শুভ্রাংশু রায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক : ইংল্যান্ড সফরের ঠিক আগে টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। মাত্র ক’য়েক লাইনের এক সামাজিক মাধ্যম বার্তায় তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্তে যেমন ভক্তরা হতবাক হয়েছিলেন, তেমনি নানা প্রশ্নও উঠেছিল ক্রিকেট মহলে। কেন এমন হঠাৎ অবসর? তিন মাস নীরব থাকার পর অবশেষে সোমবার এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজেই মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’। যদিও সরাসরি কারণ খোলসা না করলেও ইঙ্গিত দিয়েছেন স্পষ্ট, শরীর আর টেস্ট ক্রিকেটের দীর্ঘ ধকল সামলাতে পারছিল না। রোহিত শর্মা বলেন, “টেস্ট ক্রিকেটের জন্য আলাদা প্রস্তুতি লাগে। কারণ পাঁচ দিন মাঠে টিকে থাকতে হয়। সেটা মানসিকভাবে অনেক চাপের ও শারীরিকভাবে বিধ্বস্ত করে দেয়। আমি বুঝেছিলাম আমার শরীর এই ফরম্যাটের চাপ আর নিতে পারবে না। তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।”

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে উঠে আসার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে রোহিত বলেন, “আমরা মুম্বইয়ে ক্লাব ক্রিকেট থেকে উঠে এসেছি। তখন ম্যাচ দু’-তিন দিন ধরে চলত। ছোটবেলা থেকেই খেলার মধ্যে থাকায় ভবিষ্যতে সামলানো সহজ হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেট থেকেই বোঝা যায় কীভাবে প্রস্তুতি নিতে হয়।”
এখানেই থামেননি রোহিত শর্মা। তরুণ ক্রিকেটারদের নিয়ে তিনি আক্ষেপও প্রকাশ করেছেন। তাঁর মতে, আজকের অনেক তরুণ প্রস্তুতিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু সময়ের সঙ্গে তাঁরা বুঝতে শিখছেন এর প্রয়োজনীয়তা। ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক বলেন, “আমি যখন ক্রিকেট শুরু করি তখন খুব মজা করতাম। পরে বয়সভিত্তিক ক্রিকেট থেকে সিনিয়র ক্রিকেটার আর কোচদের সঙ্গে খেলার অভিজ্ঞতায় শিখেছি সঠিক প্রস্তুতি কতটা জরুরি।” রোহিত আরও যোগ করেন, “ছোটবেলায় কেউই প্রস্তুতির আসল গুরুত্ব বোঝে না। ধীরে ধীরে এগোতে এগোতে বোঝা যায়, ক্রিকেট খেলতে গেলে শৃঙ্খলা দরকার। আপনাকে স্পষ্ট বুঝতে হবে ঠিক কী করতে হবে।”
নিজের কেরিয়ার নিয়েও খোলাখুলি কথা বললেন ‘হিটম্যান’। তিনি জানালেন, টেস্ট ক্রিকেটে সফল হতে হলে মাঠের বাইরেও অনেক কিছু করতে হয়। রোহিতের ভাষায়, “প্রস্তুতি অনেক সময় চোখে দেখা যায় না। কিন্তু বারবার একই কাজ করতে হয়, কারণ সেখান থেকেই শুরু। মাঠে লম্বা সময় ধরে টিকে থাকতে হলে নিজেকে তৈরি করতে হয়। মুম্বইয়ের হয়ে এবং পরে ভারতের হয়ে খেলতে গিয়েও আমি সবসময় সময় দিয়েছি নিজেকে গড়ে তুলতে।” প্রসঙ্গত, রোহিতের এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে অবসরের সিদ্ধান্ত আবেগপ্রবণ কোনও হঠকারিতা নয়, তা শরীরের সীমাবদ্ধতাকে মেনে নিয়েই রোহিত বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই ভেবেছিলেন হয়ত ইংল্যান্ড সফরের চাপ বা টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোনও ভুল বোঝাবুঝির কারণে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা। কিন্তু তাঁর কথায় বোঝা গেল, আসল কারণ শারীরিক চাপ।
ভারতের হয়ে দীর্ঘ টেস্ট কেরিয়ার শেষে এই ফরম্যাটকে বিদায় জানালেও ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে রোহিত শর্মার অবদান এখনো অমূল্য। টেস্ট থেকে সরে দাঁড়ালেও সাদা বলের ক্রিকেটে যে তিনি এখনও বড় ভূমিকা রাখবেন, তা স্পষ্ট করে দিলেন নিজেই। তাঁর এই ঘোষণার পর ভক্তদের মনে একটাই প্রশ্ন, আর কতদিন দেখা যাবে ‘হিটম্যান’-কে ভারতের জার্সি গায়ে? সময়ই তার উত্তর দেবে। কিন্তু সোমবারের অনুষ্ঠানে তাঁর স্পষ্ট বক্তব্যে অন্তত ভক্তরা একটা নিশ্চয়তা পেলেন হঠাৎ অবসর নেওয়ার সিদ্ধান্ত আসলে একদমই হঠকারিতা ছিল না।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli Rohit Sharma future in Indian team | পুরোপুরি প্রাক্তন? বিরাট-রোহিত যুগ কী শেষের পথে, উঠছে নতুন প্রশ্ন ভারতীয় ক্রিকেটে




