Priyanka Chopra Turns Pirate in The Bluff, Bloody Mary Look Shocks Bollywood | জলদস্যু অবতারে প্রিয়াঙ্কা চোপড়া, ‘দ্য ব্লাফ’ -এর ব্লাডি মেরি লুকে শোরগোল

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বিয়ের পর থেকেই মার্কিন মুলুকের বাসিন্দা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। একসময় বলিউডের প্রথম সারির নায়িকা হিসেবে দাপট দেখালেও, হিন্দি চলচ্চিত্রে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ার পর যেন নিজের গন্তব্য নিজেই বেছে নিয়েছিলেন দেশি গার্ল। সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা ফের একবার প্রমাণ করে দিলেন হলিউডের নতুন ছবি ‘দ্য ব্লাফ’ (The Bluff) -এর ফার্স্ট লুক প্রকাশ্যে এনে। জলদস্যু ‘ব্লাডি মেরি’ চরিত্রে প্রিয়াঙ্কার রণংদেহি উপস্থিতি দেখে কার্যত শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক বিনোদুনিয়ায়। আর সেই দৃশ্য দেখে অনেকেরই দাবি, এই লুক দেখে এখন হাত কামড়াচ্ছে বলিউডের। হলিউডে প্রিয়াঙ্কার সফর শুরু হয়েছিল জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’ (Quantico) দিয়ে। সেখান থেকে ধীরে ধীরে পশ্চিমী বিনোদুনিয়ায় প্রিয়াঙ্কা নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। মাঝখানে একাধিক আন্তর্জাতিক প্রোজেক্টে কাজ করলেও, ‘দ্য ব্লাফ’ ছবির মাধ্যমে প্রিয়াঙ্কা যেন নতুনভাবে নিজের শক্তিমত্তা ঘোষণা করলেন। বছর দু’য়েক আগেই এই ছবির সেট থেকে রক্তাক্ত মুখে তাঁর একটি ছবি ফাঁস হয়েছিল, যা দেখে অনেকেই আন্দাজ করেছিলেন, এবার হয়তো একেবারে ভয়ংকর কোনও চরিত্রে দেখা যাবে তাঁকে। বৃহস্পতিবার সেই আশঙ্কাই সত্যি করে অভিনেত্রী নিজেই প্রকাশ্যে আনলেন ‘ব্লাডি মেরি’-র লুক।

হলিউড ছবি ‘দ্য ব্লাফ’-এ জলদস্যু ব্লাডি মেরি চরিত্রে ভয়ংকর লুকে ধরা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর নতুন অবতার দেখে আলোচনায় বলিউড।Priyanka Chopra stuns audiences with her fierce pirate avatar Bloody Mary in Hollywood film The Bluff, leaving Bollywood talking.
দ্য ব্লাফ ছবির ব্লাডি মেরির লুকে প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

কখনও উত্তাল সমুদ্রের পাড়ে তরবারি হাতে হলিউড অভিনেতা কার্ল আরবান (Karl Urban) -এর দিকে ঝাঁপিয়ে পড়ছেন প্রিয়াঙ্কা, আবার কখনও রক্তে ভেজা মুখে আগ্রাসী চোখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে, এই দৃশ্যগুলি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ঝড় উঠেছে। পশ্চিমী বিনোদুনিয়ার একাংশ ইতিমধ্যেই তাঁকে ‘লেডি জ্যাক স্প্যারো’ বলে আখ্যা দিয়েছে। শক্তপোক্ত শরীরী ভাষা, চোখে-মুখে হিংস্রতা আর আত্মবিশ্বাস, প্রিয়াঙ্কার এই নতুন অবতার যে সম্পূর্ণ নতুন, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন : Priyanka Chopra Nick Jonas, Indian kadha benefits : নিক জোনাসকে ‘অর্ধেক ভারতীয়’ বানালেন প্রিয়াঙ্কা চোপড়া, সেলেব দাম্পত্যের গল্পে ঘরোয়া কাড়া থেকে উৎসবের রঙ

নিজের ইনস্টাগ্রামে সিনেমার একাধিক লুক শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘মা, রক্ষক, জলদস্যু। আলাপ করুন ব্লাডি মেরির সঙ্গে’। এই একটি বাক্যেই যেন তাঁর চরিত্রের গভীরতা ধরা পড়ে। জানা গিয়েছে, ছবির গল্পের পটভূমি উনিশ শতকের শেষ ভাগ। প্রিয়াঙ্কার চরিত্রের নাম এরসেল বডেন (Erselle Boden)। একসময় তিনি ছিলেন একজন দুর্ধর্ষ জলদস্যু, তাঁকে সবাই চিনত ‘ব্লাডি মেরি’ নামে। ভয়ঙ্কর এই নামের পিছনে ছিল তাঁর নিষ্ঠুরতা ও অদম্য সাহস। কিন্তু গল্প এখানেই থেমে নেই। জলদস্যুর জীবন ছেড়ে এরসেল একসময় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নতুন জীবন শুরু করেন। সেখানেই মাতৃত্বের স্বাদ পান। কিন্তু অতীত তাঁকে সহজে ছাড়তে চায় না। পুরনো দলের সদস্যরা তাঁকে খুঁজে বের করতেই ফের ফিরে আসতে হয় সেই সহিংস জগতে, যেখানে নিয়ম একটাই, বাঁচতে হলে মারতে হবে। এই দ্বন্দ্ব, মাতৃত্ব আর হিংস্রতার সংঘাতই ‘দ্য ব্লাফ’ -এর মূল আকর্ষণ বলে মনে করছেন সিনে সমালোচকরা।

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

প্রিয়াঙ্কার এই লুক দেখে উচ্ছ্বসিত তাঁর স্বামী, গায়ক ও অভিনেতা নিক জোনাসও(Nick Jonas)। সমাজমাধ্যমে স্ত্রীর নতুন চরিত্রের প্রশংসা করতে দেখা গিয়েছে নিককে। শুধু তা-ই নয়, বলিউডের কয়েকজন তারকাও গোপনে তাঁর এই লুকের প্রশংসা করেছেন বলে খবর। অনেকেরই মতে, আন্তর্জাতিক মঞ্চে এ ধরনের শক্তিশালী চরিত্রে অভিনয় করার সুযোগ আজও বলিউডে খুব কম অভিনেত্রীই পান।

আরও পড়ুন : 

আগামী ২৫ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে (Prime Video) মুক্তি পেতে চলেছে ‘দ্য ব্লাফ’। তার আগেই এই লুক প্রকাশ্যে আসায় ছবির প্রতি প্রত্যাশা তুঙ্গে। নিন্দুকদের দাবি, একসময় কিং খান শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়াতেই নাকি বলিউডে কোণঠাসা হয়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা। সেই সময় নিজের জায়গা ধরে রাখতে তাঁকে যথেষ্ট লড়াই করতে হয়েছে। কিন্তু সেই লড়াইই বর্তমানে প্রিয়াঙ্কাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে দাঁড়িয়ে তিনি প্রমাণ করতে পারছেন, ভাল অভিনেত্রীকে দমিয়ে রাখা যায় না। অন্যদিকে, ‘দ্য ব্লাফ’ -এর ‘ব্লাডি মেরি’ লুক দেখে সিনেপ্রেমীদের একাংশের মন্তব্য, বলিউড আজ বুঝতে পারছে, কী হারিয়েছে। দেশি গার্ল যে সত্যিই এখন গ্লোবাল, তা আর বলার অপেক্ষা রাখে না।

ছবি : প্রতীকী
আরও পড়ুন : Priyanka Chopra Golden Globe | জর্জ ক্লুনি-জুলিয়া রবার্টসদের সঙ্গে একই সারিতে প্রিয়াঙ্কা চোপড়া, গোল্ডেন গ্লোব ঘিরে উন্মাদনা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন