Cristiano Ronaldo | সৌদি ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: হ্যামস্ট্রিং চোটে মাঠের বাইরে সিআর৭, ব্যক্তিগত বিমানে পরিবার নিয়ে মাদ্রিদে প্রত্যাবর্তন

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : পশ্চিম এশিয়ায় সংঘাত পরিস্থিতি এবং ব্যক্তিগত চোট দু’য়ের জোড়া ধাক্কায় সৌদি আরব ছাড়লেন বিশ্বফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আল নাসের (Al Nassr) -এর হয়ে সৌদি প্রো লিগে খেলতে নেমে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান। তারই মধ্যে ইরান-আমেরিকা-ইজ়রায়েল সংঘাত ঘিরে অস্থিরতায় সৌদি আরবে সাময়িকভাবে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার পরিবার-সহ ব্যক্তিগত বিমানে রিয়াধ ছেড়ে মাদ্রিদে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন সিআর৭ বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। বিশ্বকাপ শুরুর সাড়ে তিন মাস আগে রোনাল্ডোর চোটের খবর ফুটবলপ্রেমীদের উদ্বেগ বাড়িয়েছে। পর্তুগালের (Portugal) অধিনায়ক আদৌ সুস্থ হয়ে বিশ্বকাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও আল নাসেরের চিকিৎসকদল আশার কথা শুনিয়েছেন। তাঁদের দাবি, ‘হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর নয়। দু’তিন সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন।’ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ।

আরও পড়ুন : Cristiano Ronaldo India match, CR7 Al Nassr FC Goa | রোনাল্ডোকে ঘিরে ফুটবল উন্মাদনা, ভারতে এফসি গোয়ার বিরুদ্ধে নাম নথিভুক্ত করাল আল নাসের

গত শনিবার আল ফায়হা (Al Fayha)-র বিরুদ্ধে ম্যাচে খেলতে নেমেই চোট পান রোনাল্ডো। ম্যাচের দ্বিতীয়ার্ধে স্প্রিন্ট নিতে গিয়ে তিনি অস্বস্তি অনুভব করেন। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে হ্যামস্ট্রিংয়ে টান ধরা পড়ে। চিকিৎসকেরা জানিয়েছেন, ‘সম্পূর্ণ সেরে উঠতে সময় লাগবে, তবে বিশ্বকাপে খেলতে সমস্যা হওয়ার কথা নয়।’ উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপই সম্ভবত ৪১ বছর বয়সী রোনাল্ডোর শেষ বিশ্বকাপ হতে পারে। ফলে এই চোটকে ঘিরে উদ্বেগ স্বাভাবিক। চোটের পাশাপাশি পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিও তাঁর সিদ্ধান্তে বড় ভূমিকা নিয়েছে বলে জানা গিয়েছে। ইরানে আমেরিকা (United States) এবং ইজ়রায়েল (Israel) -এর যৌথ হামলা এবং তার পাল্টা ইরানের প্রত্যাঘাতে গোটা অঞ্চল উত্তপ্ত। রিয়াধে ২৮ ফেব্রুয়ারি একাধিক বিস্ফোরণের ঘটনার পর থেকেই বিদেশি নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়। সৌদি প্রশাসনের তরফে নাকি অনানুষ্ঠানিক ভাবে বিদেশিদের নিজ দেশে ফিরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতেই পরিবারকে নিরাপদ রাখতে মাদ্রিদে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন রোনাল্ডো।

সূত্রের খবর অনুযায়ী, প্রায় ৭৫০ কোটি টাকার বিলাসবহুল ব্যক্তিগত বিমানেই তিনি রিয়াধ ত্যাগ করেন। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের সদস্যেরা। মাদ্রিদে (Madrid) তাঁর নিজস্ব বাসভবনেই আপাতত চিকিৎসা ও পুনর্বাসন পর্ব চলবে। স্পেনের চিকিৎসক এবং ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে রিহ্যাব শুরু করবেন বলে ঘনিষ্ঠ সূত্রের খবর। তবে রোনাল্ডো মাদ্রিদে গেলেও আল নাসেরের অন্যান্য বিদেশি ফুটবলার আপাতত রিয়াধেই রয়েছেন। ক্লাব কর্তৃপক্ষ পরিস্থিতির দিকে নজর রাখছে। সৌদি প্রো লিগের সূচী কবে পুনরায় শুরু হবে, তা এখনও আজানা। সংঘাত পরিস্থিতি স্বাভাবিক না হলে খেলা ফের শুরু করা কঠিন বলে মনে করছেন ক্রীড়া প্রশাসকরা।

ফুটবল বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে রোনাল্ডোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সম্পূর্ণ সুস্থ হওয়া। কারণ বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টে খেলতে গেলে শতভাগ ফিটনেস প্রয়োজন। পর্তুগাল দলের কোচিং স্টাফও তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছে। একজন পর্তুগিজ ক্রীড়া সাংবাদিকের কথায়, ‘রোনাল্ডো মানেই মানসিক দৃঢ়তা। চোট তাঁকে আটকাতে পারবে না, যদি তা গুরুতর না হয়।’ এদিকে সামাজিক মাধ্যমে সিআর৭-র মাদ্রিদে ফেরার ছবি ভাইরাল হয়েছে। সমর্থকেরা শুভেচ্ছা ও দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিচ্ছেন। অনেকেই লিখেছেন, ‘বিশ্বকাপে তোমাকেই চাই।’ রোনাল্ডো নিজেও সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছেন, ‘শিগগিরই মাঠে ফিরব।’ প্রসঙ্গত, সংঘাত পরিস্থিতি ও চোট দু’য়ের মাঝখানে দাঁড়িয়ে আপাতত ক্লাব ফুটবল থেকে দূরে রোনাল্ডো। তবে চিকিৎসকদের আশ্বাস যদি সত্যি হয়, তা হলে বিশ্বকাপের আগে তাঁকে পুরোপুরি সুস্থ অবস্থায় মাঠে দেখা যেতে পারে। ফুটবল দুনিয়ার নজর এখন তাঁর পুনরুদ্ধার প্রক্রিয়ার দিকে। কারণ সিআর৭ মানেই রেকর্ড, প্রত্যাবর্তন আর লড়াইয়ের গল্প।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : China Agro Terrorism | চিনা কৃষি সন্ত্রাসে বিশ্ব আতঙ্ক: ‘করোনার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে’, সতর্ক বার্তা মার্কিন বিশেষজ্ঞদের

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন