সাশ্রয় নিউজ ★ নিজস্ব সংবাদদাতা, ফারাক্কা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে ফারাক্কা বিধানসভা এলাকায়। সম্ভাব্য প্রার্থী নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা। একদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক মনিরুল ইসলাম, অন্যদিকে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মইনুল হকের কন্যা রেহেনা ইয়াসমিন নাম ঘিরে জোর Story শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারাক্কা বিধানসভা জুড়ে অলিগলি থেকে চায়ের দোকান, এমনকী অফিস-কাছারিতেও রেহেনা ইয়াসমিন -এর নাম আলোচনায় উঠে আসছে। প্রাক্তন বিধায়ক মইনুল হক দীর্ঘদিন বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করায় এলাকায় তাঁর একটি নিজস্ব জনপ্রিয়তা ছিল। সেই প্রেক্ষিতেই তাঁর কন্যা রেহেনা ইয়াসমিন কে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী একাংশের বাসিন্দা। একাধিক পঞ্চায়েত এলাকার কিছু বাসিন্দা ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রাজনৈতিক নেতা,কর্মীর দাবি, উপযুক্ত প্রার্থী মনোনীত হলে নির্বাচনী লড়াইয়ে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। তাঁদের মতে, রেহেনা ইয়াসমিন প্রার্থী হলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন।
অন্যদিকে, বর্তমান বিধায়কের কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অনেকে অনীহা প্রকাশ করেছেন, তবে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে সূত্র ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। তবে শেষ পর্যন্ত কোন দল কাকে প্রার্থী করে, তার ওপরই অনেকাংশে নির্ভর করবে নির্বাচনী সমীকরণ, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক সমালোচকরা।
ছবি : প্রতীকী।




