Asia Cup 2025 IND vs PAK result, India beats Pakistan | মহালয়ার মহারণে পাকিস্তানকে হারাল ভারত, গান সেলিব্রেশনের জবাব রানে

SHARE:

পারিজাত গঙ্গোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক : এশিয়া কাপ ২০২৫ -এ (Asia Cup 2025) ভারত-পাকিস্তান মানেই উত্তেজনা তুঙ্গে। তবে ফলাফল প্রায় সবার কাছেই অনুমেয়। এবারও তার অন্যথা হল না। মহালয়ার দিনে পাকিস্তানকে (Pakistan) হারিয়ে সুপার ফোরের (Super Four) অভিযান শুরু করল ভারত (India)। পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) হাফসেঞ্চুরি করে ‘গান’ -এর মতো সেলিব্রেশন করেছিলেন। কিন্তু সেই গান-সেলিব্রেশনের জবাব দিলেন ভারতীয় ওপেনাররা রানের ঝড়ে। ১৮.৫ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১৭২ রানের লক্ষ্য পূরণ করে নিল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল।

টস জেতার পর রান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের ইনিংসে একসময় মনে হয়েছিল ২০০ রানের টার্গেট আসতে চলেছে। কিন্তু ভারতীয় বোলাররা পরিস্থিতি বদলে দেন। যদিও পাকিস্তানের দ্বিতীয় উইকেট পার্টনারশিপ ভাঙার আগে পর্যন্ত চাপে ছিল ভারত। প্রথম ১০ ওভারেই পাকিস্তান তুলেছিল ৯১ রান। সেই সময় শিবম দুবে (Shivam Dube) গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন। শেষ পর্যন্ত পাকিস্তান ১৭১ রানে থামে, যা ভারতের মতো ব্যাটিং লাইনআপের জন্য খুব একটা কঠিন টার্গেট ছিল না।কিন্তু, ভারতীয় ফিল্ডিং অবশ্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ম্যাচে চারটি ক্যাচ ফসকে যায়। জসপ্রিত বুমরা (Jasprit Bumrah) উইকেটহীন থেকেছেন, যা বিরল ঘটনা সমর্থকদের কাছে। ওমান ম্যাচে বিশ্রামের পর এদিন দলে ফিরেছিলেন বুমরা ও বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। তবে বুমরার আগের ধার দেখা যায়নি। পাওয়ার প্লে-তে তিন ওভার বোলিং করেও কোনও সাফল্য আসেনি। বিষয়টি নিয়ে পরিসংখ্যানবিদদের মাথাব্যথা শুরু হয়েছে। ভারতীয় ফিল্ডিং কোচকেও আগামী ম্যাচে বাড়তি মনোযোগ দিতে হবে, এমনই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

পাকিস্তানের ইনিংসে ফারহানের অর্ধশতক বিশেষ দাগ কাটলেও তার সেলিব্রেশন আরও বেশি আলোচনায়। ব্যাটকে বন্দুকের মতো ধরে ‘গান’ -এর ভঙ্গি করেন তিনি। তবে এই আচরণের উত্তরে ব্যাটেই জবাব দেন শুভমন গিল (Shubman Gill) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। শুরু থেকেই তাঁরা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। মাত্র ৮.৪ ওভারেই ভারত পৌঁছে যায় একশো রানে। এই জুটি প্রায় ম্যাচ শেষ করে দিচ্ছিলেন। শুভমনের দুর্ভাগ্যজনক চোটের পর ছন্দপতন হয়, আর অভিষেক আক্রমণাত্মক ইনিংস খেলে ফেরেন। এরপর তিলক বর্মা (Tilak Varma) ও সঞ্জু স্যামসন (Sanju Samson) ক্রিজে নেমে রান তাড়া করেন। যদিও কিছুটা সময় লেগেছিল ম্যাচকে এগিয়ে নিতে, তবুও ভারতের জয় নিয়ে কোনও সংশয় ছিল না। শেষ পর্যন্ত ২০ ওভারের আগেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

এই জয়ের ফলে ভারত শুধু গ্রুপ পর্বে নয়, সুপার ফোরেও দাপটের সঙ্গে যাত্রা শুরু করল। গ্রুপে সব ম্যাচ জিতে ইতিমধ্যেই শক্তিশালী অবস্থানে ছিল সূর্যকুমার যাদবরা। এবার পাকিস্তানকে হারিয়ে সেই অবস্থান আরও দৃঢ় হল, ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে দেখা গিয়েছে, পাকিস্তানের ব্যাটিং শুরুটা ভাল হলেও মাঝপথে ছন্দ হারিয়েছে। ভারতের বোলাররা চাপ ধরে রাখেননি বলেই রান উঠেছিল দ্রুত, তবে শিবম দুবের ব্রেকথ্রুর পর ম্যাচ একতরফা হয়ে যায়। অন্যদিকে, ভারতীয় ব্যাটারদের আত্মবিশ্বাস ও আগ্রাসী খেলা পাকিস্তানি বোলারদের চাপে ফেলে দেয়। ক্রীড়া বিশেষজ্ঞরা বলছেন, “শুভমন ও অভিষেকের জুটি এই ম্যাচের মোড় ঘুরিয়েছে। ওরা কেবল রান তুলেনি, পাকিস্তানি বোলারদের আত্মবিশ্বাসও দুমড়ে-মুষড়ে দিয়েছে।” আরেকজন প্রাক্তন ক্রিকেটার বলেন, “ফিল্ডিং নিয়ে ভারতের ভাবতে হবে। বড় ম্যাচে এই ধরনের ক্যাচ মিস করলে খেসারত দিতে হতে পারে।”
উল্লেখ্য, রবিবারের ম্যাচ, মহালয়ার দিনে ভারতীয় সমর্থকদের কাছে এই জয় উৎসবের মতোই। পাকিস্তানি ওপেনারের গান-সেলিব্রেশনের বদলা ভারত দিল রানের সেলিব্রেশনে। এশিয়া কাপের মঞ্চে ভারতীয় আধিপত্য আরও একবার স্পষ্ট হয়ে গেল।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Bangladesh vs Sri Lanka Asia Cup 2025 | প্রতিশোধের স্বাদ পেল বাংলাদেশ, শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে জয় দিয়ে শুরু

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন