NITI Aayog meeting 2026, PM Modi Viksit Bharat 2047 | NITI Aayog বৈঠকে মোদীর বড় বার্তা: ‘বিকশিত ভারত ২০৪৭’ গড়তে রাজ্য থেকে গ্রাম সবাইকে একসঙ্গে এগোতে হবে

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি: দেশের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নীতি আয়োগ -এর (NITI Aayog) গভর্নিং কাউন্সিলের ১১তম বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই বৈঠকে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রী, লেফটেন্যান্ট গভর্নর ও প্রশাসকের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিশেষ তাৎপর্যপূর্ণ দিক হল, এই প্রথম দেশের সব ২৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীর একসঙ্গে অংশগ্রহণ। বৈঠকের মূল বিষয় ছিল ‘বিকশিত ভারত@২০৪৭’ লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন। সেখানে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘বিকশিত ভারতের স্বপ্ন শুধু কেন্দ্রের নয়, প্রতিটি রাজ্য, জেলা, ব্লক এবং গ্রামের অঙ্গীকার হওয়া উচিত।’ তাঁর মতে, এই লক্ষ্য অর্জনের জন্য সমন্বিত প্রচেষ্টা এবং পরিকল্পনার প্রয়োজন।

নীতি আয়োগ-এর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

আরও পড়ুন : Driving Licence | ‘লাইসেন্স হবে পুরো ডিজিটাল, ৫০ বছর পর্যন্ত নবায়নের ঝামেলা নেই’! মোদী সরকারের বড় রদবদল, বদলাতে চলেছে ড্রাইভিং ব্যবস্থার চেহারা

ভারতের যুবশক্তিকে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘৭০ কোটির বেশি যুবসমাজ আমাদের শক্তি। এই জনসংখ্যাগত সুবিধাকে উন্নয়নের শক্তিতে রূপান্তর করতে হবে।’ তিনি রাজ্যগুলিকে আহ্বান জানান, যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এবং দক্ষতা উন্নয়নের উপর জোর দিতে। পাশাপাশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) -এর প্রসার ঘটিয়ে বিনিয়োগ টানার উপরও গুরুত্ব দেন তিনি। মোদী জানান, যেসব দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) রয়েছে, সেখান থেকে বিনিয়োগ আকর্ষণ করতে রাজ্যগুলিকে সক্রিয় হতে হবে। এতে করে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়বে বলে তিনি মনে করেন। একই সঙ্গে ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’ (ODOP) উদ্যোগকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন তিনি, যাতে স্থানীয় শিল্প ও পণ্য আন্তর্জাতিক বাজারে আরও বেশি করে পৌঁছতে পারে।

প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রেও রাজ্যগুলির জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ডিফেন্স ম্যানুফ্যাকচারিং সেক্টরে রাজ্যগুলি বড় ভূমিকা নিতে পারে।’ এতে করে দেশের আত্মনির্ভরতা আরও বাড়বে বলে তাঁর বিশ্বাস। প্রযুক্তির প্রসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence বা AI)-কে গুরুত্ব দিয়ে মোদী বলেন, ‘এআই-কে চ্যালেঞ্জ হিসেবে নয়, সুযোগ হিসেবে দেখতে হবে।’ ভবিষ্যতের অর্থনীতির জন্য মানুষকে প্রস্তুত করতে দক্ষতা উন্নয়নের উপর জোর দেন তিনি। শিক্ষাব্যবস্থা এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে সেই অনুযায়ী গড়ে তোলার কথাও বলেন। বৈঠকে সামাজিক সমস্যাগুলির দিকেও নজর দেওয়া হয়। মাদকাসক্তি এবং সাইবার জালিয়াতির মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় রাজ্যগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই সমস্যাগুলি মোকাবিলায় প্রশাসনিক সমন্বয় অত্যন্ত জরুরি।

প্রাকৃতিক পরিস্থিতি সম্পর্কেও সতর্ক করেন মোদী। এল নিনো (El Niño) -এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি রাজ্যগুলিকে জল সংরক্ষণে জোর দিতে বলেন। পাশাপাশি প্রাকৃতিক কৃষি পদ্ধতি গ্রহণের উপর গুরুত্ব দেন, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং কৃষিক্ষেত্রে স্থায়িত্ব আসে। এই বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী, লেফটেন্যান্ট গভর্নর এবং প্রশাসকরা প্রধানমন্ত্রীকে তাঁর দায়িত্বপালনের ১২ বছর পূর্তির জন্য অভিনন্দন জানান। তাঁরা দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রের পাশে থাকার বার্তাও দেন।

বৈঠকের প্রধানমন্ত্রী জানান, ‘এই আলোচনা রাজ্যগুলির আশা, অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জগুলিকে সামনে এনেছে।’ তিনি সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সহযোগিতা, নতুন চিন্তা এবং উন্নয়নের প্রতি সম্মিলিত প্রতিশ্রুতির মাধ্যমে ভারত দ্রুত ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে। উল্লেখ্য যে, নীতি আয়োগের এই বৈঠককে ঘিরে দেশজুড়ে নীতি নির্ধারণ এবং উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে ভবিষ্যতের ভারত গঠনের যে লক্ষ্য স্থির করা হয়েছে, তা বাস্তবায়নের জন্য এই ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : PM Narendra Modi Yoga Day India | কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল মঞ্চ, ২১ জুনে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন