India vs New Zealand First Test | পাঁচ উইকেট হারিয়েও ঘুরে দাঁড়াল কিউয়িরা, চাপে শুভমনের ভারত

SHARE:

ভারত বনাম নিউ জিল্যান্ড টেস্টে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম দিনের শেষে কিউয়িদের সংগ্রহ ২৪৩ রানে পাঁচ উইকেট।

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ স্পোর্টস ডেস্ক, ওয়েলিংটন।১৯ নভেম্বর : শুরুটা ছিল ভারতের পক্ষেই। মাত্র ৭০ রানের মধ্যে নিউ জিল্যান্ডের (India vs New Zealand First Test) পাঁচটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে বড়সড় ধাক্কা দিয়েছিল ভারতীয় বোলাররা। কিন্তু সেই দাপট ধরে রাখা গেল না দিনের শেষ পর্যন্ত। গ্লেন ফিলিপস (Glenn Phillips) আর হেনরি নিকোলসের (Henry Nicholls) দুরন্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াল নিউ জিল্যান্ড (New Zealand)। প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৪৩ রান। শতরান করে অপরাজিত রয়েছেন নিকোলস। অন্য প্রান্তে শতরান থেকে মাত্র ৬ রান দূরত্বে ব্যক্তিগত ৯৪ রান করে ক্রিজে রয়েছেন ফিলিপস। দুই ব্যাটারের অবিচ্ছিন্ন জুটি ভারতের বোলিং আক্রমণের যাবতীয় পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে।

আরও পড়ুন : Shubman Gill New Zealand Tour | নিউজিল্যান্ড সফরেই বিশ্বকাপের মহড়া! আগেভাগে কিউয়িদের দেশে পৌঁছে বিশেষ প্রস্তুতিতে শুভমন গিল

পাশাপাশি মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত ও ফিল্ডিংয়ের একাধিক ভুল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ওয়েলিংটনের রিজার্ভ বেসিনে (Basin Reserve) টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। শুরুতে তাঁর সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন ভারতীয় পেসারেরা। নতুন বলে দুরন্ত ছন্দে দেখা যায় জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। তাঁর নেতৃত্বে ভারতীয় বোলিং বিভাগ শুরু থেকেই নিউ জ়িল্যান্ডের ব্যাটারদের উপর চাপ তৈরি করে। প্রথম ইনিংসের শুরুতেই কিউয়ি অধিনায়ক টম লাথামকে (Tom Latham) শূন্য রানে ফিরিয়ে দেন বুমরাহ। এরপর একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিক দল। এদিন ডেভন কনওয়ে (Devon Conway) মাত্র ৪ রান করে ফিরে যান। রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) করেন ১৫ রান। ড্যারেল মিচেল (Daryl Mitchell) এবং টম ব্লান্ডেলও (Tom Blundell) বড় রান করতে পারেননি। তাঁদের সংগ্রহ যথাক্রমে ১ ও ৫ রান। বুমরাহ একাই তুলে নেন তিনটি উইকেট। বাকি দুই উইকেটের মধ্যে একটি করে পান অনশুল কম্বোজ (Anshul Kamboj) এবং বাংলার আকাশদীপ (Akash Deep)। প্রথম ৩০ ওভারে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রণে ছিল ম্যাচের রাশ। নিউ জ়িল্যান্ডের ব্যাটিং লাইনআপকে কার্যত দিশাহারা দেখাচ্ছিল।

কিন্তু ক্রিকেটের লড়াইয়ে একটা পর্যায়ের সাফল্য ধরে রাখাই সবচেয়ে বড় পরীক্ষা। সেই পরীক্ষায় প্রথম দিন সফল হতে পারল না ভারত। পঞ্চম উইকেট পড়ার পর ব্যাট করতে নামা গ্লেন ফিলিপস এবং হেনরি নিকোলস ধীরে ধীরে ম্যাচের গতিপথ বদলে দেন। প্রথমে উইকেট বাঁচানোকে গুরুত্ব দেন তাঁরা। ভারতীয় পেসারদের আক্রমণ সামলে ক্রিজ়ে নিজেদের অবস্থান মজবুত করার পর পাল্টা রান তোলার দিকে মন দেন দুই ব্যাটার। তাঁদের ব্যাটিংয়ে ছিল ধৈর্য, পরিস্থিতি বোঝার ক্ষমতা এবং সুযোগ পেলেই আক্রমণে যাওয়ার মানসিকতা। ভারতীয় বোলারদের একের পর এক প্রচেষ্টা সত্ত্বেও এই জুটি ভাঙা সম্ভব হয়নি। পেসারদের পাশাপাশি ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) স্পিনও তাঁদের খুব একটা সমস্যায় ফেলতে পারেনি। দুই ব্যাটারই ঝুঁকি কমিয়ে রান সংগ্রহের দিকে মন দেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাঁদের আত্মবিশ্বাস বাড়তে থাকে। ভারতীয় ফিল্ডারদের উপরও চাপ তৈরি হয়।

প্রথম দিনের সবচেয়ে বড় প্রাপ্তি নিকোলসের শতরান। তিন কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরে ১১৩ রানে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংসে রয়েছে ১৪টি চার। অন্যদিকে ফিলিপসও আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতীয় বোলারদের চাপে রেখেছেন। ১৩টি চার মেরে মোট ৯৪ রানে অপরাজিত ফিলিপস। অর্থাৎ, দ্বিতীয় দিনের শুরুতেই শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকবেন ফিলিপস। ষষ্ঠ উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে যোগ হয়েছে ১৭৩ রান। মাত্র ৭০ রানে পাঁচ উইকেট হারানোর পর নিউ জিল্যান্ডের ২৪৩ রানে পৌঁছে যাওয়া নিঃসন্দেহে বড় প্রত্যাবর্তন।

আরও পড়ুন: Rakul Preet Singh Gir Forest | গির অরণ্যে বিতর্কে রাকুল প্রীত সিং! ভাইরাল ভিডিও, অসুস্থতা ঘিরে চাঞ্চল্য

ভারতের বোলিং পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে ফর্মে থাকা মহম্মদ সিরাজকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে। দিনের শেষে সেই প্রশ্ন আরও জোরাল হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ১৬ ওভার বল করেও কোনও উইকেট পাননি। অনশুল কম্বোজ ১৮ ওভার বল করে একটি উইকেট নিয়েছেন। ওয়াশিংটন সুন্দর ১৬ ওভার বল করেও সাফল্য পাননি। আকাশদীপ ১৫ ওভার হাত ঘুরিয়ে একটি উইকেট পেয়েছেন। অন্যদিকে বুমরাহ তিনটি উইকেট পেলেও অন্য প্রান্ত থেকে ধারাবাহিক সহায়তা না পাওয়ায় তাঁর পক্ষে চাপ বজায় রাখা কঠিন হয়ে পড়ে। শুধু বোলিং নয়, ভারতের ফিল্ডিংও হতাশ করেছে সমর্থকদের। ম্যাচের ৭৪তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণের বলে নিকোলসের একটি গুরুত্বপূর্ণ ক্যাচ হাতছাড়া হয়। ঋষভ পন্থ (Rishabh Pant) এবং দেবদত্ত পাড়িক্কলের (Devdutt Padikkal) মধ্যে বোঝাপড়ার অভাবে সেই সুযোগ নষ্ট হয়। দু’জনের মধ্যে কে ক্যাচ ধরবেন, তা নিয়ে দ্বিধা তৈরি হওয়ায় সহজ সুযোগ হাতছাড়া হয়ে যায়। এমন গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পাওয়ার সুযোগ নষ্ট হওয়ায় ভারতীয় দলের উপর চাপ আরও বেড়ে যায়। অন্তত দুটি নিশ্চিত আউটের সুযোগ কাজে লাগাতে পারেনি ভারতীয় ফিল্ডাররা।

টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখতে শুধু উইকেট নেওয়াই যথেষ্ট না। নিখুঁত থাকতে হয় ফিল্ডিংয়েও। বিশেষ করে যখন কোনও দল পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে, তখন পরবর্তী উইকেটটি দ্রুত তুলে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ফিলিপস ও নিকোলসকে দীর্ঘ সময় ক্রিজে থাকার সুযোগ দিয়ে ভারত সেই সুবিধা হারিয়েছে। দ্বিতীয় দিনের শুরুতে এই জুটিকে দ্রুত ফেরাতে না পারলে নিউ জ়িল্যান্ডের প্রথম ইনিংসের রান আরও বড় হওয়ার আশঙ্কা বলে উল্লেখ। উল্লেখ্য, ভারতীয় শিবিরের উদ্বেগের আর একটি কারণ মন্থর ওভার রেট। নির্ধারিত ৯০ ওভার শেষ করার কথা থাকলেও অতিরিক্ত ৩০ মিনিট খেলার সুযোগ পাওয়ার পরেও মাত্র ৮২ ওভার বল করতে পেরেছে ভারত। টেস্ট ক্রিকেটে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) নিয়ম অনুযায়ী দলকে শাস্তির মুখে পড়তে হতে পারে। মন্থর ওভার রেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান পয়েন্ট কাটা যাওয়ার আশঙ্কা রয়েছে। ফাইনালে ওঠার দৌড়ে প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ হওয়ায় এই বিষয়টি ভারতীয় দলের কাছে বাড়তি মাথাব্যথার কারণ।

প্রথম দিনের শুরুতে যে ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে ছিল, দিনের শেষে সেই লড়াইয়ে ফিরে এসেছে নিউ জ়িল্যান্ড। ৭০ রানে পাঁচ উইকেট হারানোর পর ২৪৩ রানে পৌঁছনো কিউয়িদের আত্মবিশ্বাস বাড়াবে। অন্যদিকে ভারতকে দ্বিতীয় দিনের শুরুতেই দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করতে হবে। ফিলিপসের শতরান আটকানো এবং নিকোলসকে ফিরিয়ে দেওয়াই হবে বুমরাহদের সামনে প্রধান লক্ষ্য। প্রথম দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে বোলিং, ফিল্ডিং এবং ওভার রেট, তিনটি ক্ষেত্রেই উন্নতি করতে না পারলে এই টেস্টে কঠিন লড়াইয়ের মুখে পড়তে পারে শুভমন গিলের দল।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : India captain Shubman Gill on India vs New Zealand Test Series | নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার পেসারেই বাজিমাতের ছক গিলের, পন্থকে নিয়েও বড় মন্তব্য ক্যাপ্টেনের

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন