Huma Qureshi Bollywood patriarchy | ‘গ্ল্যামার নয়, বাস্তব নারীকে দেখান’ : বলিউডের পুরুষতন্ত্রে কড়া আঘাত হুমা কুরেশির

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডে নারী চরিত্রের উপস্থাপন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করলেন অভিনেত্রী হুমা কুরেশি (Huma Qureshi)। দীর্ঘদিন ধরে চলা একটি প্রবণতার বিরুদ্ধে সরব হয়ে অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, অ্যাকশন ছবিতে কেন নারী ঘাতকদের সবসময় অতিরিক্ত যৌন আবেদনময়ী করে তুলতে হবে? তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র মহলে। হুমার বক্তব্য, পর্দায় শক্তিশালী নারী চরিত্র তুলে ধরতে গেলে তাকে ‘হাইপার-সেক্সুয়ালাইজড’ করে দেখানোর কোনও বাধ্যবাধকতা নেই। সম্প্রতি মুক্তি পাওয়া ডার্ক কমেডি থ্রিলার ‘বেবি দো ডাই দো’ (Baby Do Die Do) ছবিতে একেবারে ভিন্নধর্মী চরিত্রে হুমাকে দেখা গিয়েছে। ছবিতে তিনি অভিনয় করেছেন ‘বেবি’ নামে এক সুপারি কিলারের ভূমিকায়। ওই চরিত্রটি বধির ও মূক। চরিত্রটির বিশেষত্ব হল, তার চেহারা বা পোশাকে কোনও চমক নেই। তিনি একেবারে সাধারণ ভারতীয় নারীর মতোই। এই চরিত্রের মাধ্যমে প্রচলিত ধারণাকে ভেঙে দিতে চেয়েছেন নির্মাতারা।

আরও পড়ুন : Nandigram Express honeymoon controversy | ‘হানিমুন স্যুট’ বিতর্কে উত্তাল রেল: নন্দীগ্রাম এক্সপ্রেসে কুপে সাজানো নিয়ে ভাইরাল ভিডিও, সাসপেন্ড টিটিই

আরও পড়ুন : Sonakshi paparazzi issue | পাপারাজ্জির ক্যামেরায় বিরক্ত সোনাক্ষী সিন্‌হা, ভাইরাল ভিডিও ঘিরে নতুন বিতর্ক

সংবাদসংস্থা পিটিআই (PTI)-কে দেওয়া সাক্ষাৎকারে হুমা বলেন, ‘বেবি দেখতে একেবারে সাধারণ একজন নারী, অথচ সে ভীষণ বিপজ্জনক। এই বৈপরীত্যই গল্পকে আলাদা করে তুলেছে।’ তিনি আরও জানান, এই চরিত্রকে বাস্তবের খুব কাছাকাছি রাখার চেষ্টা করা হয়েছে। তাঁর কথায়, ‘মুম্বাইয়ের লোকাল ট্রেনে এমন কাউকে দেখলে হয়ত আপনি দ্বিতীয়বার তাকাবেন না।’ এই প্রসঙ্গেই উঠে আসে বলিউডে নারী চরিত্রের উপস্থাপনার প্রশ্ন। হুমা অভিযোগ করেন, সিনেমায় মহিলা ঘাতকদের প্রায়শই এমনভাবে দেখানো হয় যেন তাদের শক্তি বা ক্ষমতার সঙ্গে গ্ল্যামারের সরাসরি সম্পর্ক রয়েছে। আঁটসাঁট পোশাক, উগ্র মেকআপ এসব যেন বাধ্যতামূলক উপাদান হয়ে দাঁড়িয়েছে। তাঁর বক্তব্য, ‘এটা এমন একটা ধারণা তৈরি করেছে যে, টাইট পোশাক না পরলে কেউ খুনি হতে পারে না।’ এই মানসিকতার পেছনে তিনি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকেই দায়ী করেছেন।

হুমার মতে, এই ধরনের উপস্থাপন নারীর বাস্তব পরিচয়কে আড়াল করে দেয়। সমাজে অসংখ্য নারী আছেন যারা কোনও চটকদার বাহ্যিকতা ছাড়াই নিজেদের শক্তি ও সক্ষমতা প্রমাণ করছেন। সেই বাস্তবতাকে সিনেমায় তুলে ধরার প্রয়োজন রয়েছে। ‘একজন নারী তাঁর সাধারণ চেহারাতেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন,’ এই ধারণাটিকেই সামনে আনতে চেয়েছেন তিনি তাঁর নতুন ছবির মাধ্যমে। বলিউডে গত কয়েক বছরে গল্প বলার ধরনে কিছু পরিবর্তন এসেছে। নারী-কেন্দ্রিক গল্পের সংখ্যা বেড়েছে, চরিত্রগুলোও আগের তুলনায় বেশি জটিল হয়েছে। তবে হুমার মতে, এখনও অনেক দূর যাওয়ার বাকি। চিত্রনাট্য লেখার সময় নারী চরিত্রকে কীভাবে দেখা হচ্ছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, লেখকদের চিন্তাধারায় পরিবর্তন না এলে এই সমস্যার সমাধান সম্ভব নয়।

ডিজিটাল প্ল্যাটফর্মের উত্থানের ফলে এখন নানা ধরনের গল্প বলার সুযোগ তৈরি হয়েছে। এই নতুন সময়ে দাঁড়িয়ে নির্মাতাদের কাছে তাঁর আবেদন নারীদের আরও বাস্তব, স্বাভাবিক ও বহুস্তরীয় চরিত্রে তুলে ধরুন। গ্ল্যামারের মোড়ক ছাড়িয়ে সত্যিকারের মানুষটিকে দেখানোর সময় এসেছে। হুমা কুরেশির এই মন্তব্য পুরো ইন্ডাস্ট্রির একটি দীর্ঘদিনের অভ্যাসের বিরুদ্ধে প্রতিবাদ। তাঁর বক্তব্যে উঠে এসেছে সেই প্রশ্ন, যা হয়ত অনেকেই ভাবেন কিন্তু প্রকাশ্যে বলতে পারেন না। ফলে এই আলোচনা আগামী দিনে বলিউডে নারী চরিত্রের উপস্থাপনায় কোনও পরিবর্তন আনে কি না, সেটাই এখন দেখার।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Huma Qureshi marriage | বিমানবন্দরে প্রেমিকের সঙ্গে হুমা কুরেশি, বিয়ে নিয়ে প্রশ্নে নীরব হাসি, মৌনতাই কী ইঙ্গিত?

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন