কনভয় থামিয়ে চা বানালেন সাংসদ মহুয়া মৈত্র
সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির জন্য নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে যান সাংসদ মহুয়া মৈত্র। হঠাৎ কনভয় থামিয়ে, ঢুকে পড়েন একটি চা-য়ের দোকানে। না, চা খেতে না। চা বানাতে। চা বানানোর ওই ভিডিও তিনি নেটাগরিকদের সঙ্গে সোশাল মিডিয়ায় ভাগ করে নেন। কৃষ্ণনগরের সাংসদ তাঁর ট্যুইটার হ্যাণ্ডলে লেখেন : ‘Tried my hand at making chai… who knows where it may lead me :-)’
(নিজ হাতে চা বানাতে চেষ্টা করলাম… কে জানে এটা আমায় কোথায় নিয়ে যাবে)!
সাংসদ মহুয়ার এই ট্যুইটের পরে, নেটাগরিকদের ভেতর কেউ কেউ মনে করছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে উদ্দেশ্য করে তিনি এই ক্যাপশন লিখেছেন! উল্লেখ্য, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। হঠাৎই তিনি কাঁচা বাড়ি লক্ষ্য করে বলেন, “এই কাঁচা বাড়িগুলি খুব ঠান্ডা থাকে। গরমকালে খুব আরাম লাগে। তবে শীতকালে ঠান্ডা লাগে।” কৃষ্ণনগরের সাংসদের এহেন মন্তব্যের পরে বিরোধী রাজনৈতিক দলগুলি তীব্র সমালোচনা করেছেন।




