Durga Puja 2025, Sandhi Puja timing | দুর্গাপুজো ২০২৫: কবে হবে অঞ্জলি ও সন্ধিপুজো? দেখে নিন দুর্গাপুজোর পূর্ণাঙ্গ নির্ঘণ্ট

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বাংলার আবহে দুর্গাপুজো মানেই আবেগ, নস্টালজিয়া আর ভক্তির স্রোত। পাড়ার মণ্ডপ থেকে শুরু করে বড় বড় বারোয়ারি পুজো, প্রত্যেক বাঙালির জীবনে এই সময়টা এক বিশেষ আনন্দের। ২০২৫ সালের দুর্গাপুজোও সেই আবেগকে আরও উজ্জ্বল করে তুলবে। এবার মহালয়া পড়ছে ২১ সেপ্টেম্বর।দেবীপক্ষের সূচনা। এর পরেই শুরু হবে উৎসবের আসল ছন্দ। ইতিমধ্যেই সকলের কৌতূহল, কবে হবে অষ্টমীর অঞ্জলি, আর কখন হবে ঐতিহ্যবাহী সন্ধিপুজো? চলুন দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা (Vishuddha Siddhanta Panjika) ও গুপ্তপ্রেস পঞ্জিকা (Gupta Press Panjika) অনুযায়ী নির্দিষ্ট সময়সূচী।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে মহাপঞ্চমী পড়ছে ২৭ সেপ্টেম্বর, শনিবার। সেদিন সন্ধ্যায় দেবীর বোধন অনুষ্ঠিত হবে। মহাষষ্ঠী তিথি থাকবে ২৮ সেপ্টেম্বর দুপুর ২টা ২৮ মিনিট পর্যন্ত। ওইদিন সকাল ৯টা ১৬ মিনিটের মধ্যে ষষ্ঠাদি কল্পারম্ভ সম্পন্ন করতে হবে। এর পরেই পালা সপ্তমীর। ২৯ সেপ্টেম্বর সোমবার সপ্তমী তিথি বিকেল ৪টা ২ মিনিট পর্যন্ত থাকবে। তার আগে সকাল ৯টা ২৮ মিনিটে নবপত্রিকার স্নান ও স্থাপন সম্পন্ন করতে হবে।

ছবি: প্রতীকী

মহাষ্টমী তিথি পড়ছে ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার। এই দিন সকাল ৭টার মধ্যে মহাষ্টমীর বিহিত পুজো শেষ করতে হবে। সকাল ৮টা ২৯ মিনিট থেকে ৯টা ২৮ মিনিট পর্যন্ত মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ সময় নির্ধারিত হয়েছে। এদিনই অনুষ্ঠিত হবে সন্ধিপুজো, যা দুর্গাপুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারগুলির মধ্যে অন্যতম।বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধে ৫টা ৪৩ মিনিট থেকে ৬টা ৭ মিনিট পর্যন্ত চলবে সন্ধিপুজো। সন্ধে ৬টা ৩১ মিনিটে হবে বলিদান ও পূজা সমাপন। অপরদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা জানাচ্ছে, একই দিন দুপুর ১টা ৪৪ মিনিট থেকে দুপুর ২টা ৮ মিনিট পর্যন্তই সম্পন্ন করতে হবে সন্ধিপুজোর আচার। ফলে কোন পঞ্জিকা অনুসারে পূজা হবে, তা নির্ভর করবে প্রতিটি মণ্ডপ বা পরিবারের রীতি-নীতির ওপর।

মহানবমী পড়ছে ১ অক্টোবর, বুধবার। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, সেদিন সন্ধে ৭টা ২ মিনিট পর্যন্ত নবমী তিথি থাকবে। সকাল ৯টা ২৮ মিনিটের মধ্যে নবমী বিহিত পুজো সম্পন্ন করতে হবে। এরপর কুমারী পুজো, বলিদান ও হোম কর্মাদি সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ২৯ মিনিট পর্যন্ত নির্ধারিত। ২ অক্টোবর বৃহস্পতিবার দশমীর দিন। সন্ধে ৭টা ১১ মিনিট পর্যন্ত দশমী তিথি থাকবে। সকাল ৯টা ২৮ মিনিটের মধ্যে দশমী বিহিত পুজো, আর তারপরেই শুরু হবে বাঙালির অশ্রুভেজা বিদায়বেলা, দেবীর বিসর্জন।অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা জানাচ্ছে কিছুটা ভিন্ন সময়সূচি। তাদের মতে, সপ্তমী পড়ছে ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ২৬ মিনিট পর্যন্ত। সকাল ৯টা ২৭ মিনিটে নবপত্রিকা স্নান ও স্থাপন শেষ করতে হবে। মহাষ্টমী থাকছে ৩০ সেপ্টেম্বর দুপুর ১টা ৪৪ মিনিট পর্যন্ত। গুপ্তপ্রেসের মতে সন্ধিপুজোও ওইদিন দুপুরেই অনুষ্ঠিত হবে। ১ অক্টোবর দুপুর ২টা ৩৫ মিনিট পর্যন্ত থাকবে মহানবমী তিথি। সেদিন কুমারী পুজো, বলিদান, হোমকর্মাদি ও নবরাত্রি ব্রত সমাপন দুপুরের মধ্যেই সম্পন্ন করতে হবে। দশমী পড়ছে ২ অক্টোবর দুপুর ২টা ৫৪ মিনিট পর্যন্ত।
এ নিয়ে ভক্তদের মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা দিলেও, শাস্ত্রজ্ঞরা জানাচ্ছেন, “পঞ্জিকা ভেদে সময় আলাদা হলেও, ভক্তি ও নিষ্ঠাই আসল। যে কোনও সময়ে আন্তরিকতার সঙ্গে পূজা করলেই দেবী দুর্গা তুষ্ট হন।”

দুর্গাপুজোর প্রতিটি দিনেই থাকে আলাদা তাৎপর্য। মহাষষ্ঠীর বোধন দিয়ে শুরু হয় মূল উৎসবের ছন্দ। সপ্তমীর নবপত্রিকা স্থাপন প্রকৃত অর্থেই দেবীর আবাহন। মহাষ্টমীর অঞ্জলি আর সন্ধিপুজোতে ভক্তদের ঢল নামে মণ্ডপে মণ্ডপে। মহানবমীতে হয় কুমারী পূজা, যা এক অনন্য ঐতিহ্য। আর দশমী মানেই একদিকে আনন্দ, অন্যদিকে বেদনার স্রোত। এই বছরও তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দিনক্ষণ ঘিরে উৎসাহ তুঙ্গে। একদিকে রয়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার নির্ঘণ্ট, অন্যদিকে গুপ্তপ্রেস পঞ্জিকার সময়সূচী। তবে সবকিছুর ঊর্ধ্বে রয়েছে ভক্তির আবেগ, যা মিলেমিশে দুর্গাপুজোকে করে তোলে অনন্য।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Belgium Bengali Durga Puja | বেলজিয়ামে শারদোৎসবের জোয়ার: নারী-পুরুষ উভয়ের পৌরোহিত্যে দেবী পূজিত

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন