Bank Strike News, Indian Banking Sector | টানা চার দিনের ব্যাঙ্ক বন্ধের আশঙ্কা, ধর্মঘটে নামছেন লক্ষাধিক কর্মী

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি: আগামী সপ্তাহে ব্যাঙ্ক সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে এখনই সতর্ক হওয়া প্রয়োজন। কারণ, ব্যাঙ্ক কর্মীদের ডাকে বড়সড় ধর্মঘটের জেরে টানা চার দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশজুড়ে ব্যাঙ্ক ইউনিয়নগুলির আন্দোলনের ফলে সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যবসায়ী মহল, সকলেই চাপে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। ব্যাঙ্ক কর্মীদের দাবি আদায় না হলে আগামী সপ্তাহে ধর্মঘটে নামার ঘোষণা করেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন (United Forum of Bank Unions- UFBU)। এই ফোরামের অন্তর্ভুক্ত রয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (All India Bank Employees Association- AIBEA), অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (All India Bank Officers’ Confederation- AIBOC) সহ মোট ন’টি প্রধান ইউনিয়ন। তাদের আহ্বানে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই ব্যাঙ্ক পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

ব্যাঙ্ক ধর্মঘট। -প্রতীকী চিত্র

ব্যাঙ্ক কর্মীদের প্রধান দাবি হল সপ্তাহে পাঁচ দিন কর্মদিবস চালু করা। অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অফিস এবং শনি ও রবিবার সম্পূর্ণ ছুটি। ইউনিয়নগুলির বক্তব্য, বর্তমানে অতিরিক্ত কাজের চাপের কারণে কর্মীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ছে। সপ্তাহে পাঁচ দিন কাজ হলে কর্মীদের দক্ষতা বাড়বে, পাশাপাশি গ্রাহক পরিষেবার মানও উন্নত হবে বলে তাদের দাবি। ইউনিয়নগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইতিমধ্যেই পাঁচ দিন কর্মদিবসের নিয়মে চলছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India- RBI), লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (Life Insurance Corporation of India- LIC), শেয়ার বাজার এবং অন্যান্য আর্থিক নিয়ন্ত্রক সংস্থায় শনি ও রবিবার ছুটি থাকে। অথচ দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যাঙ্কিং ব্যবস্থায় এখনও ছ’দিন কাজ করতে হচ্ছে কর্মীদের। এই বৈষম্য মেনে নিতে রাজি নন ব্যাঙ্ক কর্মীরা।

ব্যাঙ্ক ধর্মঘটের সম্ভাব্য তারিখ ঘিরে ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্রের খবর, আগামী ২৭ জানুয়ারি থেকে ধর্মঘট শুরু হতে পারে। সেই সময়ের মধ্যে শনি ও রবিবার পড়লে মিলিয়ে টানা চার দিন ব্যাঙ্কের দরজা বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ। ফলে নগদ লেনদেন, চেক ক্লিয়ারেন্স, ব্যাঙ্ক কাউন্টার পরিষেবা, ঋণ সংক্রান্ত কাজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা থমকে যেতে পারে। যদিও ব্যাঙ্ক ইউনিয়নগুলির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা কোনওভাবেই সাধারণ মানুষের ভোগান্তি বাড়াতে চান না। সেই কারণেই ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন একটি বিকল্প প্রস্তাব দিয়েছিল। প্রস্তাব অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট করে কাজ করার বিনিময়ে শনি ও রবিবার ছুটি দেওয়া হোক। তবে এই প্রস্তাবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও চূড়ান্ত সম্মতি মেলেনি।

আরও পড়ুন : Netaji Subhas Chandra Bose, Mamata Banerjee | নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে এসআইআর ইস্যুতে কেন্দ্র ও কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতার

ব্যাঙ্ক কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁদের দাবিগুলি উপেক্ষিত থেকে যাচ্ছে। কর্মী সংকট, ডিজিটাল পরিষেবার অতিরিক্ত চাপ, গ্রাহক অসন্তোষ সামলানো আবার ব্যাঙ্ক কর্মীদের উপর কাজের বোঝা দিন দিন বাড়ছে। তার উপর পাঁচ দিন কর্মদিবসের মতো যুক্তিসঙ্গত দাবি মানা হচ্ছে না বলেই তাঁরা আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, দীর্ঘমেয়াদে পাঁচ দিন কর্মদিবস চালু হলে ব্যাঙ্কিং ব্যবস্থায় আধুনিকীকরণ আরও গতি পাবে। ডিজিটাল লেনদেন বাড়ানোর পাশাপাশি কর্মীদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। যদিও স্বল্পমেয়াদে ধর্মঘটের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা ধাক্কা লাগতে পারে বলেও মত তাঁদের।

ব্যাঙ্ক ধর্মঘটের সম্ভাবনা মাথায় রেখে সাধারণ গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নগদ তোলার প্রয়োজন থাকলে আগে থেকেই ব্যবস্থা নেওয়া, অনলাইন ব্যাঙ্কিং ও ইউপিআই পরিষেবার উপর নির্ভর করা এবং জরুরি ব্যাঙ্কিং কাজ সময়মতো সেরে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে, ব্যাঙ্ক কর্মীদের এই আন্দোলন শুধু একটি ছুটির দাবিতে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কাজের পরিবেশ, কর্মদক্ষতা এবং দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার ভবিষ্যৎ রূপরেখা। এখন দেখার, কেন্দ্রীয় সরকার ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় এবং আদৌ এই ধর্মঘট এড়ানো যায় কি না।

ছবি : প্রতীকী
আরও পড়ুন : Elon Musk Ryanair Poll | স্টারলিংক বিতর্কে নতুন মোড়, সোশ্যাল মিডিয়ায় ‘রায়ানএয়ার কিনে নেওয়া উচিত কি না’ : ভোটাভুটি খুলে দিলেন ইলন মাস্ক

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন