Mohammad Shami News | Team India Selection : শামির বোলিং দেখতে যাচ্ছেন নির্বাচক প্রধান অজিত আগরকর, জাতীয় দলে ফেরার ইঙ্গিত?

SHARE:

মহম্মদ শামির (Mohammad Shami) ফর্ম ও ফিটনেস ঘিরে নতুন মোড়। নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar) নিজে যাচ্ছেন কল্যাণীতে তাঁর বোলিং দেখতে। জাতীয় দলে ফেরার সম্ভাবনা কি সত্যিই তৈরি হচ্ছে?

সংবেদন শীল ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা ১৩ নভেম্বর ২০২৫: ভারতীয় ক্রিকেটে বর্তমানে সবচেয়ে আলোচিত নামগুলির মধ্যে অন্যতম মহম্মদ শামি (Mohammad Shami)। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই জাতীয় দলে সুযোগ পাননি এই তারকা পেসার। দীর্ঘ এক মাস ধরে শামির ফর্ম, ফিটনেস ও নির্বাচকদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এই প্রেক্ষাপটে নতুন মোড় এনেছে এক খবরে- বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar) নাকি নিজে শামির বোলিং দেখতে যাচ্ছেন কল্যাণীতে।

সবকিছুর শুরু সেই মন্তব্য থেকে, যা কার্যত ভারতীয় ক্রিকেটে আগুন জ্বেলে দিয়েছিল। অজিত আগরকর অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করার সময় বলেছিলেন, “শামির ফিটনেস সংক্রান্ত কোনও আপডেট আমাদের হাতে নেই।” এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই শামি ক্ষোভ উগরে দেন। তাঁর জবাব ছিল স্পষ্ট, “ফিটনেস নিয়ে আপডেট দেওয়া আমার কাজ নয়।” এই এক বাক্যেই যেন শুরু হয় ক্রিকেট মহলের তোলপাড়। রনজি ট্রফিতে (Ranji Trophy) শামির পারফরম্যান্স আবারও প্রমাণ করে দেয় যে, তিনি এখনও ভারতের সেরা ফাস্ট বোলারদের একজন। প্রথম তিনটি ম্যাচে ১৫টি উইকেট তুলে নিয়ে তিনি নির্বাচকদের সামনে জোরাল বার্তা দেন, তাঁকে এখনও অবহেলা করা যাবে না। অনেক প্রাক্তন ক্রিকেটারও শামির পাশে দাঁড়িয়েছেন। কেউ কেউ বলছেন, “এই পারফরম্যান্স দেখেই বোঝা যায়, শামি এখনও টেস্ট লেভেলে খেলতে পুরোপুরি প্রস্তুত।”
তথাপি দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজে শামির জায়গা হয়নি। এরপরই বোর্ডের এক প্রভাবশালী কর্তা জানান, ইংল্যান্ড সফরের সময় শামিকে বিবেচনা করা হয়েছিল, তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টাও করা হয়েছিল। সেই মন্তব্যের পর থেকে বিতর্ক আরও বেড়ে যায়। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, যদি যোগাযোগ করা হয়েই থাকে, তাহলে সেই খবর কেন শামির কাছে পৌঁছল না?

এরই মধ্যে জানা গিয়েছে, ইডেনে (Eden Gardens) ভারতীয় দল যখন টেস্ট খেলতে নামবে, তখন শহরে থাকবেন শামি, তবে জাতীয় দলের হয়ে নয়, রনজি ম্যাচের জন্য। আগামী ১৬ নভেম্বর থেকে বাংলা রনজির (Bengal Ranji Team) ম্যাচ খেলবে কল্যাণীতে (Kalyani)। আর সেই ম্যাচেই নাকি হাজির হতে পারেন অজিত আগরকর স্বয়ং, শুধু শামির বোলিং চোখে দেখার জন্য। বোর্ড সূত্রে জানা গিয়েছে, আগরকর বৃহস্পতিবারই কলকাতায় আসছেন এবং টেস্টের প্রথম তিন দিন ইডেনে থাকবেন। বাংলার ম্যাচ শুরু হবে রবিবার, অর্থাৎ টেস্টের তৃতীয় দিনে। সবকিছু ঠিকঠাক থাকলে, ওই দিনই তিনি কল্যাণীতে যেতে পারেন। ভারতীয় ক্রিকেট মহলে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। যদি নির্বাচক প্রধান নিজে শামির বোলিং দেখতে যান, তাহলে কি সেটা জাতীয় দলে ফেরার সঙ্কেত?এদিকে, আগরকর ইতিমধ্যেই নাকি শামির সাম্প্রতিক পারফরম্যান্সের রিপোর্ট হাতে পেয়েছেন। গুজরাটের (Gujarat) বিরুদ্ধে আগের ম্যাচে নির্বাচক আরপি সিং (RP Singh) ইডেনে উপস্থিত ছিলেন, এবার প্রধান নির্বাচক নিজে যাচ্ছেন বলে খবর। বোর্ডের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “আগরকর চান নিজের চোখে দেখতে, শামি ম্যাচ ফিট কিনা। রনজির ম্যাচে ওর গতি, লাইন, লেন্থ, এবং বলের মুভমেন্ট কেমন, সব কিছু পর্যবেক্ষণ করা হবে।”

আরও পড়ুন : Rishabh Pant comeback, Mohammed Shami India A snub | ফের ‘বঞ্চনার’ শিকার মহম্মদ শামি, চোট সারিয়েই ভারত ‘এ’ দলের অধিনায়ক ঋষভ পন্থ

আগরকরের কল্যাণী যাওয়া নির্ভর করছে ম্যাচের টসের ওপর। কারণ স্থানীয় উইকেট সাধারণত ফাস্ট বোলারদের পক্ষে সহায়ক। যদি বাংলা প্রথমে ফিল্ডিং করে, তাহলে নিশ্চিতভাবেই আগরকর শামির প্রথম স্পেল দেখতে যাবেন। কিন্তু যদি বাংলা ব্যাটিংয়ে নামে, তাহলে তাঁর সময়সূচী মেলানো কঠিন হয়ে যাবে। শামি নিজে অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তিনি নিজের খেলার ওপরই মনোযোগ রাখছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার কাজ বল করা। আমি সেটা করছি, বাকিটা নির্বাচকদের সিদ্ধান্ত।” তাঁর এই সংযত উত্তরই বোঝায়, মাঠের বাইরে যত বিতর্কই থাক, শামির মন এখন কেবল ক্রিকেটেই। উল্লেখ্য যে, কল্যাণীতে বাংলা ম্যাচে যদি আগরকর সত্যিই যান, তাহলে সেটি নিঃসন্দেহে শামির ভবিষ্যতের দিক নির্ধারণে বড় ভূমিকা নেবে। কারণ বোর্ডের এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, তাঁকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি, তা তাঁর প্রত্যাবর্তনের পথ খোলা। আর ভারতীয় ক্রিকেটে মহম্মদ শামির মতো অভিজ্ঞ, ধারাবাহিক এবং ভয়ঙ্কর ফর্মে থাকা বোলারকে ফিরে পাওয়া নিঃসন্দেহে দলের শক্তি বহুগুণ বাড়াবে।সমর্থকরা ইতিমধ্যেই আশাবাদী। সোশ্যাল মিডিয়ায় চলছে নানা মন্তব্য, “শামি ফিরলে ভারতের পেস আক্রমণ আবার আগুন ছড়াবে।” এখন শুধু সময়ের অপেক্ষা, কল্যাণীর মাটিতে শামির স্পেল নির্বাচকদের মন জয় করতে পারে কি না, সেটাই দেখার।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Mohammad Azharuddin Minister | ইডেনে সেঞ্চুরি থেকে ক্যাবিনেট পর্যন্ত: মন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মহম্মদ আজহারউদ্দিন

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন