চাঁদ অভিযানে পাড়ি দিল চন্দ্রযান ৩
সাশ্রয় নিউজ ★ শ্রীহরিকোটা : ভারতের মাটি থেকে চাঁদে পাড়ি দিল চন্দ্রযান ৩। শুক্রবার সারাদিন প্রতীক্ষায় ছিলেন তামাম ভারতীয়। ঠিক তারপরই সেই মাহেন্দ্রক্ষণে আসে। দুপুরবেলা ২ টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে পাড়ি দেয় ভারতীয় চন্দ্রযান চন্দ্রযান-৩। বিজ্ঞানীরা জানাচ্ছেন, চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে প্রেরণ করা হয় চন্দ্রযানটি। চাঁদে নির্বিঘ্নে পৌঁছতে পারলে ভারত চন্দ্র অভিযানে চতুর্থ দেশ হিসেবে বিশ্বে জায়গা করে নেবে। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে চন্দ্রযান ২ চাঁদে নামতে বিফল হয়। ইস্রো জানায়, ওই মহাকাশযানটি চাঁদে নামতে গিয়ে ভেঙে পড়ে। কিন্তু ইস্রোর পাঠানো চন্দ্রযান ১ থেকেই বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছিলেন, চাঁদে জল সম্পর্কে। এবং তা দক্ষিণমেরুতে। তা সারা বিশ্বের মহাকাশ গবেষণায় সাড়া জাগায়। ইস্রো সুত্রে খবর, চন্দ্রযান ২-এ সর্বমোট খরচ হয়েছিল ৯৬০ কোটি ভারতীয় মুদ্রা। কিন্তু চন্দ্রযান ৩-এ মোট খরচ ৬১৫ কোটি ভারতীয় মুদ্রা। ISRO জানায়, চন্দ্রযানটি চাঁদে পৌঁছাতে সময় নেবে ১ চন্দ্র দিন। অর্থাৎ প্রায় ১৪ দিন মতো। এ মাসের ২২ অথবা ২৩ তারিখ চাঁদে অবতারণ করবে ISRO -এর চন্দ্রযান ৩। দক্ষিণমেরুতে প্রায় এক মাস পর্যবেক্ষণরত থাকবে ভারতের মহাকাশযানটি।




