সুজয়নীল দাশগুপ্ত, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই: জল্পনার অবসান ঘটিয়ে ফের রোহিত শর্মার (Rohit Sharma) হাতেই নেতৃত্বের দায়িত্ব তুলে দিল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দলের অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণার জন্য যে সময়টি বেছে নেওয়া হয়েছে, তার পিছনেও আছে বিশেষ তাৎপর্য। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রকাশ্যে আনা হয়েছে রোহিতের নাম। পাঁচটি আইপিএল (IPL) ট্রফি জয়ের কৃতিত্ব তাঁর অধিনায়কত্বে। আবার তাঁর জার্সি নম্বর ৪৫। তাই পাঁচ এবং ৪৫, এই দুই সংখ্যাকে একসূত্রে বেঁধেই ৫টা ৪৫ মিনিটকে বেছে নিয়েছে মুম্বাই শিবির। অধিনায়ক ঘোষণার সময়ের মধ্যেই দলের প্রাক্তন সফল নেতৃত্বকে ঘিরে আবেগ ও স্মৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে ফ্র্যাঞ্চাইজি।
রোহিতকে ফের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছিল ক্রিকেটমহলে। সমর্থকদের একাংশও চাইছিলেন, দলের দায়িত্ব আবার তাঁর হাতেই ফিরে আসুক। বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল। সেখানে জানানো হয়, পরের দিন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। ভিডিয়োর সঙ্গে দেওয়া হয়েছিল ‘আর ঠিক ২৪ ঘণ্টা বাকি’ এই ইঙ্গিতপূর্ণ লেখা। সময় নির্বাচন ও প্রকাশিত ছবির সূত্র ধরে সমর্থকদের মধ্যে তখন থেকেই জোরালো ধারণা তৈরি হয়, রোহিতের প্রত্যাবর্তনের খবরই আসতে চলেছে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হয়েছে। উল্লেখ্য, মুম্বাইয়ের হয়ে রোহিতের অতীত সাফল্যই তাঁকে আবার নেতৃত্বের আলোচনায় ফিরিয়ে এনেছিল। ২০১৩ সালে দলের অধিনায়কত্ব গ্রহণ করার পর টানা ১১ বছর সেই দায়িত্ব সামলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর নেতৃত্বে মুম্বাইই ইন্ডিয়ান্স পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন রোহিত। দলের কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া, ক্রিকেটারদের সঙ্গে সমন্বয় ও বড় ম্যাচে চাপ সামলানোর দক্ষতার কারণে মুম্বইয়ের সমর্থকদের কাছে তাঁর আলাদা গ্রহণযোগ্যতাও ব্যাপক।
তবে ২০২৪ সালের আগে মুম্বাইয়ের নেতৃত্বে বড় পরিবর্তন আসে। গুজরাত টাইটান্স (Gujarat Titans) থেকে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) দলে ফিরিয়ে এনে তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি। দীর্ঘদিনের অধিনায়ক রোহিতকে সরিয়ে হার্দিকের হাতে দায়িত্ব তুলে দেওয়ায় সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল। দলের এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা হয়। মাঠে মুম্বাই খেলতে নামলে হার্দিককে লক্ষ্য করে বিদ্রুপের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে কয়েক বার মাঠের সঞ্চালকদের দর্শকদের আচরণ নিয়ন্ত্রণে রাখার আবেদন জানাতে হয়েছিল বলে উল্লেখ। এবার, অধিনায়ক পরিবর্তনের পর মাঠের ফলও মুম্বাই সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। হার্দিকের নেতৃত্বে দল ধারাবাহিকতা বজায় রাখতে সমস্যায় পড়ে। তিন মরসুমের মধ্যে দু’বার মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়। গত মরসুমে দলের অবস্থান ছিল পয়েন্ট তালিকার একেবারে নিচের দিকে। পাঁচ বারের চ্যাম্পিয়ন দলের এমন পারফরম্যান্সে সমর্থকদের হতাশা আরও বেড়েছিল। ফলে নেতৃত্বে পরিবর্তনের দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে।
রোহিতের প্রত্যাবর্তনের সিদ্ধান্ত এর সঙ্গে জড়িয়ে আছে দলের পুরনো সাফল্যের স্মৃতি, সমর্থকদের আবেগ, সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে ওঠার প্রত্যাশাও। মুম্বাইয়ের সমর্থকদের কাছে রোহিত এমন একজন ক্রিকেটার, যাঁর নেতৃত্বে দল একাধিক বার কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে। তাঁর অভিজ্ঞতা এবং দলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আগামী মরসুমে নতুন করে আশার সঞ্চার করতে পারে বলে মনে করছেন সমর্থকদের একাংশ। কিন্তু, অধিনায়ক বদল হলেই যে দলের ভাগ্য রাতারাতি পাল্টে যাবে, এমন নিশ্চয়তা নেই। আইপিএলের প্রতিযোগিতা ক্রমশ কঠিন হচ্ছে। প্রতিটি দলই শক্তিশালী ক্রিকেটার নিয়ে মাঠে নামছে। ফলে মুম্বইকে সাফল্যের পথে ফিরতে হলে ব্যাটিং, বোলিং ও দলগত সমন্বয়ের প্রতিটি বিভাগেই ধারাবাহিকতা দেখাতে হবে। রোহিতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নতুন করে দলের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া।
অন্য দিকে, হার্দিকের ভূমিকা নিয়েও ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ থাকবে। তবে মুম্বাইয়ের ঘোষণায় আপাতত সবচেয়ে বড় আকর্ষণ রোহিতের প্রত্যাবর্তন। পাঁচটি ট্রফি জয়ের স্মৃতি এবং ৪৫ নম্বর জার্সির আবেগকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজি যে সময়টিতে তাঁর নাম ঘোষণা করল, তা সমর্থকদের কাছে নিছক কাকতালীয় নয়। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ে সেই প্রত্যাবর্তনের প্রভাব দেখার। পুরনো অধিনায়কের হাত ধরে মুম্বই ইন্ডিয়ান্স আবার ট্রফির দৌড়ে ফিরতে পারে কি না, সেই প্রশ্নের উত্তর দেবে আগামী মরসুমের পারফরম্যান্স।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন: ICC ODI Rankings, Arshdeep Singh Rohit Sharma | আইসিসির তালিকায় অর্শদীপের উত্থান, ব্যাট হাতে ধাক্কা রোহিতের

