Riddhima Kapoor Sahni | নুন-চিনি ছাড়াই দেড় বছর মেয়েকে বড় করেছেন রণবীরের দিদি ঋদ্ধিমা, কী বলছেন চিকিৎসকেরা?

SHARE:

পরিধি চক্রবর্তী ★ সাশ্রয় নিউজ : মেয়ের খাওয়াদাওয়া নিয়ে শুরু থেকেই বিশেষ নজর রেখেছিলেন ঋদ্ধিমা কাপূর সাহনি (Riddhima Kapoor Sahni)। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নামী জুয়েলারি ডিজাইনার এবং অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor)-এর দিদি জানিয়েছেন, দেড় বছর বয়স পর্যন্ত মেয়েকে একটুও নুন বা চিনি খেতে দেননি তিনি। খাবার তৈরির সময়ে এমনভাবেই রেসিপি ঠিক করতেন যাতে সামারার (Samara) প্লেটে নুন-চিনির ছোঁয়া না পড়ে। ঋদ্ধিমার মতে, “ছোট থেকে ওর স্বাদে যেন কৃত্রিম চিনি বা নুনের উপর নির্ভরতা না তৈরি হয়, সেটাই চেয়েছিলাম।” কিন্তু নুন-চিনি ছাড়াই দেড় বছর বাচ্চার খাবার কতটা স্বাস্থ্যকর? এ নিয়ে নানা মত রয়েছে বিশেষজ্ঞদের। শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ প্রিয়াঙ্কা পাল (Priyankar Pal) জানাচ্ছেন, “ছয় মাস বয়স পর্যন্ত শিশুর একমাত্র খাবার হওয়া উচিত মায়ের দুধ। সেখানে আলাদা নুনের প্রয়োজন নেই। তবে ছ’মাসের পর থেকে যখন কঠিন খাবার খাওয়া শুরু করে, তখনও এক চিমটের বেশি নুন না দেওয়াই ভাল। আসলে বেশি নুনের ফলে কিডনির ওপর চাপ পড়ে। খুব ছোট বয়সে কিডনি সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয় না।” চিনির ক্ষেত্রেও একই রকম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। গবেষণায় দেখা গিয়েছে, দুই বছরের কম বয়সি শিশুদের খাদ্যতালিকায় চিনি থাকলে ভবিষ্যতে স্থূলতা, উচ্চ রক্তচাপ এবং টাইপ-টু ডায়াবিটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। প্রিয়াঙ্কার পালের কথায়, “এ বয়সে শিশুদের মুখে চিনি পড়লে তা মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে প্রভাবিত করে। ফলে বড় হয়ে মিষ্টি বা শর্করা জাতীয় খাবারের প্রতি আকর্ষণ প্রবল হয়, যা স্বাস্থ্যসমস্যার দিকে ঠেলে দিতে পারে।”

দিদি ঋদ্ধিমা ও ভাগ্নি সামারার সঙ্গে রণবীর কাপূর। ছবি : সংগৃহীত

কিন্তু নুনের পরিমাণ কীভাবে ধাপে ধাপে বাড়ানো উচিত? ডাঃ প্রিয়াঙ্কা পাল বলছেন, “দেড় থেকে দু’বছর বয়সের মধ্যে দিনে মোট ১ গ্রামের বেশি নুন খাওয়া ঠিক নয়। ১ গ্রাম মানে আধ চা চামচেরও কম। ১ থেকে ৩ বছর বয়স পর্যন্ত শিশুরা দৈনিক ২ গ্রাম নুন খেতে পারে। ৪ থেকে ১০ বছর বয়স অবধি এই পরিমাণ দিনে ৩ গ্রামে পৌঁছতে পারে। তবে ৩ গ্রাম মানে আধ চামচের সামান্য বেশি। এর বেশি দেওয়া উচিত নয়।”

ঋদ্ধিমা কাপূর সাহনি ও রণবীর কাপূর। ছবি: সংগৃহীত

ঋদ্ধিমা কপূর সাহনি নিজে যদিও মেয়েকে নুন-চিনি ছাড়াই বড় করেছেন প্রথম দেড় বছর, কিন্তু তিনি জানান, এখন সামারা স্বাভাবিক ভাবেই সব কিছু খায়। “খুব ছোট থেকে ওর জিভে নুন বা চিনি লাগেনি। ফলে ওর খাওয়ার অভ্যাসেই কোনও খারাপ প্রভাব পড়েনি। বরং ও নিজে থেকেই ফল আর সবজি বেশি পছন্দ করে,” জানিয়েছেন ঋদ্ধিমা।বিশেষজ্ঞেরা বলছেন, অভিভাবকেরা যদি শুরু থেকেই শিশুদের সহজ স্বাদের সঙ্গে অভ্যস্ত করতে পারেন, তাহলে বড় হয়ে অতি লবণাক্ত বা মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ অনেকটাই কমে যায়। এর ফলে স্থূলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবিটিসের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Read : Amrita Singh, Sara Ali Khan | ‘মা কষ্ট পান, তাই ব্লক করে রাখি!’ সারার সিদ্ধান্তে হতবাক বলিউড

চিকিৎসকেরা সতর্কও করছেন, কোনও অভ্যাসেই অতিরিক্ত কিছু ঠিক নয়। শিশুর প্রাথমিক খাদ্যাভ্যাস গঠনের সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সর্বোত্তম। কারণ, প্রতিটি শিশুর শারীরিক চাহিদা আলাদা। একজনের উপযুক্ত খাদ্য তালিকা অন্যজনের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। অতএব, ঋদ্ধিমার সিদ্ধান্তকে একদিকে যেমন সাধুবাদ দিচ্ছেন বিশেষজ্ঞেরা, তেমনই মনে করাচ্ছেন, এই ধরনের পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবেই এগোনো উচিত। নয়ত শিশুদের শারীরিক বৃদ্ধিতে তার প্রতিকূল প্রভাবও পড়তে পারে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : AR Rahman food habits | মাঝরাতের খিদে, এআর রহমানের পছন্দের তালিকায় কী কী খাবার?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন