India vs South Africa 2025, Eden Test India, Nitish Kumar Reddy dropped | ইডেন টেস্টের আগে ভারতীয় দলে জায়গা হারালেন নীতীশ কুমার রেড্ডি, গম্ভীরের নির্দেশে কলকাতা ছাড়লেন ক্রিকেটার

SHARE:

গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে ভারতীয় দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেদের ধারাবাহিকতা বজায় রাখা। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা ও ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষমতা তরুণ ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত করে তুলছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, গম্ভীরের নেতৃত্বে ভারত শুধু শক্তিশালী প্রতিপক্ষদের মোকাবিলা করবে না, তরুণদের দিয়ে দলকে নতুন মাত্রাও দেবে।

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa 2025) টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু ম্যাচ শুরুর মাত্র দু’দিন আগে ভারতীয় শিবিরে বড় চমক। ঘোষিত ১৫ জনের দলে থাকা সত্ত্বেও অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকেব(Nitish Kumar Reddy) বাদ দেওয়া হয়েছে দল থেকে। আর শুধু বাদই নয়, তাঁকে কলকাতা (Kolkata) ছাড়ার নির্দেশ দিয়েছেন দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

বুধবার দুপুরে অনুশীলনের সময়েই গম্ভীরের কাছ থেকে নির্দেশ পান নীতীশ। বিশেষ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দল ম্যানেজমেন্ট তাঁকে জানিয়ে দেয় যে ইডেন টেস্টের মূল দলে তিনি থাকছেন না। এরপরই সিদ্ধান্ত হয় তাঁকে রাজকোটে (Rajkot) পাঠানো হবে, যেখানে ভারত ‘এ’ (India A) দল দক্ষিণ আফ্রিকা ‘এ’ (South Africa A) -এর বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে। সেই সিরিজের তারিখ নির্ধারিত হয়েছে ১৩, ১৬ ও ১৯ নভেম্বর। সেখানে দলের সঙ্গে যোগ দেবেন নীতীশ। বিশেষ সূত্রের খবর, এই সিদ্ধান্ত এসেছে মূলত ক্রিকেটীয় কৌশল এবং টিম কম্বিনেশনের কারণে। নীতীশকে বাদ দেওয়ার পেছনে প্রধান কারণ তাঁর সাম্প্রতিক ফর্ম এবং ফিটনেস। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে তিনি চোটগ্রস্ত ছিলেন, এবং এখনও সম্পূর্ণ ফিট নন। সেই সঙ্গে ভারতের স্পিন-বান্ধব উইকেটে তিন স্পিনার নিয়ে নামার সম্ভাবনাই বেশি। ফলে অলরাউন্ডার হিসেবে নীতীশের জায়গা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এক সিনিয়র বোর্ড কর্তার ভাষায়, “নীতীশ প্রতিভাবান ক্রিকেটার, কিন্তু এই মুহূর্তে তাঁকে ম্যাচ-রেডি করতে ‘এ’ দলের খেলা অনেক বেশি যুক্তিসঙ্গত। রাজকোটে ওর পারফরম্যান্স দেখে আমরা পরের ধাপে সিদ্ধান্ত নেব।” দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতেও (Ryan ten Doeschate) ইডেনের অনুশীলন সেশনের পরে সাংবাদিক বৈঠকে ইঙ্গিত দিয়েছিলেন নীতীশের বাদ পড়ার ব্যাপারে। তিনি বলেন, “ধ্রুব জুরেল (Dhruv Jurel) যেভাবে খেলছে, তাতে ওকে বাদ দেওয়া অসম্ভব। শেষ কয়েক মাসে ওর পারফরম্যান্স অসাধারণ। বেঙ্গালুরুতে দু’টি শতরান করে সে নিজের জায়গা প্রমাণ করেছে।” এরপরই তিনি আরও বলেন, “আমরা সবাই জানি, একাদশে জায়গা পাওয়া সহজ নয়। কাউকে না কাউকে বাদ দিতেই হবে। আমাদের পরিকল্পনা অনুযায়ী নীতীশ এই ম্যাচে খেলবে না। তবে ভবিষ্যতের জন্য ওকে তৈরি রাখা হচ্ছে।” এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয় যে, নীতীশই বাদ পড়তে চলেছেন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। গম্ভীরের নির্দেশে তাঁকে কলকাতা ছাড়ার নির্দেশ দেওয়া হয় এবং তিনি বৃহস্পতিবার সকালে রাজকোটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল বর্তমানে আগ্রাসী মানসিকতা এবং ফর্মেশনে বদল এনেছে। খেলোয়াড় নির্বাচনে তিনি সম্পূর্ণ বাস্তববাদী মনোভাব রাখছেন। দলের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, “গম্ভীর চান, দলে যেন শুধুমাত্র তারাই থাকে যারা ১০০ শতাংশ ফিট এবং আত্মবিশ্বাসে ভরপুর। নীতীশের মধ্যে সেটা এখনই দেখা যাচ্ছে না, তাই ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে।” নীতীশ কুমার রেড্ডি এই সিদ্ধান্তে কিছুটা হতাশ হলেও, দলের পরিকল্পনার প্রতি সম্মান জানিয়েছেন। সূত্রের মতে, রাজকোটে যাওয়ার আগে তিনি সতীর্থদের জানিয়েছেন, “ভারতের জার্সি পরা আমার গর্বের বিষয়। যেখানেই সুযোগ পাই, সেরাটা দিতে চাই।” এদিকে, ভারতের প্রথম একাদশ নিয়ে এখন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে যে ধ্রুব জুরেলই উইকেটরক্ষক ব্যাটার হিসেবে মাঠে নামবেন। পন্থ (Rishabh Pant) এবং জুরেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে টিম ম্যানেজমেন্ট জুরেলের দিকেই ঝুঁকেছে। ফলে টেস্টের আগে ভারতীয় টিম কম্বিনেশন স্পষ্ট হয়ে উঠছে।

ইডেনের এই টেস্ট ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সিরিজে এগিয়ে থাকার লক্ষ্যেই মাঠে নামবে শুমমন গিলের নেতৃত্বাধীন দল। তবে নীতীশের বাদ পড়া দলের অভ্যন্তরে একপ্রকার সংকেত, দলের জায়গা পেতে হলে পারফরম্যান্সই একমাত্র পথ। তবে, ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট শুরু হচ্ছে শুক্রবার সকাল ৯টা থেকে। কলকাতার ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইডেনের গ্যালারিতে টেস্টের প্রথম বল দেখার জন্য। কিন্তু সেই ম্যাচে দেখা যাবে না নীতীশ কুমার রেড্ডিকে, এই খবরেই হালকা মনখারাপ সমর্থকদের মধ্যে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Gautam Gambhir | গম্ভীরের কুৎসিত দল নির্বাচন: বিরাট-বুমরাহ ঢাল, ক্রিকেটপ্রেমীর প্রশ্ন অধরা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন