Calcutta University Convocation, Indian Dress Code for Convocation | গাউন ছেড়ে বাঙালির ঐতিহ্যে সমাবর্তন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ধুতি-পাঞ্জাবি, ছাত্রীদের লালপাড় শাড়ি

SHARE:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ছাত্রদের সাদা ধুতি-পাঞ্জাবি এবং ছাত্রীদের লালপাড় সাদা শাড়ি পরার নতুন পোশাকবিধির সিদ্ধান্ত।

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : সমাবর্তনের মঞ্চে আর ইউরোপীয় ধাঁচের কালো গাউন, হুড কিংবা ক্যাপ নয়। এবার বাঙালির নিজস্ব পোশাক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ছোঁয়ায় সাজবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) সমাবর্তন। ছাত্রদের পরনে থাকবে সাদা ধুতি অথবা পায়জামা ও পাঞ্জাবি। ছাত্রীদের জন্য নির্ধারিত হয়েছে সাদা লালপাড় শাড়ি ও লাল ব্লাউজ। পাশাপাশি প্রত্যেক পড়ুয়ার হাতে তুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রতীক সংবলিত উত্তরীয়। সমাবর্তনের পোশাকবিধিতে এই বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার সিন্ডিকেটের বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। উচ্চশিক্ষা দফতরের তরফে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে ভারতীয় পোশাক ব্যবহারের যে উদ্যোগ নিতে বলা হয়েছে, তারই ধারাবাহিকতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ।

আরও পড়ুন : IOCL Apprentice Recruitment 2026 | পরীক্ষা ছাড়াই ইন্ডিয়ান অয়েলে চাকরির সুযোগ, ৪০৯টি শিক্ষানবিশ পদে আবেদন চলছে

দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ইউরোপীয় পোশাকের আদল অনুসরণ করে গাউন, হুড ও ক্যাপ পরার রীতি চালু রয়েছে। ঔপনিবেশিক আমলের শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত এই পোশাকের পরিবর্তে এবার ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেই পরিবর্তন আরও তাৎপর্যপূর্ণ, কারণ এই প্রতিষ্ঠানের দীর্ঘ শিক্ষাগত ও সাংস্কৃতিক ইতিহাস রয়েছে। নতুন পোশাকবিধির মাধ্যমে সমাবর্তনের মঞ্চে বাংলার নিজস্ব পরিচয় তুলে ধরতে চাইছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের একজন আধিকারিকের বক্তব্য অনুযায়ী, ছাত্রদের পোশাক হিসেবে সাদা ধুতি-পাঞ্জাবি অথবা সাদা পায়জামা-পাঞ্জাবি বেছে নেওয়া হয়েছে। ছাত্রীদের ক্ষেত্রে নির্ধারিত হয়েছে সাদা শাড়ির সঙ্গে লাল পাড় ও লাল ব্লাউজ। পড়ুয়াদের জন্য থাকবে বিশেষ উত্তরীয়, যাতে মুদ্রিত থাকবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এমব্লেম বা প্রতীক। এর ফলে সমাবর্তনে অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীর পোশাকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিচয়ও ফুটে উঠবে। এত দিন পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এ ধরনের নির্দিষ্ট পোশাকবিধি ছিল না। এবার প্রথমবারের মতো নির্দিষ্ট ভারতীয় পোশাকের মাধ্যমে সমাবর্তনের আনুষ্ঠানিক সাজ নির্ধারণ করা হচ্ছে।

কিন্তু, এই পরিবর্তন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। আচার্য, উপাচার্য, সহ-উপাচার্য, শিক্ষক ও অন্যান্য আধিকারিকদের পোশাকের ক্ষেত্রে আপাতত পুরোনো নিয়মই বজায় থাকছে। অর্থাৎ নতুন পোশাকবিধি মূলত সমাবর্তনে ডিগ্রি ও উপাধি গ্রহণ করতে আসা পড়ুয়াদের জন্য নির্ধারিত হয়েছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতরের উদ্যোগ। কয়েক দিন আগে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay) জলপাইগুড়ির একটি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভারতীয় পোশাক ব্যবহারের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তাঁর বক্তব্যের পর গত ২৩ নভেম্বর রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠি পাঠানো হয়। সেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grants Commission বা UGC)-এর ২০১৫, ২০১৯ এবং ২০২৪ সালের নির্দেশিকা ও পরামর্শের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। সমাবর্তনের পোশাকে ভারতীয় হস্তশিল্প ও হ্যান্ডলুমের বস্ত্র ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ওই চিঠিতে বলে উল্লেখ।

উচ্চশিক্ষা দফতরের বক্তব্য, সমাবর্তন কেবল শিক্ষাজীবনের একটি আনুষ্ঠানিক পর্ব নয়, এটি দেশের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরারও একটি সুযোগ। তাই ইউরোপীয় পোশাকের পরিবর্তে ভারতীয় ঐতিহ্য অনুসারে পোশাক নির্বাচন করা যেতে পারে। ধুতি-পাঞ্জাবি, পায়জামা-পাঞ্জাবি, শাড়ি কিংবা সংশ্লিষ্ট রাজ্যের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক এই অনুষ্ঠানে ব্যবহার করার সুযোগ রয়েছে। পাশাপাশি ভারতীয় তাঁতশিল্পে তৈরি উত্তরীয় বা অঙ্গবস্ত্র ব্যবহারের কথাও বলা হয়েছে। এ ক্ষেত্রে ইউজিসি কোনও নির্দিষ্ট পোশাকের নকশা বাধ্যতামূলক করেনি। বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য, স্থানীয় পরিবেশ এবং আবহাওয়ার কথা বিবেচনা করে পোশাক নির্ধারণ করতে পারবে। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি স্তরের শিক্ষার্থীদের জন্য পৃথক রঙের উত্তরীয় বা পোশাক ব্যবহারের সুযোগও রাখা হয়েছে। অর্থাৎ প্রত্যেক বিশ্ববিদ্যালয় চাইলে নিজস্ব পরিচয় বজায় রেখেই ভারতীয় পোশাকের প্রচলন করতে পারে।

আরও পড়ুন : Diamond Harbour Road Expansion | ডায়মন্ড হারবার রোডে যানজটের দিন শেষের পরিকল্পনা! জোকা থেকে আমতলা হয়ে সাগরদ্বীপ পর্যন্ত রাস্তা চওড়ার উদ্যোগ

এই উদ্যোগের সঙ্গে অর্থনৈতিক দিকটিও যুক্ত রয়েছে। ভারতীয় হ্যান্ডলুম ও হস্তশিল্পের বস্ত্র ব্যবহার বাড়লে স্থানীয় তাঁতশিল্পীদের কাজের সুযোগ তৈরি হতে পারে। বিশ্ববিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠানের অনুষ্ঠানে নির্দিষ্ট পোশাক ও উত্তরীয় ব্যবহারের জন্য দেশীয় তাঁতবস্ত্রের চাহিদা বাড়ার সম্ভাবনা আছে। এর ফলে গ্রামীণ তাঁতশিল্পের সঙ্গে যুক্ত পরিবারগুলিও উপকৃত হতে পারে বলে মনে করছে উচ্চশিক্ষা দফতর। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সমাবর্তনে দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ফুটে ওঠা প্রয়োজন। তাঁর মতে, বাংলার নিজস্ব ঐতিহ্যেও উপাধি প্রদান বা সম্মান জানানোর ক্ষেত্রে উত্তরীয় কিংবা অঙ্গবস্ত্র ব্যবহারের দীর্ঘ প্রচলন রয়েছে। নবদ্বীপ, ভাটপাড়া এবং বিক্রমপুরের মতো প্রাচীন সংস্কৃতচর্চার কেন্দ্রগুলির ঐতিহাসিক গুরুত্বের কথাও তিনি তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, ‘বাংলার নিজস্ব সাংস্কৃতিক পরম্পরাতেও উপাধি প্রদানের ক্ষেত্রে উত্তরীয় বা অঙ্গবস্ত্র দেওয়ার রীতি রয়েছে।’ তাই সমাবর্তনের পোশাকে ভারতীয় ঐতিহ্য ফিরিয়ে আনা হলে অনুষ্ঠানের নিজস্ব চরিত্র আরও সমৃদ্ধ হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, দেশের প্রায় ৯০ থেকে ৯২টি কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিমধ্যেই সমাবর্তনের পোশাক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিও সেই পথে হাঁটুক, এমনটাই চাইছে উচ্চশিক্ষা দফতর। তবে এই পরিবর্তন কার্যকর করার ক্ষেত্রে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিধি এবং ঐতিহ্য বিবেচনায় রাখা প্রয়োজন।

রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই পোশাক পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয় (University of Kalyani) গত বছর থেকেই সমাবর্তনে গাউন বা রোব ব্যবহারের প্রথা বন্ধ করেছে বলে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রছাত্রীরা ভারতীয় পোশাক পরলেও তার ওপর গেরুয়া রঙের রোব ব্যবহারের প্রচলিত। ছাত্রদের পরনে থাকে ধুতি বা পায়জামা ও পাঞ্জাবি। ছাত্রীদের ক্ষেত্রে শাড়ি পরার চল আছে। কিন্তু তার ওপর রোব পরার নিয়ম এখনও রয়েছে। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও পোশাকবিধি পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের ডিনদের সাম্প্রতিক বৈঠকে সমাবর্তনের পোশাক নিয়ে আলোচনা হয়েছে। সেখানে কয়েকজনের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিধিতে রোব ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। ফলে নিয়ম পরিবর্তন না করে সরাসরি এই পোশাক তুলে দেওয়া সহজ হবে না। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের নিজস্ব ঐতিহাসিক পরিচয় ও ঐতিহ্যের সঙ্গে ইউরোপীয় পোশাকের সম্পর্কের বিষয়টিও আলোচনায় এসেছে। পোশাকবিধি বদলালে পড়ুয়াদের একাংশের মধ্যে আপত্তি তৈরি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এই বিষয়গুলি উচ্চশিক্ষা দফতরকে জানানো হতে পারে।

এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সমাবর্তনের দিনক্ষণ নিয়েও আলোচনা হয়েছে। আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট তারিখে সমাবর্তন করার অনুমতি পাওয়া গেলে পরবর্তী প্রস্তুতি শুরু হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে পাঁচজনের একটি তালিকা তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। তালিকায় আন্তর্জাতিক স্তরে পরিচিত এক বাঙালি পদার্থবিজ্ঞানীর নাম নিয়েও আলোচনা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তনের চেনা ছবিতে বড় পরিবর্তন আসতে পারে। শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে পড়ুয়ারা নিজেদের আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্যের পোশাকে মঞ্চে উঠবেন। কিন্তু, রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়গুলি কতটা দ্রুত এই নিয়ম গ্রহণ করবে, তা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন পোশাকবিধি ঘিরেই শিক্ষামহলে আগ্রহ তৈরি হয়েছে।

ছবি : সংগৃহীত ও প্রতীকী 
আরও পড়ুন : CM Suvendu Adhikari on Nabadwip Development 3 Crore Fund | নবদ্বীপে ৩ কোটি টাকার ঘোষণা, গবেষণাকেন্দ্র-গোশালার পাশাপাশি চালু হবে লঞ্চ পরিষেবা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন