বসুধা চৌধুরী ★ সাশ্রয় নিউজ : অর্জুন কপূর (Arjun Kapoor)-এর জন্মদিনে যেন নতুন কিছুর আভাস মিলল। সকাল থেকেই ছিল একাধিক জল্পনা, নতুন ছবির ঘোষণা করবেন? নাকি একেবারে চমকে দেওয়া কোনও ব্যক্তিগত সিদ্ধান্ত? শেষ পর্যন্ত জন্মদিনে নিজেই প্রকাশ্যে আনলেন জীবনের এক ‘দ্বিতীয় অধ্যায়ের’ সূচনা। জন্মদিনে নিজের বৃদ্ধাঙ্গুষ্ঠের ঠিক নিচে ‘স্মাইল’ শব্দটি উল্কি করালেন অর্জুন। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ভাগ করে নিয়ে লেখেন, “স্মাইল! কারণ আজ আমার জন্মদিন।” তার সঙ্গেই হ্যাশট্যাগ ‘#Arjun2.0’।
ওই ভিডিওতে অর্জুন বলেন, “একটা নতুন উল্কি করালাম। ‘স্মাইল’। আমি নিজে খুব একটা হাসি না। আসলে আমি খিটখিটে স্বভাবের। সব সময় মুখ গোমড়া করে থাকি। তাই ঠিক করলাম, এবার একটু বেশি হাসিখুশি হব। নিজেকে পাল্টানোর সময় এসেছে। হাসুন, বাঁচুন, আরও বেশি করে হাসুন।” এই ছোট্ট উল্কিই যেন একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, অর্জুন যেন নিজেকেই জানালেন নতুনভাবে বাঁচার চ্যালেঞ্জ। সঙ্গে যুক্ত হল ‘অর্জুন ২.০’-এর ঘোষণা। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, এই উল্কি এবং ‘হাসিখুশি’ থাকার অঙ্গীকারের নেপথ্যে হয়ত রয়েছেন প্রাক্তন প্রেমিকা মালাইকা অরোরা (Malaika Arora)। কারণ, এক বছর আগে তাঁর সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল। সেই মালাইকা এবার জন্মদিনে ফিরে এলেন অর্জুনের জীবনে, অন্তত সমাজমাধ্যমের বার্তায়।

একসময় ছ’বছর ধরে একসঙ্গে ছিলেন অর্জুন ও মালাইকা। গত বছর তাঁদের বিচ্ছেদ হয়। সেই সময় মালাইকা কোনওরকম শুভেচ্ছা জানাননি অর্জুনকে। কিন্তু এবার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল এক ভিন্ন ছবি। অর্জুনের একটি বুমেরাং ভিডিও পোস্ট করে তিনি লিখলেন, “শুভ জন্মদিন অর্জুন কপূর।” সঙ্গে রইল একটি সাদা হৃদয়ের ইমোজি ও সুরার গ্লাস, যেন উদ্যাপনের বার্তা। এই পোস্টের কয়েক মিনিট পরেই মালাইকা ভাগ করে নেন জনপ্রিয় গায়ক গুরু রণধাওয়া (Guru Randhawa)-র একটি রোমান্টিক গান। অনুরাগীদের মতে, এই গানের কথার মধ্যেই লুকিয়ে ছিল প্রেম, বিচ্ছেদ ও পুনর্মিলনের সঙ্কেত। এই দুই পোস্ট দেখে অনেকেই মনে করছেন, ফের মালাইকা কি তবে ফিরে আসছেন অর্জুনের জীবনে? সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে এই জল্পনায়। কেউ লিখছেন, “সাদা হৃদয়ের মানে হয়ত সততা, এক নতুন শুরুর ইঙ্গিত।” কেউ বা আবার বলছেন, “গানের বার্তায় অনেক কিছু স্পষ্ট, “প্রেম শেষ হয়নি, থেমে গিয়েছিল কেবল।”
অন্যদিকে, অর্জুনের এই উল্কি করানোর ভিডিওতেও ছিল একটি বিশেষ মুহূর্ত। তিনি বলেন, “এই উল্কি আমাকে বারবার মনে করিয়ে দেবে, আমাকে হাসতে হবে, আনন্দে থাকতে হবে। কিছু সম্পর্ক হয়ত শেষ হয়ে যায়, কিন্তু তাদের থেকে পাওয়া শিক্ষা থেকে নতুন জীবন শুরু করা যায়।” ওঁর এই কথার মধ্যেই কি তিনি পুরনো সম্পর্ককে সম্মান জানালেন? নাকি ইঙ্গিত দিলেন, সেই সম্পর্কই এবার নতুন করে শুরু হতে পারে?একাধিক অনুরাগী বলছেন, অর্জুনের এমন ‘পজ়িটিভ’ রূপ আগে দেখা যায়নি। হয়ত প্রাক্তনের শুভেচ্ছাই তাঁকে নতুন করে ভাবতে শিখিয়েছে। কেউ কেউ তো এমন কথাও বলছেন, “এই উল্কি হয়ত মালাইকাই সাজেস্ট করেছিলেন! ফিরে আসার শর্ত ছিল, হাসতে হবে, গোমড়া মুখ নয়!” যদিও অর্জুন বা মালাইকা কেউই তাঁদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কিছু বলেননি, কিন্তু তাঁদের সাম্প্রতিক পোস্ট আর শরীরী ভাষা বলছে অন্য কথা। বলিউডের একাংশের মতে, “এই যুগল আবার একসঙ্গে ফিরলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, এখনও তাঁদের মধ্যে শ্রদ্ধা ও ভালবাসা যে রয়েছে, তা বুঝতে কারও বাকি নেই।” অর্জুনের এই নতুন যাত্রা শুরু হল ‘স্মাইল’ দিয়ে। এখন দেখার, সেই হাসির সঙ্গী কি আবার মালাইকাই হবেন? অনুরাগীরা আপাতত কিন্তু অপেক্ষায়, আবার একবার ‘অর্জুন-মালাইকা’ যুগলকে একসঙ্গে দেখার জন্য।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Salman Khan : ‘ভাইজান’ থেকে বিনয়ী শিল্পী সলমন খানের মুখে তাঁর সাফল্য আর সংশয়ের গল্প



