সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : ১৪ জুন—উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগের এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে বহু প্রতীক্ষিত নসিপুর রেল ব্রীজ (Nashipur Rail Bridge)। আগামী ১৪ জুন, শুক্রবার, বিকেল চারটেয় জলপাইগুড়ি রোড (Jalpaiguri Road) স্টেশন থেকে সূচনা হবে এই নতুন রেল চলাচলের। উদ্বোধনী যাত্রায় প্রথম ট্রেন ছুটবে শিয়ালদহ (Sealdah) অভিমুখে, পার করবে মুর্শিদাবাদ জংশন (Murshidabad Junction)। এই রুট হয়ে উত্তরবঙ্গের কোনও ট্রেন এই প্রথমবার সরাসরি পাড়ি দেবে মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে কলকাতা অভিমুখে।
এই নতুন সংযোগ ঘিরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাধারণ যাত্রী থেকে শুরু করে রেল আধিকারিকদের মধ্যেও দারুণ উচ্ছ্বাস দেখা দিয়েছে। বহুদিন ধরেই এই প্রকল্প বাস্তবায়নের জন্য অপেক্ষা করে ছিল রাজ্যবাসী। শেষমেশ ২০২৫ সালের মাঝামাঝি এসে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। উল্লেখ্য যে, নসিপুর রেল ব্রীজ প্রকল্প রূপায়িত হয়েছে ভাগীরথী (Bhagirathi) নদীর উপর। একদিকে এটি যুক্ত করেছে নসিপুর (Nashipur) ও তারাপুর (Tarapur), অন্যদিকে এটি খুলে দিয়েছে একটি বিকল্প রেলপথ।যা ভবিষ্যতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন যাত্রার পথ প্রশস্ত করবে। আগে শিয়ালদহ বা হাওড়াগামী ট্রেনগুলিকে আজিমগঞ্জ (Azimganj) বা মালদহ (Malda) ঘুরে যেতে হতো। ফলে সময় ও দূরত্ব দু’টোই অনেক বেশি ছিল। এই নতুন রুট ব্যবহারে সেই চাপ অনেকটাই কমবে। রেলের আধিকারিক সূত্রের মতে, নতুন রেলপথ চালু হলে মালবাহী ট্রেনগুলির ক্ষেত্রেও চাপ অনেকটা কমবে। সময়ও সাশ্রয় হবে। একইসঙ্গে রাজ্যের অভ্যন্তরীণ বাণিজ্যেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই প্রকল্পের পিছনে রয়েছে বহু বছরের পরিকল্পনা, রাজনৈতিক উদ্যোগ ও প্রকৌশলিক প্রয়াস। বহু কোটি টাকার বিনিয়োগে হয়েছে এই রেলপথ নির্মাণে। যদিও মাঝে বেশ ক’য়েকবার এই প্রকল্প নানা কারণে থমকে গিয়েছিল, বিশেষ করে জমি অধিগ্রহণ ও পরিবেশগত ছাড়পত্র ঘিরে। তবুও রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের যৌথ উদ্যোগে সব বাধা অতিক্রম করে অবশেষে বাস্তবে রূপ পায় এই রেল ব্রীজ।বিশেষ সূত্রে জানা যায়, এই নতুন লাইনে প্রথম দফায় যাত্রীবাহী ট্রেনের সংখ্যা সীমিত থাকবে। ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। পূর্ব রেলের (Eastern Railway) এক মুখপাত্র জানিয়েছেন, “প্রাথমিকভাবে এই রুটে সীমিত স্টপেজ সহ একটি এক্সপ্রেস ট্রেন চালানো হবে। পরবর্তীতে লোকাল ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল শুরু হবে। মানুষজনের প্রতিক্রিয়া ও যাত্রী সংখ্যা দেখেই রুটের পরবর্তী সম্ভাবনা নির্ধারণ করা হবে।”
নতুন এই রুট চালু হলে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার গুরুত্ব যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য। এখানকার ঐতিহাসিক গুরুত্ব, পর্যটন সম্ভাবনা, এবং ব্যবসায়িক পরিসর সবকিছুরই এক নতুন মাত্রা পাবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে রেলের মাধ্যমে পর্যটনের বিকাশে সাহায্য করবে এই সংযোগ। উদ্বোধনের দিন জলপাইগুড়ি রোড স্টেশন চত্বরে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা। উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw), রাজ্যের মন্ত্রীবর্গ ও রেলের উচ্চপদস্থ কর্তারা। পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যেই কর্মীদের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় মানুষের আশা, এই রেল সংযোগ শুধু একটিমাত্র ব্রীজ নয়। এটি এক ‘সম্ভাবনার সেতু’। শিক্ষার্থীদের জন্য সময় বাঁচবে। ব্যবসায়ীদের জন্য হবে লাভজনক। আর সাধারণ যাত্রীদের জন্য খুলে যাবে আরও সরল, দ্রুত ও আরামদায়ক যাত্রার পথ। শুধু উত্তর ও দক্ষিণবঙ্গ নয়, পুরো পূর্ব ভারতের রেল মানচিত্রে এই নসিপুর রেল ব্রীজ এক নতুন দিগন্তের সূচনা করবে বলেই মনে করছেন রাজ্যের সাধারণ মানুষরা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Arbaaz Khan : পঞ্চাশের পরে নবজন্মের আনন্দ: ফের বাবা হচ্ছেন আরবাজ় খান




