India vs Pakistan Women’s World Cup 2025: হরমনপ্রীতদের দাপুটে জয়, পাকিস্তানকে হারাল ৮৮ রানে

SHARE:

পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : মহিলা এক দিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই মানেই উত্তেজনা, আবেগ আর ক্রিকেট রাজনীতির অদৃশ্য চাপ। রবিবার শ্রীলঙ্কার মাটিতে সেই প্রতীক্ষিত দ্বন্দ্ব যেন ম্যাচ শুরু হওয়ার আগেই অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছিল। টেলিভিশন সম্প্রচার চলাকালীন ভারতীয় তারকা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ঠাট্টা করেই বলেছিলেন, ‘ভারত-পাকিস্তান মহিলাদের এক দিনের ম্যাচে রেকর্ড ১১-০। প্রতিদ্বন্দ্বিতা কোথায়?’ বাস্তবে ঠিক সেই চিত্রই দেখা গেল। হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) -এর নেতৃত্বে ভারতীয়রা পাকিস্তানকে ৮৮ রানে হারিয়ে ব্যবধান বাড়িয়ে নিল ১২-০ তে।

কিন্তু, শুধুই বড় জয় নয়, ম্যাচ শেষে ভারতীয় ড্রেসিংরুমে রয়ে গেল একাধিক অস্বস্তির প্রশ্ন। ব্যাটাররা শুরু করেও বড় ইনিংস খেলতে পারলেন না। আবার স্পিনাররা পুরোপুরি ছন্দে ছিলেন না এবং সবচেয়ে বড় সমস্যা, ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ হাতছাড়া। হরমনপ্রীত নিজেও স্বীকার করলেন, ‘ফিল্ডিংয়ে উন্নতি না করলে অস্ট্রেলিয়া (Australia), ইংল্যান্ডের (England) মতো দলের বিরুদ্ধে বড় মাশুল গুনতে হতে পারে।’ অন্যদিকে, টস থেকেই শুরু বিতর্ক। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা (Fatima Sana) স্পষ্টভাবে ‘টেল’ বলেছিলেন, কিন্তু মুদ্রা পড়ে ‘হেড’। আশ্চর্যের বিষয়, সঞ্চালক ঘোষণা করলেন, ফাতিমাই টস জিতেছেন। ম্যাচ রেফারি কোনও মন্তব্য করলেন না। ভারত অধিনায়ক হরমনপ্রীতও কিছু বললেন না। ক্রিকেট মহলের প্রশ্ন, হাত মেলানো নিয়ে এত ব্যস্ত ছিলেন নাকি টসের কল শুনতেই পাননি তিনি?

প্রথমে ব্যাট করতে নেমে ভারত ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) ও প্রতিকা রাওয়াল (Pratika Rawal) ঝলক দেখালেও বড় ইনিংস গড়তে ব্যর্থ। স্মৃতি মাত্র ২৩ রানে ফাতিমার বলে এলবিডব্লিউ ও প্রতিকা ৩১ রানে আউট হন সাদিয়া ইকবালের (Sadia Iqbal) ডেলিভারিতে। এরপর হরলীন দেওল (Harleen Deol) কিছুটা দায়িত্ব নিলেও হরমনপ্রীত কৌর ফের ব্যর্থ,ব্লুজ অধিনায়ক ১৯ রানে সাজঘরে ফেরেন। জেমাইমা রদ্রিগেজ (Jemimah Rodrigues) জীবন পেয়ে ৩২ রান করলেও কাঙ্ক্ষিত গতি পাননি। শেষদিকে রিচা ঘোষ (Richa Ghosh) ঝড়ো ব্যাটিংয়ে দলকে উদ্ধার করেন। বাংলার এই তরুণী মাত্র ২০ বলে ৩৫ রান করেন তিনটি চার ও দু’টি ছক্কায়। তাঁর ইনিংসে ভর করে ভারতীয় দল অলআউট হয় শেষ বলে ২৪৭ রানে। পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে এই প্রথম কোনও ভারতীয় ইনিংসে অর্ধশতক ছাড়াই দল ২৪০ রানের বেশি তুলল। পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২৪৮। শুরুতেই ভারতের দুই পেসার ক্রান্তি গৌড় (Kranti Goud) ও রেণুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur) প্রতিপক্ষকে চাপে ফেলেন। প্রথম দশ ওভারে পাকিস্তান তুলতে পারে মাত্র ২৫ রান। মুনিবা আলির (Muneeba Ali) রান আউট বিতর্কে আরও নাটক জমে ওঠে। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে তাঁকে সাজঘরে ফিরতে হয়, যদিও পাকিস্তানি ডাগআউটে ফাতিমা সানা পর্যন্ত আপত্তি জানান।
পাকিস্তানের পক্ষে একাই লড়লেন সিদরা আমিন (Sidra Ameen)। রিচা ঘোষের হাত ফস্কে দু’বার জীবন পান তিনি এবং সেটিকে কাজে লাগিয়ে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেললেন। ভারতের বিরুদ্ধে কোনও মহিলা পাকিস্তানি ব্যাটারের সর্বোচ্চ রান এটিই। নাতালিয়া পারভেজ (Natalia Pervaiz) -এর সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে খানিক লড়াই দিলেও চাপ বাড়তেই বড় শট খেলতে গিয়ে আউট হন সিদরা। ৪৩ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ভারতের বোলারদের মধ্যে দীপ্তি শর্মা (Deepti Sharma) ও ক্রান্তি গৌড় প্রত্যেকে নেন ৩টি করে উইকেট, স্নেহ রানা (Sneh Rana) দখল করেন ২ উইকেট। রেণুকা সিং ঠাকুর যদিও উইকেটশূন্য থাকেন, তবে তাঁর কড়া বোলিংয়ে রান তোলাই কঠিন হয়ে পড়ে পাকিস্তানের জন্য। কিন্তু, এই দাপুটে জয়ের মধ্যেও প্রশ্ন থাকছেই ভারতের ব্যাটিং অস্থিরতা ও ফিল্ডিং! তবু রেকর্ড বলছে, ভারত বনাম পাকিস্তান মহিলাদের এক দিনের ক্রিকেট মানেই ভারতীয়দের একতরফা দাপট। হরমনপ্রীতদের সামনে এখন বড় পরীক্ষা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে।

ছবি : পিটিআই
আরও পড়ুন : India squad announcement 2025, Shubman Gill ODI captain | শুভমান গিল নতুন ওয়ানডে অধিনায়ক, ফিরলেন বিরাট-রোহিত: অস্ট্রেলিয়া সফরের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন