সাশ্রয় নিউজ ডেস্ক ★ লন্ডন : বিশ্বব্যাপী যৌনবাহিত রোগগুলির মধ্যে গনোরিয়া (Gonorrhoea) অন্যতম আতঙ্কের নাম। এই রোগটি শুধুমাত্র যৌন মিলনের মাধ্যমে নয়, গভীর চুম্বন বা ওরাল সেক্সের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে। সাধারণত সংক্রমণের ৩-৪ দিনের মধ্যেই লক্ষণ প্রকাশ পায়। চিকিৎসায় সারিয়ে তোলা সম্ভব হলেও সংক্রমণ রোধে এতদিন পর্যন্ত কোনও কার্যকর প্রতিরোধমূলক পন্থা ছিল না। তবে এবার চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল ইংল্যান্ড (England)।
ইংল্যান্ডই প্রথম দেশ হিসেবে গনোরিয়ার বিরুদ্ধে ভ্যাকসিনেশন কর্মসূচি চালু করল। এই যৌনরোগের বিরুদ্ধে বিশ্বে প্রথম সরকার পরিচালিত টিকাদান প্রকল্পের সূচনা হয়েছে ব্রিটেনে। সেখানে এখন থেকে নির্দিষ্ট যোগ্য ব্যক্তিদের ফ্রী গনোরিয়া টিকা প্রদান করা হবে দেশের বিভিন্ন যৌনস্বাস্থ্য কেন্দ্রগুলিতে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) ও ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার (Department of Health and Social Care – DHSC)। সংক্রমণের বিস্তার ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (Antibiotic Resistance) বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২০ সালে বিশ্বব্যাপী ১৫ থেকে ৪৯ বছর বয়সি প্রাপ্তবয়স্কদের মধ্যে গনোরিয়ার নতুন সংক্রমণের সংখ্যা ছিল ৮২.৪ মিলিয়ন। যার একটি বিশাল অংশই ছিল অ্যান্টিবায়োটিক প্রতিরোধী রূপে। গনোরিয়ার চিকিৎসায় ব্যবহৃত আজিথ্রোমাইসিন (Azithromycin) ও সেফট্রিয়াক্সোন (Ceftriaxone)-এর মতো প্রধান অ্যান্টিবায়োটিকগুলো দিন দিন কার্যকারিতা হারাচ্ছে। ফলে রোগ নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে উঠছে।
এই পরিস্থিতিতে গনোরিয়ার সংক্রমণ ঠেকাতে টিকাদান কর্মসূচিকে ভবিষ্যতের অন্যতম কার্যকর অস্ত্র হিসেবে দেখছে ইংল্যান্ড সরকার। যুক্তরাজ্যের জনস্বাস্থ্য ও প্রতিরোধবিষয়ক মন্ত্রী অ্যাশলি ডালটন (Ashley Dalton) বলেন, “ইংল্যান্ডে যৌনস্বাস্থ্য ক্লিনিকে গনোরিয়া টিকাদান কর্মসূচি চালু হওয়া একটি বড় সাফল্য। ভয়াবহ স্তরে পৌঁছে যাওয়া এই রোগের সংক্রমণ প্রতিরোধে মাইলফলক হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “এই সরকার-পরিচালিত বিশ্বে প্রথম এই টিকাদান কর্মসূচি কেবল সংক্রমণের হার কমাবে না, পাশাপাশি অ্যান্টিবায়োটিক প্রতিরোধজনিত ঝুঁকিরও কার্যকর মোকাবিলা করবে।”

তথ্য বলছে, শুধু ২০২৩ সালেই ইংল্যান্ডে গনোরিয়ার ৮৫,০০০-এর বেশি সংক্রমণ রিপোর্ট হয়েছে। NHS-এর তথ্য অনুযায়ী, এই সংখ্যাটি ২০১২ সালের তুলনায় প্রায় তিন গুণ বেশি। যা এই যৌনবাহিত সংক্রমণের ইতিহাসে রেকর্ড বলে ধরা হচ্ছে। ইংল্যান্ড সরকার জানিয়েছে, যৌনস্বাস্থ্য ক্লিনিকগুলিতে গনোরিয়ার উচ্চঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে এই টিকা অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে। মূলত তরুণ বয়সী, একাধিক যৌনসঙ্গী থাকা, পুরুষদের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনকারী পুরুষ ও অনুরূপ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এই কর্মসূচির আওতায় আসবে। বিশেষজ্ঞদের মতে, এই টিকাকরণ কর্মসূচি শুধু ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষাই নয়, বৃহত্তর জনস্বাস্থ্য ব্যবস্থাকেও সুরক্ষিত করতে পারবে। অন্যদিকে, এই উদ্যোগের মাধ্যমে ইংল্যান্ড যৌনস্বাস্থ্য ক্ষেত্রে এক নতুন দিশা দেখাল গোটা বিশ্বকে। আর এই সাফল্যের পর বিশ্বের অন্যান্য দেশও গনোরিয়ার মতো যৌনরোগ প্রতিরোধে ভ্যাকসিন ব্যবহারের পথে হাঁটবে বলে আশাবাদী আন্তর্জাতিক চিকিৎসা মহল।
ছবি: প্রতীকী
আরও পড়ুন : Flutter Kick, Shilpa Shetty Workout | একটি টেনিস বলেই মেদহীন পেট! শিল্পা শেট্টির টিপসে ঝরিয়ে ফেলুন বাড়তি মেদ




