Raghav Chadha AAP controversy | দলীয় অভিযোগ খারিজ করে সরব রাঘব চাড্ঢা, সংসদ ভূমিকা নিয়ে তীব্র জবাব

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : রাজনৈতিক অন্দরে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ঢা (Raghav Chadha)। দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার পরই নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানালেন, সংসদে তাঁর উপস্থিতির উদ্দেশ্য কখনওই হট্টগোল তৈরি করা নয়, তা কাজের মাধ্যমে প্রভাব বিস্তার করা। দলের তরফে ওঠা একাধিক অভিযোগকে একসঙ্গে নস্যাৎ করে তিনি দাবি করেছেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।’ গত বৃহস্পতিবার আম আদমি পার্টি তাঁকে রাজ্যসভার সহকারী দলনেতার পদ থেকে সরিয়ে দেয়। এই সিদ্ধান্ত সামনে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ ছিল, বিরোধী শিবির যখন সংসদে ওয়াকআউট করেছে, তখন তিনি নাকি সেই অবস্থানে ছিলেন না। পাশাপাশি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) -এর বিরুদ্ধে আনা একটি অনাস্থা প্রস্তাবেও তিনি সই করেননি বলে অভিযোগ ওঠে। তবে এই সমস্ত অভিযোগের জবাবে রাঘব চড্ঢা সরাসরি বলেন, ‘যা বলা হচ্ছে, তার কোনও ভিত্তি নেই।’

অরবিন্দ কেজরিওয়াল ও রাঘব চাড্ডা। ছবি :সংগৃহীত

আরও পড়ুন : Narendra Modi Sanand Speech | সাণন্দে সেমিকন্ডাক্টর যুগের সূচনা: ‘মেক ইন ইন্ডিয়া’ থেকে বৈশ্বিক বাজারে ভারতের শক্ত অবস্থান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় বার্তা

শনিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সংসদের প্রতিটি মুহূর্ত সিসিটিভি ক্যামেরায় রেকর্ড থাকে। কেউ যদি প্রমাণ করতে পারে যে বিরোধীরা ওয়াকআউট করেছে আর আমি সেখানে ছিলাম না, তাহলে সেটি দেখানো হোক।’ তাঁর এই চ্যালেঞ্জ রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাকে এমন কোনও প্রস্তাবে সই করার জন্য কেউ অনুরোধই করেনি।’ তাঁর দাবি, শুধু তিনি নন, আরও কয়েকজন সাংসদ ওই নথিতে স্বাক্ষর করেননি। ফলে এককভাবে তাঁকে লক্ষ্য করে অভিযোগ তোলা হচ্ছে বলে মনে করছেন তিনি। সংসদে নিজের ভূমিকা নিয়ে রাঘবের বক্তব্য ছিল অত্যন্ত পরিষ্কার। তাঁর কথায়, ‘সংসদে আমি যাই মানুষের সমস্যার কথা তুলে ধরতে। হট্টগোল তৈরি করা আমার কাজ নয়।’ তিনি আরও বলেন, ‘এই সংসদ সাধারণ মানুষের করের টাকায় চলে। তাই তাঁদের জীবনের সঙ্গে জড়িত বিষয়গুলি তুলে ধরা আমাদের দায়িত্ব।’

রাঘব চাড্ঢা জানিয়েছেন, তাঁর আলোচনার মূল বিষয়গুলির মধ্যে ছিল জিএসটি (GST), আয়কর (Income Tax), দিল্লির দূষণ (Delhi Pollution), পঞ্জাবের জলসংকট (Punjab Water Crisis), জনস্বাস্থ্য (Public Health) এবং শিক্ষা (Education)। তিনি মনে করেন, এই বিষয়গুলি নিয়েই সংসদে আলোচনা হওয়া উচিত এবং তিনি সেই কাজই করে এসেছেন। এদিকে, দলের সঙ্গে তাঁর দূরত্ব নিয়ে জল্পনা নতুন নয়। গত দু’বছর ধরে দলীয় একাধিক কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এমনকী গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রচারেও তাঁকে দেখা যায়নি বলে অভিযোগ। দিল্লি বিধানসভা নির্বাচনের সময়েও তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। এছাড়াও, আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরীওয়াল (Arvind Kejriwal) জেল থেকে মুক্তি পাওয়ার পর তাঁর সঙ্গে দেখা করতে যাননি রাঘব, এই বিষয়টিও রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে। ফলে দলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই পরিস্থিতি আগামী দিনে আরও বড় মোড় নিতে পারে। বিশেষ করে, রাঘব চাড্ঢার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কী হবে, তা নিয়ে ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। যদিও তিনি নিজে এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে দলীয় পদ হারানোর পরও তিনি যে নিজের অবস্থানে অনড়, তা তাঁর বক্তব্য থেকেই পরিষ্কার। তাঁর দাবি, ‘সময়ের সঙ্গে সব সত্য সামনে আসবে।’ এই মন্তব্য ঘিরেও রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে।

রাজ্যসভার সচিবালয়ে পাঠানো চিঠিতে দল জানিয়েছে, রাঘবকে শুধু পদ থেকেই সরানো হয়নি, বরং দলের বরাদ্দ সময় থেকেও তাঁকে কথা বলার সুযোগ দেওয়া হবে না। যদিও সংসদীয় নিয়ম অনুযায়ী, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যসভার চেয়ারম্যানের হাতে থাকে। বর্তমান পরিস্থিতিতে রাঘব চড্ঢার অবস্থান এবং তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ, দু’টিই নজরে রাখছে রাজনৈতিক মহল। সংসদে তাঁর সক্রিয়তা বজায় থাকবে কি না, দলীয় সম্পর্ক কোন দিকে মোড় নেবে, এই সব প্রশ্নের উত্তর সময়ই দেবে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Parineeti Chopra pregnant, Raghav Chadha baby news | রাঘব-পরিণীতির ঘরে আসছে নতুন অতিথি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন