Harsh Mehta Malaika relationship | ট্রেভি ফাউন্টেন সাক্ষী, নতুন সঙ্গীকে নিয়ে চর্চায় মালাইকা আরোরা

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডে সম্পর্কের সমীকরণ বদলাতে সময় লাগে না। ২০২৪ সালে মালাইকা আরোরার (Malaika Arora) সঙ্গে অর্জুন কপূর (Arjun Kapoor) -এর বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল তুঙ্গে। মাঝেমধ্যেই নানা গুঞ্জন শোনা গেলেও কোনও সম্পর্কেই সিলমোহর পড়েনি।

মালাইকা আরোরা। ছবি : সংগৃহীত।

কিন্তু এ বার প্রেম দিবসে ইতালির রোম শহর থেকে ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে ফের জোর জল্পনা, মালাইকার জীবনে কী নতুন কেউ এসেছেন? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, ইতালির ঐতিহাসিক ট্রেভি ফাউন্টেন (Trevi Fountain) -এর সামনে একজন পুরুষের বাহুলগ্না অবস্থায় দাঁড়িয়ে আছেন মালাইকা। ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তেই নাকি রোমে একান্ত সময় কাটিয়েছেন তিনি। ছবিতে সেই ‘রহস্যময়’ পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ভঙ্গিতে নিজস্বী তুলতেও দেখা যায় অভিনেত্রীকে। নেটিজেনদের একাংশের দাবি, এই ব্যক্তিই মলাইকার নতুন সঙ্গী।

মালাইকা আরোরা। ছবি: সংগৃহীত।

গুঞ্জন বলছে, ওই পুরুষের নাম হর্ষ মেহতা (Harsh Mehta)। বয়স ৩৩। বেলজিয়ামে হিরের ব্যবসার সঙ্গে যুক্ত বলে শোনা যাচ্ছে। সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইল ঘিরেও কৌতূহল বাড়ছে। যদিও মালাইকা প্রকাশ্যে এখনও এই সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি। এমনকী ইনস্টাগ্রামেও ‘হর্ষ মেহতা’ নামে কাউকে অনুসরণ করছেন না অভিনেত্রী। ফলে জল্পনা আরও ঘনীভূত হয়েছে। বলিউডের অন্দরমহলের খবর, গত বছর থেকেই নাকি আলাপ তাঁদের। তবে গত কয়েক মাসে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, ‘মালাইকা খুব ব্যক্তিগত মানুষ। সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না। কিন্তু রোম সফর যেন অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিল।’ যদিও এই দাবি যাচাই করা সম্ভব হয়নি।

মালাইকা আরোরা। ছবি: সংগৃহীত।

উল্লেখ্য, ২০২৪ সালে অর্জুন কাপূরের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের ইতি টানেন মালাইকা। সেই বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল বেড়েছে। বিভিন্ন অনুষ্ঠানে একা উপস্থিত হওয়া কিংবা বিদেশ সফরে একান্ত ছবি, সবই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি স্প্যানিশ গায়ক এনরিকে ইগলেসিয়াস (Enrique Iglesias) -এর একটি কনসার্টে উপস্থিত থাকার পরও তাঁর সঙ্গে কারও বিশেষ বন্ধুত্ব নিয়ে জল্পনা ছড়িয়েছিল। তবে সে সময়ও বিষয়টি এড়িয়ে যান মালাইকা।

হর্ষ মেহতা ও মালাইকা আরোরা। ছবি : সংগৃহীত। 

নিজের প্রেমজীবন নিয়ে প্রশ্ন উঠলেই তিনি সাধারণত কূটনৈতিক উত্তর দেন। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি যার সঙ্গেই বাইরে যাই না কেন, আলোচনা শুরু হয়ে যায়।’ তাঁর এই মন্তব্যেই বোঝা যায়, ব্যক্তিগত পরিসর রক্ষা করতে কতটা সচেষ্ট তিনি। তবে ভ্যালেন্টাইনস ডে-তে রোম সফর ও ভাইরাল ছবি ঘিরে অনুরাগীদের উত্তেজনা থামছে না।

হর্ষ মেহতা ও মালাইকা আরোরা। ছবি : সংগৃহীত।
হর্ষ মেহতা ও মালাইকা আরোরা। ছবি : সংগৃহীত।

রোমের ট্রেভি ফাউন্টেন বরাবরই প্রেমিক-প্রেমিকাদের কাছে রোম্যান্টিক গন্তব্য হিসেবে পরিচিত। সেখানে মালাইকার উপস্থিতি, তাও আবার বিশেষ দিনে এই সমাপতনই জল্পনাকে উসকে দিয়েছে। ছবিতে দু’জনের হাসিমুখ, ঘনিষ্ঠতা ও স্বচ্ছন্দ ভঙ্গি দেখে অনেকেই মনে করছেন, ‘বন্ধুত্বের চেয়ে বেশি কিছু’ রয়েছে তাঁদের মধ্যে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এ কি সত্যিই নতুন প্রেম, না কি কেবলই বন্ধু-সফর? বলিউডে এমন গুঞ্জন নতুন নয়। একাধিক বার বন্ধুত্বকেও প্রেমের রং দেওয়া হয়েছে। ফলে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো কঠিন। তা সত্ত্বেও, অনুরাগীদের মতে, ‘মালাইকা সুখে থাকলে সেটাই সবচেয়ে বড় কথা।’

মালাইকা আরোরা। ছবি : সংগৃহীত।

পেশাগত জীবনে ফিটনেস আইকন হিসেবে নিজের অবস্থান মজবুত করেছেন মালাইকা। রিয়্যালিটি শো-এর বিচারক থেকে ফ্যাশন দুনিয়ায় নিয়মিত উপস্থিতি, সব ক্ষেত্রেই তিনি আলোচিত। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন তাঁর পেশাগত সাফল্যে প্রভাব ফেলেনি, বরং নিজেকে আরও আত্মবিশ্বাসী রূপে তুলে ধরেছেন।

মালাইকা আরোরা। ছবি : সংগৃহীত।

এখন দেখার, এই ‘রহস্যময়’ পুরুষ সম্পর্কে মুখ খুলবেন কি না মালাইকা। নাকি আগের মতোই নীরব থাকবেন? আপাতত সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের আলোচনায়। অর্জুন চ্যাপ্টার শেষ হওয়ার পর মালাইকার জীবনে নতুন সূর্যোদয় ঘটেছে কি না, তার উত্তর সময়ই দেবে।

সব ছবি : সংগৃহীত।
আরও পড়ুন : Arjun Kapoor mother birthday post, Malaika Arora reaction | মায়ের জন্মদিনে অর্জুন কাপুরের আবেগঘন স্বীকারোক্তি, পোস্ট দেখেই যে প্রতিক্রিয়া দিলেন মালাইকা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন