বসুধা চৌধুরী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : একজন মানুষকে চিনতে গেলে আমরা সাধারণত তাঁর কথা, কাজ কিংবা আচরণ দেখি। কিন্তু আপনি কি জানেন, আপনার মুখের আকৃতি, শরীরের গঠন, এমনকী মাথার মাপও নাকি বলে দিতে পারে আপনি আসলে কেমন মানুষ? আশ্চর্যজনক হলেও সত্যি, জ্যোতিষশাস্ত্র (Astrology) এবং শরীরবিজ্ঞান (Physiognomy) -এর মিলিত বিশ্লেষণ অনুযায়ী, একজন মানুষের চেহারার প্রতিটি বৈশিষ্ট্য তাঁর মানসিক গঠন, আবেগ এবং আচরণের ইঙ্গিত বহন করে। জ্যোতিষশাস্ত্র বলছে, কারও গোল মুখ, কারও লম্বা বা চৌকো মুখ, এই ছোট ছোট পার্থক্যই বলে দেয় তাঁর ব্যক্তিত্বের নানা দিক।
জ্যোতিষী বলেন, ‘মানুষের মুখ এবং শরীরের গঠনই তাঁর স্বভাবের আয়না। যে যেমন আকৃতির, তার মনের ভিতরটাও তেমনই।’ এই বিশ্লেষণ অনুযায়ী, আমরা কিছু চমকপ্রদ মিল দেখতে পাই দৈনন্দিন জীবনের মানুষের মধ্যেই। যেমন যাঁদের মাথা ছোট এবং আকৃতি তুলনামূলক ছোট হয়, তাঁরা অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি মাথা ঘামাতে চান না। এই ধরনের মানুষরা ‘live in the moment’ বা বর্তমানে বাঁচার পক্ষপাতী। তাঁদের জীবনের মূলমন্ত্র হল, ‘আজকের দিনটাই সবচেয়ে মূল্যবান।’ তাই ছোট মাথার মানুষদের মধ্যে এক ধরনের নির্ভারতা থাকে, যা তাঁদের আশেপাশের মানুষদের কাছেও শান্তি এনে দেয়।অন্যদিকে, শক্ত-সমর্থ অথচ খাটো গড়নের মানুষদের ক্ষেত্রে দেখা যায় একেবারে বিপরীত চরিত্র। এই মানুষরা প্রকৃতপক্ষে যোদ্ধা মনোভাবের। নিজেদের অধিকার কেউ খর্ব করলে তাঁরা তা সহ্য করতে পারেন না। একবার আঁতে ঘা লাগলে প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে যান। এই ধরনের ব্যক্তিরা সাহসী, আত্মনির্ভরশীল এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী স্বভাবের হয়। জ্যোতিষীর মতে, ‘এঁরা জীবনের মাঠে সৈনিকের মতো- লড়াই ছাড়া শান্তি পান না।’
গোল মুখশ্রীর মানুষদের কথা আলাদা। এঁদের মধ্যে সাধারণত এক ধরনের শিশুসুলভ সরলতা থাকে। তারা ঝগড়া বা বিতর্ক পছন্দ করেন না, তাঁরা সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান। এই ধরনের মানুষরা সামাজিক, সহৃদয় এবং হাসিখুশি প্রকৃতির হন। তবে এঁদের দুর্বলতাও আছে, অতিরিক্ত বিশ্বাসপ্রবণতা। ফলে অনেক সময় সহজেই বোকা বানানো যায় এই ধরনের সরল মানুষদের।হালকা গড়নের, খাটো বা বেঁটে মানুষদের মধ্যে থাকে এক ধরনের ‘escape tendency’। মানে, সমস্যায় পড়লেই তাঁরা সরে যেতে চান। বন্ধুত্ব বা সম্পর্কেও জটিলতা এলে তাঁরা মুখোমুখি না হয়ে পিছিয়ে যান। জ্যোতিষীর ভাষায়, ‘এঁরা ঝড় এলে গাছের মতো নয়, পাখির মতো উড়ে গিয়ে নিরাপদ জায়গায় বসেন।’ অন্যদিকে হালকা গড়নের কিন্তু উচ্চতায় মাঝারি মানুষদের মধ্যে অনুভূতি প্রবল হয়। তারা কথা ও বুদ্ধি দিয়ে সমস্যা মেটাতে পটু। এই ধরনের ব্যক্তিরা নিজেদের প্রতিভা প্রমাণে আগ্রহী, সব সময় অন্যের চেয়ে এগিয়ে থাকতে চান। তাঁদের মাঝে এক ধরনের প্রতিযোগিতার মনোভাব থাকে। তাই তারা কখনও সহজে হার মানেন না।
চৌকো মুখশ্রীর মানুষদের মধ্যে থাকে অসাধারণ বাস্তববোধ ও আত্মবিশ্বাস। এই ধরনের ব্যক্তিরা সিদ্ধান্ত নিতে পারেন দ্রুত, আর একবার সিদ্ধান্ত নিলে তা পাল্টান না। জ্যোতিষশাস্ত্র বলে, ‘চৌকো মুখ মানেই দৃঢ়তা। এঁদের কাছে আবেগ নয়, যুক্তিই মুখ্য।’ তাই এঁরা নেতৃত্বের আসনে ভাল মানানসই। লম্বাটে মুখশ্রীর মানুষরা সাধারণত একটু খুঁতখুঁতে প্রকৃতির। তারা সব ব্যাপারে ভেবে চিন্তে এগোন, কিন্তু একই সঙ্গে জীবনের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি অনেক সময় অতিমাত্রায় সমালোচনামূলক হয়। হাসিঠাট্টা বা আমোদপ্রমোদে খুব একটা মন বসে না। জীবনের প্রতি বাস্তব, কিন্তু একটু নিস্তরঙ্গ দৃষ্টিভঙ্গি থাকে তাঁদের।
অন্যদিকে লম্বা মাথার গড়নের মানুষরা বুদ্ধিমত্তায় এগিয়ে। এই ধরনের ব্যক্তিদের বোকা বানানো কঠিন। তারা নিজের চেয়ে অন্যদের মনোভাব দ্রুত বুঝে ফেলতে পারেন। জ্যোতিষীর মতে, ‘লম্বা মাথা মানেই মস্তিষ্কের শার্পনেস।’ তাঁরা যে কোনও পরিস্থিতিতে বিশ্লেষণ করে ঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম।
এবার গোলগাল চেহারার মানুষদের কথা বলা যায়। এঁদের মধ্যে শান্ত, হাসিখুশি এবং সহজ-সরল স্বভাব লক্ষ্য করা যায়। নিজের বিষয়ে খুঁতখুঁতে নন, কিন্তু জীবনকে উপভোগ করাই তাঁদের মন্ত্র। এই ধরনের মানুষরা রসিক, মিশুক, এবং যেখানেই যান সেখানেই আনন্দের পরিবেশ তৈরি করে ফেলেন। জ্যোতিষীর মতে, ‘মানুষের চেহারা তার মনের আয়না। প্রকৃতির নকশা কখনও ভুল করে না।’ তাই কারও মুখের গঠন, শরীরের আকৃতি, এমনকী হাঁটা-চলাও নাকি বলে দেয় তাঁর ভেতরের গঠন। শরীর আর মন দু’টোই নাকি একে অপরের প্রতিবিম্ব। বর্তমান, ব্যস্ত জীবনে যেখানে মানুষ নিজের সময় খুঁজে পায় না, সেখানে নিজের চেহারার মধ্যেই হয়ত লুকিয়ে আছে নিজের মনের রহস্য। আপনি গোল মুখের নাকি চৌকো? শান্ত না দৃঢ়চেতা? একবার আয়নায় নিজেকে ভাল করে দেখুন, হয়তো উত্তর পেয়ে যাবেন নিজেরই প্রশ্নের।
ছবি : সংগৃহীত ও প্রতীকী
আরও পড়ুন : Kriti Sanon World Health Summit, Kriti Sanon Berlin speech | বার্লিনের বিশ্বমঞ্চে ভারতের গর্ব! মহিলাদের স্বাস্থ্য নিয়ে বিশ্বকে বার্তা দিলেন কৃতী শ্যানন




