তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক: ভালবাসা শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে একরাশ রঙিন স্বপ্ন, নিরাপত্তা, এবং গভীর সংযোগের অনুভূতি। কিন্তু এই শব্দটি যে কেবল আলোই আনে না, সেই সত্যিটা আমরা হাড়ে হাড়ে টের পাই তখন, যখন সেই সম্পর্কটি ভেঙে যায়। বিচ্ছেদ (Breakup) শব্দটি আমাদের জীবনে নিয়ে আসে এমন এক অন্ধকার, যা কখনও শেষ হয় গভীর কষ্টে, আবার কখনও নিয়ে আসে এক নতুন সকাল। কিন্তু বিচ্ছেদ মানেই কি ব্যর্থতা? বিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল। সাইকোলজিস্ট অন্বেষা ঘোষ (Anwesha Ghosh) বলেন, “প্রতিটি সম্পর্কই চিরকাল টিকে যাবে, এই ধারণা বাস্তবসম্মত নয়। অনেক সময়েই মানুষ বদলায়, তাদের জীবনের লক্ষ্য বদলায়। সেই পরিবর্তনের সঙ্গে সম্পর্ক না টিকলে, বিচ্ছেদকে ব্যর্থতা হিসেবে দেখা একেবারে ভুল।”

আসলে একটা সম্পর্ক ভাঙে তখনই, যখন দু’জন মানুষ আর একে অপরের মধ্যে শান্তি বা সুখ খুঁজে পান না। এর পেছনে থাকতে পারে একাধিক কারণ, দাম্পত্যে যোগাযোগের ঘাটতি (Communication Gap), মানসিক অবহেলা (Negligence), অসম্মান, জীবনের লক্ষ্য বদলে যাওয়া, বা নিঃশব্দ দূরত্বের বরফ জমে যাওয়া। অনেক সম্পর্ক শেষ হয় তীব্র ঝগড়ায়, আবার অনেক সম্পর্ক চুপিসারে শেষ হয়ে যায় নিঃশব্দে, কোনও এক সকালে, যখন আর কিছু বলার থাকে না।আমাদের সমাজে এখনও বিচ্ছেদকে ব্যর্থতা হিসেবে দেখা হয়, মনে করা হয়, সম্পর্ক ভাঙা মানেই সে ব্যর্থ। অথচ বাস্তবতা হল, অনেক সম্পর্ক কেবল সমাজের ভয়ে টিকে থাকে। কিন্তু ভেতরে তৈরি হয় বিষাক্ততা (Toxicity)। সাইকিয়াট্রিস্ট ডঃ রূপক দে (Dr. Rupak De) বলেন, “যদি কোনও সম্পর্ক কারও আত্মসম্মান আর মনকে শান্তি দিতে না পারে, তা থেকে বেরিয়ে আসা এক সাহসী পদক্ষেপ। বিচ্ছেদ মানেই ব্যর্থতা নয়, বরং নিজের জন্য সঠিক সিদ্ধান্ত।”
তাহলে বিচ্ছেদের পরে কী আসে?প্রথমেই আসে আত্মগ্লানি বা অপরাধবোধ (Guilt)। নিজের মধ্যে দোষ খুঁজতে থাকেন মানুষ। অনেকেই ভাবেন, ‘আমার কি কোনও ভুল ছিল?’, ‘সে কেন বদলে গেল?’ কিন্তু এই প্রশ্নগুলির উত্তর সবসময় মেলে না। বিশেষজ্ঞরা বলেন, বিচ্ছেদের পর নিজেকে দোষী ভাবা স্বাভাবিক, কিন্তু সেটিকে স্থায়ী ভাবা উচিত নয়। দ্বিতীয়ত আসে শূন্যতা (Emptiness)। প্রতিদিনের জীবনে যে মানুষটির উপস্থিতি ছিল, তার হঠাৎ অনুপস্থিতি মেনে নেওয়া সহজ নয়। ঘুম থেকে ওঠা, খাওয়া, সিনেমা দেখা, সব অভ্যাসেই সেই মানুষের ছাপ থেকে যায়। এই শুন্যতা কাটতে সময় লাগে। কিন্তু এই সময়েই আসে নতুন উপলব্ধি (Realisation)। নিজের ভালোবাসাকে নতুনভাবে চিনতে শেখেন মানুষ। নিজের চাওয়া-পাওয়া, সীমাবদ্ধতা, আনন্দগুলোকে নতুন করে দেখতে শেখেন। মনোবিজ্ঞানী অন্বেষা ঘোষ (Anwesha Ghosh) বলেন, “এক সময় আপনি বুঝতে পারবেন, আপনার জীবনের আসল সঙ্গী আপনি নিজেই। যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, তখনই জীবনের ভারসাম্য ফিরবে।”

বিচ্ছেদের পরে সমাজ, পরিবার ও বন্ধুবান্ধবদের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি (Empathetic Perspective) খুবই জরুরি। প্রায়শই দেখা যায়, অনেকে বন্ধুদের বলেন, ‘ভুলে যা’, ‘এত ভাবিস না’। কিন্তু এই কথা নয়, দরকার বোঝা ও মন দিয়ে শোনা। সাপোর্ট সিস্টেম (Support System) এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই পেশাদার কাউন্সেলিং (Professional Counselling) নেন এই সময়ে। এটি কোনও দুর্বলতা নয়, নিজের মানসিক স্বাস্থ্যের জন্য এক সুস্থ ও প্রয়োজনীয় পদক্ষেপ।

একটা সম্পর্ক ভাঙলে সব শেষ হয়ে যায় না। তা নতুন জীবনের শুরু হয়। নতুন মানুষের সঙ্গে নয়, প্রথমে নিজের সঙ্গে। নিজের ভালবাসা, নিজের যোগ্যতা, নিজের স্বপ্নগুলোকে নতুন করে ভালবাসা শুরু হয়। সম্পর্ক ভাঙলেও ভালবাসা শেষ হয় না। ভালবাসা রূপ বদলে ফেলে, নিজের মধ্যে, নিজের প্রতি ও একদিন হয়ত নতুন কোনও আন্তরিকতার হাত ধরে। বিচ্ছেদ মানেই শেষ নয়। বিচ্ছেদ মানে হয়তো এমন এক অভিজ্ঞতা যা কাঁদায়, যন্ত্রণা দেয়, তবে সেই কষ্টই একদিন গড়ে তোলে শক্ত ভিত। সেই ভিতের ওপর দাঁড়িয়ে মানুষ আরও পরিপূর্ণ হয়ে ওঠে। এবং তখনই বোঝা যায়, সম্পর্ক শেষ হলেও জীবন থামে না। বরং শুরু হয় অন্য এক নতুন অধ্যায়ের।
সব ছবি: প্রতীকী
আরও পড়ুন : Priyanka Chopra Akshay Kumar relationship | অক্ষয়ের সাহসিকতায় মুগ্ধ প্রিয়াঙ্কা, অতীতের পরকীয়ার জল্পনা উস্কে নয়া মন্তব্য



