পর্যটকদের ফাঁসানো। অল্প খরচে বিলাসবহুল ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে তারা মানুষকে প্রলুব্ধ করে। ফলে অনেকেই টাকা গচ্ছা দিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েন।”

ছবি: প্রতীকী

সূত্রের খবর, সবচেয়ে বেশি প্রতারণার ঘটনা ঘটে কারেন্সি এক্সচেঞ্জের সময়। বিদেশ সফরে গিয়ে অচেনা জায়গায় মুদ্রা বিনিময়ের সময় অনেক পর্যটকই ঠকে যান। কখনও দেওয়া হয় কম টাকা, কখনও আবার নকল নোট হাতে ধরিয়ে দেওয়া হয়। তাই ভ্রমণ বিশেষজ্ঞদের পরামর্শ, অনুমোদিত মানি এক্সচেঞ্জ সেন্টার বা সংশ্লিষ্ট দেশের সরকারি অনুমোদিত সংস্থা ছাড়া কোথাও টাকা বদলাবেন না। শুধু তাই নয়, বিদেশ তো বটেই, দেশের ভেতরেও নানা জায়গায় পর্যটকদের টার্গেট করা হয়। চুরি-ডাকাতি বা হাতসাফাইয়ের ঘটনা নতুন কিছু নয়। রাস্তায় বন্ধুত্ব করতে আসা অচেনা মানুষ বা হঠাৎ সাহায্যের অজুহাতে কাছে আসা ব্যক্তির ফাঁদে না পড়াই ভাল। ট্র্যাভেল ব্লগার অদিতি সেন বলেন, “অচেনা শহরে গিয়ে স্থানীয়দের সঙ্গে মিশতে দোষ নেই, কিন্তু নিজের ব্যক্তিগত তথ্য বা অর্থনৈতিক বিষয় শেয়ার করা একেবারেই উচিত নয়। বরং যেখানেই যান, চেষ্টা করুন নিরাপদ যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে।”

ছবি: প্রতীকী

এছাড়া অনলাইন টিকিট বুকিংয়ের সময়ও প্রতারণার ঘটনা নেহাত কম নয়। নানা ভুয়ো ওয়েবসাইট চোখ ধাঁধানো অফারের লোভ দেখিয়ে টাকা নিয়ে উধাও হয়ে যায়। তাই যে কোনও জয় রাইড, ইভেন্ট বা ট্রাভেল টিকিট বুক করার আগে অফিসিয়াল ওয়েবসাইট বা স্বীকৃত অ্যাপ ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। অনেক ক্ষেত্রে পর্যটকরা গন্তব্যস্থলে পৌঁছে জানতে পারেন তাঁদের বুক করা টিকিট আসলে জাল।

ছবি : সংগৃহীত

তখন পড়তে হয় চরম সমস্যায়।অন্যদিকে, হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও একই সতর্কতা প্রয়োজন। নানা ভুয়ো হোটেল রিভিউ বা ভুয়ো ছবি দিয়ে পর্যটকদের ভুল বোঝানো হয়। সস্তার লোভে পড়ে বুকিং করে নিলে শেষে গচ্ছা যায় মোটা টাকা। অভিজ্ঞ পর্যটকদের মতামত, “অনলাইনে বুকিং করার আগে অবশ্যই রিভিউ, রেটিং, এমনকী হোটেলের অফিসিয়াল ওয়েবসাইট ভাল করে চেক করুন। প্রয়োজনে আগে থেকে ফোনে যোগাযোগ করুন। তাহলেই ঠকবার সম্ভাবনা কমবে।”

শুধু হোটেল বা টিকিটই নয়, শপিংয়ের ক্ষেত্রেও পর্যটকরা প্রায়ই স্ক্যামের শিকার হন। বিশেষত লোকাল মার্কেট বা ট্যুরিস্ট স্পটের কাছে অতিরিক্ত দাম চাপিয়ে দেওয়া একেবারেই স্বাভাবিক ব্যাপার। তাই দামাদামি করতে ভয় পাবেন না, আর প্রয়োজন হলে স্থানীয়দের থেকে আগে থেকেই বাজার দর জেনে নিন। ট্র্যাভেল সেফটি বিশেষজ্ঞ দেবাশিস রায় (Debashis Roy) বলেন, “যে কোনও ভ্রমণে যাওয়ার আগে সেফটি লিস্ট তৈরি করা উচিত। যেমন, কারেন্সি এক্সচেঞ্জ কেবল অনুমোদিত সংস্থায় করবেন, অনলাইনে বুকিং কেবল ভেরিফায়েড ওয়েবসাইটে করবেন, আর অচেনা কারও সঙ্গে কখনও ব্যক্তিগত তথ্য ভাগ করবেন না। এই ছোট ছোট অভ্যাসই ভ্রমণকে অনেক বেশি নিরাপদ করে তুলবে।”

ছবি : সংগৃহীত

তাই ভ্রমণকে উপভোগ করতে হলে আগে চাই সচেতনতা। প্রতারক চক্রের ফাঁদে পা না দিলেই আপনার সফর হয়ে উঠবে আনন্দময় আর স্মরণীয়। মনে রাখবেন, একটু বুদ্ধি খাটালেই এড়ানো যায় বড় ধরনের বিপদ। আনন্দের সফরকে দুঃস্বপ্নে পরিণত হতে দেবেন না।

সব ছবি: প্রতীকী
আরও পড়ুন : Travelog, Pink City | পিঙ্ক সিটি : রাজস্থানের জয়পুরে একদিন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন