Wakefit Sleep Internship Winner Zinnia Chatterjee | ঘুমিয়েই বাজিমাত! ৯.৬ লক্ষ টাকা জিতলেন মুম্বাইয়ের জিনিয়া

SHARE:

ওয়েকফিটের স্লিপ ইন্টার্নশিপ প্রতিযোগিতায় প্রথম হয়ে ৯.৬ লক্ষ টাকা জিতলেন মুম্বইয়ের জিনিয়া চট্টোপাধ্যায়।

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই: ঘুমিয়ে সময় কাটানো অনেকের কাছেই অলসতা বলে মনে হতে পারে। কিন্তু সেই ঘুমই যদি এনে দেয় প্রায় ১০ লক্ষ টাকার পুরস্কার, সঙ্গে বিনা খরচে বিদেশভ্রমণের সুযোগ, তা হলে বিষয়টি নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। এমনই এক অভিনব প্রতিযোগিতায় প্রথম হয়ে নজর কেড়েছেন মুম্বইয়ের বাসিন্দা জিনিয়া চট্টোপাধ্যায় (Zinnia Chatterjee)। ম্যাট্রেস ও আসবাব প্রস্তুতকারী সংস্থা ওয়েকফিটের (Wakefit) ‘স্লিপ ইন্টার্নশিপ’ (Sleep Internship) -এর পঞ্চম সংস্করণে সেরার শিরোপা জিতে তাঁর প্রাপ্তি ৯.৬ লক্ষ টাকা। শুধু তাই নয়, পুরস্কারের তালিকায় রয়েছে সম্পূর্ণ খরচ বহন করে ছুটি কাটানোর সুযোগও। কিন্তু এই প্রতিযোগিতায় জয় পাওয়া মোটেই যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা ছিল না। নিয়মিত ঘুমের হিসাব রাখা, ঘুমের মান বজায় রাখা ও একাধিক সৃজনশীল পরীক্ষায় উত্তীর্ণ হয়েই তাঁকে জিততে হয়েছে।

আরও পড়ুন : Aamir Khan emotional moment | Singapore International Film Festival : ৩০ বছরের কাজের নেশায় পরিবারকে সময় দিতে পারেননি! সিঙ্গাপুরে চোখের জল আমির খানের, জীবনের বড় আক্ষেপ প্রকাশ্যে

ঘুমকে কেন্দ্র করে আয়োজিত এই অভিনব প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে আবেদন করেছিলেন ২ লক্ষেরও বেশি মানুষ। তাঁদের মধ্য থেকে বিভিন্ন পর্যায়ের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন মাত্র ১০ জন। এই ১০ প্রতিযোগীকে নিয়ে শুরু হয় দু’মাসের বিশেষ কর্মসূচি। সেখানে প্রত্যেকের দায়িত্ব ছিল নির্দিষ্ট সময় মেনে ঘুমানো, প্রতিদিনের ঘুমের পরিসংখ্যান নথিভুক্ত করা ও ঘুমের গুণমানের দিকে নজর রাখা। অর্থাৎ শুধু দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে থাকলেই চলত না, ঘুম কতটা গভীর হচ্ছে এবং প্রতিদিনের ঘুমের স্কোর কেমন থাকছে, তার উপরও নির্ভর করছিল প্রতিযোগীদের সাফল্য। টানা ৬০ দিন ধরে ঘুমের অভ্যাসে ধারাবাহিকতা বজায় রাখা ছিল এই কর্মসূচীর অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।

প্রতিযোগীদের ঘুমের তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা হত। পাশাপাশি প্রতি সপ্তাহে তাঁদের জন্য রাখা হয়েছিল নানা ধরনের মজার ও সৃজনশীল চ্যালেঞ্জ। ফলে পুরো প্রতিযোগিতাটি নিছক ঘুমের পরীক্ষা হয়ে থাকেনি। বরং ঘুমের পাশাপাশি উপস্থিত বুদ্ধি, স্মৃতিশক্তি, অভিনয় ও সৃজনশীলতারও পরীক্ষা নেওয়া হয়েছে। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল ‘স্লিপ সিনেমা’ (Sleep Cinema)। এই পর্বে জনপ্রিয় সিনেমার পরিচিত দৃশ্যগুলিকে ঘুমের বিষয়বস্তুর সঙ্গে মিলিয়ে অভিনয় করতে হত অংশগ্রহণকারীদের। সিনেমার দৃশ্যকে নতুনভাবে উপস্থাপন করার এই পরীক্ষায় তাঁদের কল্পনাশক্তির পরিচয় দিতে হয়েছে। অন্যদিকে ‘স্লিপ বিঙ্গো’ (Sleep Bingo) পর্বে সপ্তাহজুড়ে নিজেদের দৈনন্দিন অভ্যাসের হিসাব রাখতে হত। কোন দিন কতক্ষণ ঘুম হল, ঘুমের রুটিন কতটা বজায় রাখা গেল, সেই সমস্ত বিষয় ছিল এই পর্বের অংশ।

আরও পড়ুন : PM Narendra Modi Agriculture Plan | ২০৪৭-এর বিকশিত ভারতের স্বপ্নে কৃষিতে নতুন দিশা মোদীর, চাষের পাশাপাশি ব্যবসায় জোর

সবচেয়ে মজার চ্যালেঞ্জগুলির মধ্যে ছিল ‘আন্ডারকভার স্লিপ মিশন’ (Undercover Sleep Mission)। এই পরীক্ষায় প্রতিযোগীদের সাধারণ কথাবার্তার মধ্যে কাউকে সন্দেহ করতে না দিয়ে ‘blanket’ ও ‘pillow’ শব্দ দুটি ১০ বার ব্যবহার করতে হত। শুনতে সহজ মনে হলেও স্বাভাবিক কথোপকথনের মধ্যে নির্দিষ্ট শব্দ বারবার প্রয়োগ করে অন্যদের নজর এড়ানো ছিল যথেষ্ট কঠিন। প্রতি সপ্তাহে এই ধরনের চ্যালেঞ্জে যাঁরা ভালো ফল করতেন, তাঁদের দেওয়া হত ‘প্রো স্লিপার অব দ্য উইক’ (Pro Sleeper of the Week) খেতাব। দু’মাসের কর্মসূচী শেষে সেরা তিন প্রতিযোগী হিসেবে উঠে আসেন রত্নগিরির মণিকন্দন, মুম্বাইয়ের জিনিয়া চট্টোপাধ্যায় ও মেহেক খোট। তবে ফাইনালের লড়াইয়ে প্রতিযোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় চার। সাপ্তাহিক সৃজনশীল পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করার সুবাদে হায়দরাবাদের করিম খান ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে শেষ পর্বে জায়গা করে নেন। চার জনকে নিয়ে আয়োজন করা হয় চূড়ান্ত প্রতিযোগিতা। রিয়্যালিটি শোয়ের আদলে সাজানো এই বিশেষ পর্বের নাম দেওয়া হয়েছিল ‘বিগ বেড’ (Big Bedd)। ফাইনালে প্রতিযোগীদের জন্য ছিল একাধিক আকর্ষণীয় পরীক্ষা। তার মধ্যে অন্যতম ‘মেমরি ফোম চ্যালেঞ্জ’ (Memory Foam Challenge)। এই পর্বে কয়েকটি শোবার ঘরের ছবি দেখানো হয়েছিল অংশগ্রহণকারীদের। ছবিগুলি ভালভাবে পর্যবেক্ষণ করার পর স্মৃতি থেকে সেই ঘরের আসবাব ও অন্যান্য জিনিসের বিন্যাস তৈরি করতে হত। ফলে শুধু ঘুমের অভ্যাস নয়, তাঁদের পর্যবেক্ষণ ক্ষমতা ও স্মৃতিশক্তিও যাচাই করা হয়।

আরও পড়ুন : Ameesha Patel Hardik Pandya Relationship | হার্দিকের কাঁধে হাত রাখতেই প্রেমের গুঞ্জন! নেটাগরিককে কড়া জবাব আমীষা প্যাটেলের

এর পরের পর্বের নাম ছিল ‘স্লিপ অকশন’ (Sleep Auction)। এখানে প্রতিযোগীদের নিজেদের শোবার ঘরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বেছে নিতে দর হাঁকতে হয়। তালিকায় ছিল এসির নিয়ন্ত্রণ, বিশেষ আলো, হোয়াইট নয়েজ (White Noise) সেটিংস, বালিশ ও কম্বল। ঘুমের পরিবেশকে আরও আরামদায়ক করে তুলতে কোন জিনিসটি কতটা প্রয়োজন, তা বিবেচনা করেই দর নির্ধারণ করতে হয়েছিল তাঁদের। এই পর্বে সঞ্চালক অনুজ গুপ্তার (Anuj Gupta) পরিবেশিত ‘র‍্যাপ লুলাবি’ও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। প্রতিযোগীরা নিজেদের পছন্দমতো শোবার ঘরের ব্যবস্থা তৈরি করার পর বিশেষ পর্যবেক্ষণের মধ্যে কাটান শেষ রাতটি। সেই রাতে তাঁদের ঘুমের মান এবং গোটা প্রতিযোগিতায় ৬০ দিনের ধারাবাহিক পারফরম্যান্স, দুই বিষয়ই চূড়ান্ত ফল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছিল। অর্থাৎ শেষ রাতের ঘুম ভালো হলেই যে কেউ বিজয়ী হবেন, এমন সুযোগ ছিল না। দীর্ঘ দু’মাসের কর্মসূচিতে যাঁরা নিয়ম মেনে ভালো ফল করেছেন, তাঁদের সামগ্রিক সাফল্যও বিবেচনা করা হয়েছে।

শেষ পর্যন্ত চার প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করেন জিনিয়া চট্টোপাধ্যায়। তাঁর পুরস্কার হিসেবে রয়েছে ৯.৬ লক্ষ টাকা ও সম্পূর্ণ খরচ বহন করে ছুটি কাটানোর সুযোগ। সাধারণ চাকরির ক্ষেত্রে দু’মাসের পরিশ্রমের বিনিময়ে এমন পুরস্কার পাওয়া যেখানে যথেষ্ট কঠিন, সেখানে ঘুম ও কয়েকটি অভিনব পরীক্ষায় অংশ নিয়েই জিনিয়ার এই সাফল্য স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তবে এই প্রতিযোগিতার পিছনে রয়েছে সংস্থার দীর্ঘদিনের একটি প্রচারমূলক পরিকল্পনা। ২০১৯ সালে ওয়েকফিট প্রথম এই ‘স্লিপ ইন্টার্নশিপ’ কর্মসূচী শুরু করেছিল। সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুসারে, প্রথম চারটি সংস্করণেই আবেদনকারীর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে যায়। আগের চারটি সংস্করণে মোট ৬৫ জন ইন্টার্নকে এক লক্ষ টাকা করে ভাতা দেওয়া হয়েছিল। কিন্তু পঞ্চম সংস্করণে পুরস্কারের অঙ্ক অনেকটাই বাড়ানো হয়েছে। এবার বিজয়ীর জন্য বরাদ্দ করা হয়েছে ৯.৬ লক্ষ টাকা। ফলে প্রতিযোগিতাটি আগের তুলনায় অনেক বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

বর্তমান ব্যস্ত জীবনে কাজের চাপ, অনিয়মিত জীবনযাপন ও অতিরিক্ত ডিজিটাল নির্ভরতার কারণে বহু মানুষের ঘুমের সময় কমে যাচ্ছে। অনেকেই প্রয়োজনীয় বিশ্রাম না নিয়েই প্রতিদিনের কাজ চালিয়ে যান। সেই পরিস্থিতিতে ঘুমের নিয়মিত অভ্যাস এবং তার গুণমান নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই ওয়েকফিটের এই উদ্যোগ। সংস্থার প্রচারমূলক কর্মসূচি হলেও প্রতিযোগিতার অভিনব নিয়ম ও বিপুল অঙ্কের পুরস্কার সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি করেছে। সাধারণত প্রতিযোগিতায় জয়ী হতে হলে শারীরিক দক্ষতা, মেধা কিংবা দীর্ঘ অনুশীলনের প্রয়োজন হয়। সেখানে ঘুমকে কেন্দ্র করে তৈরি একটি প্রতিযোগিতায় প্রায় ১০ লক্ষ টাকা জেতার ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী। মুম্বাইয়ের জিনিয়া চট্টোপাধ্যায়ের এই জয় ঘুম নিয়ে প্রচলিত ধারণাকেও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। বিছানায় শুয়ে সময় কাটানো যে কোনও কোনও ক্ষেত্রে এমন বিপুল পুরস্কারের কারণ হতে পারে, তা হয়ত প্রতিযোগিতা শুরুর আগে তিনি কল্পনাও করেননি।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli Successful Run Chase Record | সচিনকে টপকে গেলেন কোহলির! রান চেজ করে বিশ্বসেরা ভারতীয় তারকা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন