Melania Trump nude controversy | এপস্টিন-ট্রাম্প বিতর্কে নতুন আগুন! মেলানিয়া ট্রাম্পের ‘ন্যুড ফোটোশুট’ নিয়ে আমেরিকায় তোলপাড়, আসলে সত্যিটা কী?

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ ওয়াশিংটন : আমেরিকার রাজনীতিতে ফের ঝড়। কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (Melania Trump)। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এডওয়ার্ড এপস্টিন (Jeffrey Edward Epstein) -এর ব্যক্তিগত বিমানে নাকি মেলানিয়া ‘ন্যুড ফোটোশুট’ করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় এমন দাবিই ঘুরপাক খাচ্ছে। সঙ্গে ছড়িয়েছে একাধিক অর্ধনগ্ন ছবি, যার ফলে বিতর্ক আরও উসকে উঠেছে।

কিন্তু এই দাবির পিছনে কতটা সত্যতা রয়েছে? মার্কিন রাজনীতিতে যে ঝড় উঠেছে তা কি কেবলই অর্ধসত্যের ওপরে দাঁড়িয়ে?এর উত্তর, “না, ছবিগুলো এপস্টিনের বিমানে তোলা হয়নি।” তবে স্বীকার করতেই হবে, ছবিগুলো আসল। কোনও এআই বিকৃতি বা প্রযুক্তিগত পরিবর্তন এতে ব্যবহার হয়নি। স্বল্পবসনা অবস্থায় মেলানিয়ার ভাইরাল হওয়া ছবিটি তোলা হয়েছিল অনেক বছর আগে, যখন তাঁর পদবি ছিল ‘নাউস (Knauss)’ এবং তিনি ছিলেন এক উঠতি মডেল। তখনও আমেরিকার ফার্স্ট লেডি হওয়ার কথা তাঁর চিন্তারও বাইরে, আর ট্রাম্পও ছিলেন কেবল তাঁর প্রেমিক। কোথায় তোলা হয়েছিল ছবিগুলো? ২০০০ সালে প্রখ্যাত ম্যাগাজিন জিকিউ (GQ) -এর জানুয়ারি সংখ্যা বেরোয়। সেই সংখ্যাতেই প্রকাশ পায় মেলানিয়া নাউসের সেই বিখ্যাত নগ্ন ফোটোশুট। ছবিগুলি তুলেছিলেন খ্যাতনামা চিত্রগ্রাহক অ্যান্টোইন ভার্গলাস (Antoine Verglas)। আর সবচেয়ে বড় তথ্য, ফোটোশুটটি হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব বোয়িং ৭২৭ (Boeing 727) বিমানের ভিতরে। এপস্টিনের বিমানের সঙ্গে কোনও সম্পর্কই নেই বলেই উল্লেখ।

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প

আরও পড়ুন : Elon Musk Partner Indian Origin | মাস্ক জানালেন তাঁর সঙ্গিনীর শিকড় ভারতে, ‘ইন্ডিয়ান অরিজিন’ পরিচয় ঘিরে আলোচনা তুঙ্গে

২০০৬ সালের ৮ নভেম্বর ট্রাম্প নির্বাচনে জেতার সময় জিকিউ আবার ছবিটি প্রকাশ করে একটি দীর্ঘ ক্যাপশন-সহ। সেখানে স্পষ্ট উল্লেখ ছিল, “১৬ বছর আগে আমরা ডোনাল্ড ট্রাম্পের তৎকালীন বান্ধবী মেলানিয়া নাউসের প্রোফাইল তৈরি করেছিলাম। প্রেসিডেন্টের কাস্টমাইজড Boeing 727-এ এই ফোটোশুট হয়েছিল। ছবিতে তাঁকে হাতকড়া পরানো হয়েছিল, পরনে হীরের খচিত অলঙ্কার, হাতে ছিল ক্রোম পিস্তল…”

জিকিউ -এর ব্যাখ্যা ও সম্পাদকীয় প্রতিক্রিয়া 

ছবি নিয়ে বিতর্ক বাড়তেই জিকিউ-এর সম্পাদক ডিলান জোন্স (Dylan Jones) -এর প্রতিক্রিয়া আসে। তিনি বলেন, “২০০০ সালের জানুয়ারিতে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তোলা ছবিগুলো নিয়ে প্রশ্ন উঠছে, কারণ ২০১৬ সালে আমরা আর্কাইভ থেকে কয়েকটি পুরনো ছবি অনলাইনে আপলোড করি। সেই ছবিগুলোর মধ্যেই এটি ছিল।” তিনি আরও জানান,
“মেলানিয়া জিকিউ-তে কাজ করতে আগ্রহী ছিলেন। ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করেছিলেন ছবিগুলো যেন তাঁর অফিসে পৌঁছে দেওয়া হয়। আমরা প্রচ্ছদসহ কয়েকটি ছবি ফ্রেম করে তাঁদের হাতে পৌঁছে দিয়েছিলাম।”

মেলানিয়ার জবাব, ‘আমার শরীর, আমার সিদ্ধান্ত’

বিতর্ক বাড়তেই মুখ খোলেন আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তাঁর জবাব আরও দৃঢ় এবং স্পষ্ট, “আমাকে প্রশ্ন করা হচ্ছে কেন আমি আমার ‘ন্যুড মডেলিং’ নিয়ে গর্বিত। কিন্তু আসল প্রশ্ন হওয়া উচিত, কেন একজন নারী নিজের সৌন্দর্যের উদ্‌যাপন করতে পারবে না?” মেলানিয়ার মতে, মানবদেহ নিজেই এক শিল্প, আর সেই দৃষ্টিভঙ্গিকে ভুলিয়ে দিচ্ছে রাজনৈতিক বিদ্বেষ। তাঁর কথায়, “আমরা কি আর মানবদেহের সৌন্দর্য উপলব্ধি করতে পারি না? আমাদের ইতিহাস দেখুন। অসংখ্য শিল্পী তাঁদের আবেগ দিয়ে মানবশরীরকে অবিশ্বাস্য শিল্পে রূপ দিয়েছেন। আমাদের উচিত নিজেদের শরীরকে সম্মান করা এবং শিল্পীসত্তার প্রকাশের ঐতিহ্যকে স্বীকৃতি দেওয়া।”

উল্লেখ্য, এপস্টিন-ট্রাম্প বন্ধুত্ব নতুন কিছু নয়। বহু পুরনো ছবি, ভিডিও, সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় বারবার ভাইরাল হয়ে থাকে। এখন যখন এপস্টিনের সংশ্লিষ্ট নথি প্রকাশের দাবি বাড়ছে, তখন বিরোধীরা সুযোগ দেখেছেন মেলানিয়ার ছবিকে যুক্ত করার। আর সেই উপলক্ষ্যেই “এপস্টিনের বিমানে তোলা নগ্ন ছবি”র ভুয়ো গল্প ছড়িয়ে পড়েছে। সত্যিটা পরিষ্কার, ছবি সত্যি, কিন্তু এপস্টিনের সঙ্গে এর কোনও যোগ নেই। এই বিতর্ক নিছক রাজনৈতিক উদ্দেশ্যেই তৈরি হয়েছে বলে মত বিশ্লেষকদের।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Donald Trump, Trump 2000 dollars | “প্রতি আমেরিকান পাবেন ২ হাজার ডলার” বিস্ফোরক ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের, শুল্ক আয়ের টাকা ফেরত দেবে ট্রাম্প সরকার

Sasraya News
Author: Sasraya News