IPL 2026 Schedule: Starts March 26, Final on May 31 | টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আইপিএল ঝড়! ২৬ মার্চ উদ্বোধন, ৩১ মে ফাইনাল : নিলামের আগেই ফাঁস সম্পূর্ণ সূচী

SHARE:

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শুরু আইপিএল। ২৬ মার্চ উদ্বোধন ও ৩১ মে ফাইনাল, নিলামের আগেই প্রকাশ্যে এল সম্ভাব্য সূচী। IPL 2026 likely to begin on March 26 after T20 World Cup, with the final scheduled for May 31. Auction details revealed early.

সুজয়নীল দাশগুপ্ত, সাশ্রয় নিউজ ডেস্ক ★ আবু ধাবি : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ক্রিকেটপ্রেমীদের জন্য শুরু হতে চলেছে আর এক মহাযজ্ঞ- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল (Indian Premier League – IPL)। বিশ্বকাপের উত্তেজনা কাটতে না কাটতেই আইপিএলের ঢাকে কাঠি পড়বে। নিলামের ঠিক আগেই সামনে এল আগামী আইপিএল মরসুমের সম্ভাব্য দিনক্ষণ। জানা যাচ্ছে, ২৬ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আইপিএল। অর্থাৎ, প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে চলবে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ।

আরও পড়ুন : Sachin Tendulkar on Dhoni batting order | শচীনের বুদ্ধিতেই বদলেছিল ২০১১-র ফাইনাল, ধোনি-যুবরাজের ব্যাটিং অর্ডার পাল্টানোর নেপথ্য কাহিনি

৮ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার কথা। তার মাত্র আঠারো দিনের মধ্যেই আইপিএলের প্রথম ম্যাচ। ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ়’-এর একটি রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) প্রাথমিক ভাবে এই সময়সূচীতেই সম্মতি দিয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা বাকি। তবু এই তথ্য সামনে আসায় স্বাভাবিক ভাবেই উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেট মহলে। উল্লেখ্য, আইপিএল রঙিন উদ্বোধনী অনুষ্ঠান, তারকা ক্রিকেটারদের উপস্থিতি, গ্ল্যামার আর নিরাপত্তা, সব মিলিয়ে এক বিশাল আয়োজন। তাই এবারের উদ্বোধন কোথায় হবে, তা নিয়েও কৌতূহল কম নয়। সাধারণত, আগের মরসুমের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠেই পরের বছরের আইপিএল উদ্বোধন হয়। সেই নিয়ম মেনে চললে এবছর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M. Chinnaswamy Stadium) আইপিএলের উদ্বোধন হওয়ার কথা। কারণ, গত মরসুমে প্রথমবার আইপিএল ট্রফি জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)।

তবে বাস্তব পরিস্থিতি একটু জটিল। গতবার আইপিএল জয়ের পর চিন্নাস্বামীর বাইরে উল্লাসের সময় ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়। পদপিষ্ট হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর থেকে ওই স্টেডিয়ামে কোনও বড় আন্তর্জাতিক বা ঘরোয়া ম্যাচ আয়োজন করা হয়নি। এমনকী মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সেখানে করা হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সম্প্রতি যদিও ইঙ্গিত মিলেছে, চিন্নাস্বামীতে আইপিএলের ম্যাচ আয়োজন করা হতে পারে। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান মানেই তারকা সমাবেশ, হাজার হাজার দর্শক, কড়া নিরাপত্তা ব্যবস্থা। বেঙ্গালুরুতে আবার কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক, তা কোনও ভাবেই চাইবে না বোর্ড। তাই উদ্বোধনের ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। বোর্ড সূত্রে খবর, পরিস্থিতি খতিয়ে দেখে তবেই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে।

এর মধ্যেই মঙ্গলবার আবু ধাবিতে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হল। নিলাম ঘিরেও চরম উত্তেজনা। প্রথমে ৩৫০ জন ক্রিকেটারের নাম নিলামের তালিকায় থাকার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আরও ১৯ জন ক্রিকেটারের নাম যোগ হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৯। এই তালিকায় রয়েছে দেশের পাশাপাশি বিদেশি একাধিক পরিচিত ও উদীয়মান ক্রিকেটার।এই অতিরিক্ত তালিকায় নাম রয়েছে বাংলার রঞ্জি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) -এর। ফলে তাঁর দিকে নজর থাকবে বাংলা ক্রিকেটপ্রেমীদের। আইপিএলের ১০টি দল মিলিয়ে সর্বাধিক ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবে। কারা কোন দলে যাবেন, কার দাম কত উঠবে— সব মিলিয়ে নিলাম মানেই নাটক, চমক আর হিসেবনিকেশ।

এবারের নিলামে সবচেয়ে বেশি টাকা হাতে নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তাদের পার্সে রয়েছে প্রায় ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা। ফলে নিলামে সবচেয়ে আক্রমণাত্মক দল হিসেবে কেকেআর-এর দিকেই তাকিয়ে থাকবে সবাই। নতুন তারকা কিনে দল সাজানোর দৌড়ে তারা কতটা ঝুঁকি নেয়, সেটাই এখন দেখার।

কিন্তু, আইপিএলের সময়সূচী প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে গেল, আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সমন্বয় করেই সাজানো হয়েছে এই টুর্নামেন্ট। বিশ্বকাপ শেষে ক্রিকেটারদের বিশ্রাম ও প্রস্তুতির জন্য সামান্য সময় দিয়েই শুরু হচ্ছে আইপিএল। ফলে বিদেশি তারকাদের অংশগ্রহণ নিয়েও বিশেষ সমস্যা হওয়ার কথা নয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আইপিএল ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন উন্মাদনা নিয়ে হাজির হতে চলেছে। উদ্বোধন কোথায় হবে, কোন দল কাকে কিনবে, কার হাতে উঠবে ট্রফিএই সব প্রশ্নের উত্তর পেতে এখন শুধু সময়ের অপেক্ষা।

ছবি : সংগৃহীত। প্রতীকী 
আরও পড়ুন : Shubman Gill, India vs Australia ODI, dropped catches | দুটো ক্যাচ ফেলে ম্যাচ জেতা যায় না! সিরিজ হারের পর ফিল্ডিংয়ে ক্ষোভ উগরে দিলেন শুভমন

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন