আজকের কবি
ও কবিতা

_____________________________________________
কবি ফটিক চৌধুরী জন্ম ১৯৫৩ সালে জানুয়ারি মাসে। কবিতাই তাঁর প্রথম ও শেষ পছন্দ। কবি ফটিক চৌধুরী-এর ষোলটি কাব্যগ্রন্থ এখন পর্যন্ত প্রকাশিত। কবিতার পাশাপাশি বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত মুদ্রিত হয় তাঁর ছড়া, গল্প ও প্রবন্ধ। কবিতায় কবি চৌধুরী অনায়াস উচ্চারণ : ‘শরীর আসলে কিছু না, বনবাস’ পাঠককের পাঠে অন্যমাত্রা এনে দেয়। এছাড়াও অনুবাদ সাহিত্যে সিদ্ধহস্ত কবি চৌধুরী, একাধিক সাময়িকপত্রে প্রকাশিত হয়েছে তাঁর বিভিন্নভাষার অনুবাদ। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় রইল কবির কবিতাগুচ্ছ।
_______________________________________________
ফ টি ক চৌ ধু রী
মায়াকাজল
তুমি ঘুমিয়ে পড়লে গাছের ছায়ায়
ক্লান্তি শুষে নেয় গাছ নিজের মায়ায়।
গাছ দিয়ে যায় শুদ্ধবায়ু ফুল ও ফল
মনুষ্য আমরা পরে থাকি মায়াকাজল
গাছ নিয়ে যা কিছু চর্চিত সব পণ্ডশ্রম
আমাদের মগজে এখনও মায়াবিভ্রম!
বনবাস
বাসা বদল করেছি অনেক
শেষে পেয়েছি নিজস্ব ঠাঁই
কোথাও থেকেছি ক্ষণেক
স্মৃতি আজও বয়ে বেড়াই।
আর ফেলে যাই শুধুই দীর্ঘশ্বাস
শরীর আসলে কিছু না, বনবাস।
উদাসীন
দুর্বল মেধা নিয়ে জন্মেছে পৃথিবী
নিজের কথা সে যায় যে ভুলে
কথা জমে জমে হয়েছে উইঢিবি
দিয়েছে কেউ কথা তার কর্ণমূলে!
পৃথিবী এ সব নিয়ে খুব উদাসীন
তবু তার কাছে আমাদের কত ঋণ।
মহাকাল
মেঠোবাড়ি পেরিয়ে আমাদের মেঠো ঘর
লীন হয়ে থাকতো যেখানে সবুজ প্রান্তর।
এখন কি সেরকম আছে আমাদের গ্রাম
আছে সেই দড়ি দিয়ে বাঁধা খোড়োচাল?
অনেকদিন পর সেখানে গিয়ে শুধালাম
কালের গহ্বরে ঢুকে গেছে মহাকাল।
ফিরে ফিরে আসা
কেন তবে যাই যাই করো
কেউ কি সত্যিই যেতে পারে?
তুমি যদি শব্দের অর্থ ধরো
কেউ কি দরজায় কড়া নাড়ে!
যাই মানে তো ফিরে ফিরে আসা
লুকিয়ে থাকে গভীর ভালোবাসা।
অলঙ্করণ : সানি সরকার
🍁সাশ্রয় নিউজ-এ আপনিও দিতে পারেন স্বরচিত স্থানীয় সংবাদ, ফিচার, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ, উপন্যাস … ★ ই-মেল : sasrayanews@gmail.com




