Kareena Kapoor pregnancy | ‘আমি কি মেশিন?’ অন্তঃসত্ত্বা জল্পনা নিয়ে মুখ খুললেন করিনা, জবাবে স্পষ্ট বিরক্তি

SHARE:

সৌমি নন্দ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বলিউডে গুজব নতুন কিছু নয়। তবে তারকাদের ব্যক্তিগত জীবন, বিশেষ করে গর্ভধারণ বা মা হওয়ার জল্পনা মাঝে মধ্যেই উত্তাল করে তোলে নেটমাধ্যমকে। সম্প্রতি সেই জল্পনার কেন্দ্রে ছিলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। একটা ছবি থেকেই ছড়িয়েছিল গুঞ্জন, তিনি কি আবার মা হতে চলেছেন? উত্তর দিতে গিয়ে অভিনেত্রী এবার স্পষ্ট করলেন তাঁর মনোভাব, ‘‘আমি কি মেশিন নাকি?’’

করিনা কাপুর। ছবি : সংগৃহীত

ঘটনার সূত্রপাত করিনার লন্ডন সফরের সময় তোলা একটি ভাইরাল ছবি থেকে। নেটিজেনদের একাংশ ছবিটি দেখেই মন্তব্য করতে থাকেন যে করিনা বুঝি তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন। তার পেটের আকৃতি নিয়েই শুরু হয় ‘বেবি বাম্প’ চর্চা। দ্রুত সেই ছবি ভাইরাল হয় ও ক’য়েকটি অনলাইন পোর্টালেও গুঞ্জন উঠে যায়, ‘করিনা অন্তঃসত্ত্বা?’ কিন্তু করিনার বক্তব্যে সেই গুঞ্জনে কার্যত ছাই ঢেলে দেন তিনি নিজেই। এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বললেন, “ওই ছবিটি এডিট করা হয়েছিল। তাই আমার পেট অদ্ভুত দেখাচ্ছিল। আমি দেখেই তো অবাক হয়ে গিয়েছিলাম। অবশ্য এটা হতেই পারে, ওয়াইন আর পাস্তার জন্য পেটটা একটু স্ফীত দেখাচ্ছিল। আমি লন্ডনে গিয়েছিলাম ৪০ দিনের ছুটিতে। এত পিৎজা খেয়েছি যে গুনতেও ভুলে গিয়েছি।”

শুধু এখানেই থেমে থাকেননি করিনা। আরও তীব্র ভাষায় বললেন, “প্রতি মুহূর্তে ওজন একটু বাড়লেই ধরে নেওয়া হয় আমি অন্তঃসত্ত্বা, এটা খুব বিরক্তিকর। আমি কি কোনও যন্ত্র? মা হব নাকি হব না, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। মানুষকে এটা বুঝতে হবে।” এখানেই শেষ নয়। সোশ্যাল মিডিয়াতেও সেই সময় করিনা মজার সুরে একটি স্টোরি পোস্ট করেছিলেন। সেখানে লিখেছিলেন, “সইফ (Saif Ali Khan) ইতিমধ্যেই দেশের জনসংখ্যা বৃদ্ধিতে যথেষ্ট অবদান রেখেছে। আর নয়।” তাঁর এই রসিকতাপূর্ণ মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

এই ঘটনার প্রেক্ষিতে করিনা কাপুর খান আরও একবার মনে করিয়ে দিলেন, তিনি এমন এক অভিনেত্রী যিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা। তাঁর কথায়, “আমি খুবই সৎ। কিছু লুকিয়ে রাখি না। কখনও দাবি করি না, আমি সব সময় সুন্দর দেখাব। আমি একজন মানুষ, আমারও চাওয়া-পাওয়া, শরীরের পরিবর্তন, বিশ্রামের প্রয়োজন আছে। সকলকে তাঁদের মতো বাঁচতে দিন। আমাদেরও নিঃশ্বাস নিতে দিন।” উল্লেখ্য, করিনার এই বক্তব্যে যেন আরও একবার দৃঢ় হয়ে উঠল তাঁর সেই চিরকালীন বার্তা, নারীদের শরীর বা মাতৃত্ব নিয়ে ছড়িয়ে পড়া গুজব নয়, সম্মান জানানো উচিত তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্তকে। ‘স্টার’ হলেও, করিনা যেন মনে করিয়ে দিলেন, তাঁর নামের পাশে রয়েছে ‘কাপুর খান’ নয়, একজন ‘মানুষ’ও। উল্লেখ্য, একটা ছবির ভিত্তিতে যেভাবে জল্পনা শুরু হয়েছিল, তা নিয়ে এবার দর্শককুলকেও কিছুটা আত্মসমালোচনায় যেতে হবে বইকি। সামাজিক মাধ্যমে ‘সেলিব্রেটি’দের প্রতিটি শারীরিক পরিবর্তন নিয়ে যেভাবে আলোচনা ও গসিপ চলে, তাতে শারীরিক গোপনীয়তা বা মেন্টাল হেল্থের বিষয়টি প্রায়শই উপেক্ষিত হয়। করিনার এই মন্তব্য তাই শুধু একটি প্রতিবাদ নয়, একটি সচেতনতার বার্তাও।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Radhika Apte | বার বার সাহসী চরিত্রে রাধিকা আপ্টে: নগ্নতা নয়, শিল্পই প্রধান

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment