সাশ্রয় নিউজ ডেস্ক ★ সিঙ্গুর: হুগলি জেলার সিঙ্গুরে সরকারি ও রাজনৈতিক দু’টি কর্মসূচীতেই আক্রমণাত্মক ভঙ্গিতে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সরকারি মঞ্চ থেকে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পাশাপাশি দলীয় জনসভা থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) ক্ষমতাচ্যুত করার ডাক দিলেন তিনি। সিঙ্গুরের সভা থেকেই নরেন্দ্র মোদীর পরিষ্কার বার্তা, ‘পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা ঠিক না হলে বিনিয়োগ আসবে না। এখানে মাফিয়াদের ছাড় দেওয়া হয়েছে, সিন্ডিকেট ট্যাক্স বসানো হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে এই ব্যবস্থার অবসান ঘটবে।’ প্রধানমন্ত্রী সিঙ্গুরের সরকারি মঞ্চ থেকে হুগলির বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করেন। পাশাপাশি জয়রামবাটী-বড়গোপীনাথপুর-ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধন করেন। একই সঙ্গে তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস এবং একটি নতুন প্যাসেঞ্জার ট্রেনের সূচনাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কাল আমি মালদহে ছিলাম, আজ হুগলিতে আপনাদের কাছে আসার সুযোগ হল। বিকশিত ভারতের লক্ষ্যে পূর্ব ভারতের বিকাশ অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই কেন্দ্র ধারাবাহিক ভাবে কাজ করছে।’ তাঁর দাবি, পশ্চিমবঙ্গের জন্য কয়েকশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, সদ্য চালু হওয়া তিনটি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে একটি তাঁর সাংসদীয় এলাকা কাশী (বারাণসী) -এর (Varanasi) সঙ্গে যোগাযোগ আরও মজবুত করবে। রেল ও পরিকাঠামোর পাশাপাশি নদীকেন্দ্রিক যাতায়াত ও পর্যটনের উপরেও বিশেষ জোর দেন তিনি। সিঙ্গুর থেকেই ইলেকট্রিক ক্যাটামারান পরিষেবার উদ্বোধন করেন মোদী। অ্যালুমিনিয়ামে তৈরি এই আধুনিক জলযান ৫০ জন যাত্রী বহনে সক্ষম এবং শীততাপনিয়ন্ত্রিত কেবিনের সুবিধা রয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, ‘এই ধরনের পরিষেবা শহরের যানজট কমাতে সাহায্য করবে এবং নদীকেন্দ্রিক পর্যটনকে নতুন গতি দেবে।’
মৎস্য ও সামুদ্রিক খাদ্য উৎপাদনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ভারত এখন মৎস্য এবং সামুদ্রিক খাদ্যের উৎপাদন ও রফতানিতে দ্রুত এগোচ্ছে। আমার স্বপ্ন, পশ্চিমবঙ্গ এই ক্ষেত্রে দেশকে নেতৃত্ব দিক।’ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই খাতে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি কর্মসূচীর পর দলীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আরও রাজনৈতিক সুর চড়ান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আজ সকালে মা কামাখ্যার মাটিতে ছিলাম, এখন বাবা তারকনাথের মাটিতে আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি।’ মোদীর দাবি, রাজ্যের মানুষ ‘১৫ বছরের মহাজঙ্গলরাজ’ বদলাতে প্রস্তুত। তিনি বলেন, ‘বিহারে এনডিএ জঙ্গলরাজ আটকে দিয়েছে। এবার পশ্চিমবঙ্গও তৃণমূলের মহাজঙ্গলরাজকে বিদায় জানাতে প্রস্তুত।’ সভামঞ্চ থেকে ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ স্লোগানও তোলেন তিনি।
বাংলার ইতিহাস ও সংস্কৃতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chattopadhyay) এবং বন্দেমাতরমের সঙ্গে হুগলির গভীর সম্পর্ক রয়েছে।’ তিনি দাবি করেন, বিজেপি সরকারই দিল্লিতে কর্তব্যপথে ইন্ডিয়া গেটের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসু-এর (Netaji Subhas Chandra Bose) মূর্তি স্থাপন করেছে, আজাদ হিন্দ ফৌজের অবদানকে জাতীয় স্তরে তুলে ধরেছে এবং আন্দামান-নিকোবরের দ্বীপের নামকরণ করেছে নেতাজির নামে। একই সঙ্গে তিনি বলেন, ‘বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বিজেপি সরকারের আমলেই। দুর্গাপুজো ইউনেসকোর কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে আমাদের উদ্যোগেই।’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar), রাজা রামমোহন রায় (Raja Rammohan Roy) এবং স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda) -এর জন্মজয়ন্তী জাতীয় স্তরে পালনের কথাও উল্লেখ করেন মোদী। তাঁর বক্তব্য, বিজেপি ‘বিকাশ ও ঐতিহ্য’ এই দুইয়ের সমন্বয়ের মডেলে রাজ্যের উন্নয়ন ঘটাতে চায়। তিনি জানান, ‘এক জেলা, এক পণ্য’ প্রকল্পের মাধ্যমে ধনিয়াখালির শাড়ি, পাটশিল্প ও হস্তশিল্পের মতো স্থানীয় পণ্যে জোর দেওয়া হবে।
তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মোদী বলেন, ‘কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের মানুষের কাছে পৌঁছতে দেওয়া হয় না। মৎস্যজীবীদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনে বাধা দেওয়া হচ্ছে।’ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের চিঠি ও অনুরোধ উপেক্ষা করছে। পাশাপাশি তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীদের সুবিধা দিয়ে তৃণমূল রাজ্যের সুরক্ষা নিয়ে খেলছে।’ সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়েও রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা প্রসঙ্গে মোদীর মন্তব্য, ‘কলেজে ধর্ষণ, হিংসা, শিক্ষক নিয়োগ দুর্নীতি এই সব বন্ধ করতে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে।’ তাঁর কথায়, ‘এ রাজ্যে আইনশৃঙ্খলা ঠিক হলে তবেই বিনিয়োগ আসবে। সিন্ডিকেট ট্যাক্স ও মাফিয়াবাদকে বিজেপিই শেষ করবে। এটাই মোদীর গ্যারান্টি।’ সিঙ্গুরের সভা থেকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবর্তনই এখন রাজ্যের ভবিষ্যৎ।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Indian AI Startups 2026, PM Narendra Modi AI Roundtable | ভারতের AI উদ্ভাবনে স্টার্টআপদের গুরুত্বপূর্ণ ভূমিকা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী




