India v England test Series : বুমরাহই ভরসা, ব্যর্থ বোলিং ও ক্যাচ ফস্কানোয় বিপাকে ভারত

SHARE:

পারিজাত গঙ্গোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ : হেডিংলেতে শুভমন গিল (Shubman Gill) যখন দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক বৈঠকে এলেন, মুখে আর সেই চিরচেনা হাসি ছিল না। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই (India v England test Series) চাপে পড়েছেন তিনি। প্রথম দিনের দাপুটে পারফরম্যান্সের পর দ্বিতীয় দিন ভারতীয় দল এমন ছন্দ হারাল, যে খেলার রাশ প্রায় পুরোপুরি চলে গেল ইংল্যান্ডের হাতে। দিনের শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ২০৯, অপরাজিত ব্যাটার ওলি পোপ (Ollie Pope), যিনি করেছেন ঝকঝকে শতরান। ভারত এখনও এগিয়ে থাকলেও, ইংরেজ ব্যাটারদের আত্মবিশ্বাস যেভাবে বেড়েছে, তা ভারতের চিন্তা বাড়াচ্ছে। ভারতের দুর্বলতার মূল কারণ খুঁজতে গিয়ে উঠে আসে তিনটি বড় বিষয়, লোয়ার অর্ডারের ব্যর্থতা, বুমরাহ (Jasprit Bumrah) ছাড়া বোলারদের নিস্প্রভ পারফরম্যান্স, ও অপ্রত্যাশিত ফিল্ডিং ভুল। এই তিন দিক থেকেই ব্যর্থ হল ভারতীয় দল। দিনটা কার্যত শেষ করে দিল একার শক্তিতে লড়াই করা বুমরাহ ছাড়া আর কেউই ইংল্যান্ডের ইনিংসে ছাপ ফেলতে পারলেন না। দিনের শুরুটা অবশ্য হয়েছিল ইতিবাচক। ঋষভ পন্থ (Rishabh Pant) ও শুভমন নিজেদের ইনিংস যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করেন। পন্থও করেন সেঞ্চুরি। যশস্বী (Yashasvi Jaiswal), শুভমন ও পন্থ। তিন সেঞ্চুরিয়ান থাকা সত্ত্বেও ভারত থেমে যায় মাত্র ৪৭১ রানে। একটা সময় স্কোর ছিল ৩ উইকেটে ৪৩০। এরপর মাত্র ৪১ রানের মধ্যে ৭ উইকেট পড়ে যায়।

সবচেয়ে হতাশাজনক দিক ছিল লোয়ার অর্ডারের অবদান। শার্দূল ঠাকুর (Shardul Thakur), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) কেউই রান যোগ করতে পারেননি। বিদেশের মাটিতে ভারতীয় লোয়ার অর্ডার যেভাবে ব্যর্থ হচ্ছে, তা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এমন ইনিংসে অন্তত ৫৫০ রান হলে ইংল্যান্ডের ওপর প্রকৃত চাপ তৈরি হত। ইংল্যান্ডের ইনিংস শুরুর সময়েই আবহাওয়া পাল্টে যায়। মেঘলা আকাশ, আদর্শ সুইং কন্ডিশন। বুমরাহ সেটাই কাজে লাগান, প্রথম ওভারেই ফেরান জ্যাক ক্রলি (Zak Crawley)-কে। তাঁর আগুন ঝরানো স্পেলেও ম্যাচে ভারতীয় দিকটা পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি। কারণ বাকিরা ছিলেন কার্যত নিরুত্তাপ। সিরাজ নিজের প্রথম তিন ওভারে দিয়ে ফেলেন ২৪ রান, প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) আরও খারাপ, চার ওভারে ২৮ রান। জাডেজাও সেরকম টার্ন পাননি। ফলে ইংল্যান্ডের ব্যাটাররা দ্রুত গতি বজায় রাখেন। সারা দিনে ভারতের হয়ে একমাত্র উইকেট নেওয়া বোলার বুমরাহ। তাঁর ঝুলিতে থাকা তিনটি উইকেটই ইংল্যান্ডের বড় ব্যাটারদের। দিনের শেষ ওভারে হ্যারি ব্রুক (Harry Brook)-কে আউট করে ৪ উইকেটের সম্ভাবনায় ছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা নো বল হয়ে যায়। ওই মুহূর্তেই মাঠে ভারতের হতাশা যেন আরও এক ধাপ বাড়ে। তারও চেয়েও বড় ধাক্কা এসেছে ফিল্ডিং থেকে। দিনের মধ্যে অন্তত তিনটি নিশ্চিত ক্যাচ ফস্কাল ভারত। দু’টি ক্যাচ ফস্কান যশস্বী, একটি কঠিন হলেও আরেকটি ওলি পোপের সহজ সুযোগ ছিল। পয়েন্টে জাডেজা যে ক্যাচ ফেললেন, তাতে পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠবেই। এই জীবনদানের সুযোগ পুরোপুরি কাজে লাগালেন ইংল্যান্ডের ব্যাটাররা। ডাকেট (Ben Duckett) করলেন ৬২ রান। পোপ অপরাজিত ১০০। এক সময় যশস্বীর ফিল্ডিং নিয়ে প্রশংসা হয়েছিল অস্ট্রেলিয়া সফরে। স্লিপে তাঁর ক্ষিপ্রতা নিয়ে আলোচিত হয়েছিল টিম ম্যানেজমেন্ট। তাই এবারও তাঁকে সেখানে রাখা হয়েছিল। কিন্তু শুক্রবারের পারফরম্যান্সে দেখা গেল, তিনি ছন্দে নেই। ইংল্যান্ড এমন একটা দল যারা একবার সুযোগ পেলে তা কাজে লাগাতে জানে। ওলি পোপ গত ভারত সফরের প্রথম টেস্টেও শতরান করেছিলেন। এবার হেডিংলেতেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন।

বোলিং পরিবর্তনেও প্রশ্ন উঠছে। কেন শার্দূলকে এত দেরিতে বল দেওয়া হল, তা নিয়ে হতবাক অনেকেই। ৪০তম ওভারে তাঁকে বোলিংয়ে আনেন শুভমন। তখন বল পুরনো হয়ে গেছে, পিচও নরম। অথচ শার্দূলের মতো সুইং বোলার নতুন বলে আরও কার্যকর হতে পারতেন। প্রস্তুতি ম্যাচে তিনি ভাল ফর্মে ছিলেন। এই ধরনের সিদ্ধান্ত শুভমনের কাঁধে চাপ বাড়াবে। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ধারাভাষ্যে বলেন, “বুমরাহ একা তো সব করতে পারে না, বাকিদেরও সাহায্য করতে হবে।” ভারতের বোলিংয়ে সেই সহায়তার অভাবটা স্পষ্ট। দ্বিতীয় দিনের শেষে খেলার হাল দেখে বোঝা যাচ্ছে, শুভমনের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। যতটা আশাবাদী শুরু হয়েছিল টেস্ট ম্যাচ, ততটাই অনিশ্চিত ও উদ্বেগজনক হয়ে উঠেছে ম্যাচের দ্বিতীয় দিন। ইংল্যান্ড এখনও ২৬২ রানে পিছিয়ে থাকলেও, যেভাবে পোপ ও বাকি ব্যাটাররা খেলছেন, তাতে ভারতের ঘুম উড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। ফিল্ডিং, বোলিং ও অধিনায়কত্ব। তিন ফ্রন্টেই পরীক্ষার মুখে শুভমন গিলের নেতৃত্ব।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | Issue 70, 21st June 2025 | সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | সংখ্যা ৭০, ২২ জুন ২০২৫| রবিবার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন