Hardik Pandya IPL Trade | মুম্বাই ছাড়লেন! পাঞ্জাবের নতুন ঠিকানায় হার্দিক, বিনিময়ে বড় চমক রোহিতদের

SHARE:

মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার সম্ভাবনায় হার্দিক পাণ্ড্য, বিনিময়ে অর্শদীপ সিং ও বিষ্ণু বিনোদকে পেতে পারে মুম্বাই

সুজয়নীল দাশগুপ্ত, সাশ্রয় নিউজ ডেস্ক ★মুম্বাই: আইপিএলের আসন্ন মরসুমের আগে ক্রিকেটমহলে বড়সড় রদবদলের জল্পনা। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি ছেড়ে এ বার পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামতে চলেছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। সম্প্রতি একাধিক সূত্রের খবর, দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে তাঁর দলবদল নিয়ে সমঝোতা চূড়ান্ত হয়েছে। বিনিময়ে মুম্বাই শিবিরে যোগ দিতে চলেছেন পাঞ্জাবের বাঁহাতি পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh) ও উইকেটকিপার-ব্যাটার বিষ্ণু বিনোদ (Vishnu Vinod)। দুই দলের তরফে প্রয়োজনীয় নথি বোর্ডের কাছে জমা পড়েছে বলেও দাবি করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে যাচাইয়ের পরই এই লেনদেনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। হার্দিকের দলবদল নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছিল। মুম্বাইয়ের সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে পাঞ্জাবের সঙ্গে সম্ভাব্য চুক্তির খবর।

আরও পড়ুন : CM Suvendu Adhikari on West Bengal Industrial Policy 2026 | কারখানার গেটে অবরোধ চলবে না, শিল্পে বাধা দিলেই জেল: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সূত্রের দাবি, দলবদলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ও হার্দিক নতুন মরসুমে পঞ্জাবের হয়ে খেলতে আগ্রহী। সেখানে শ্রেয়াস আয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে খেলার সুযোগও তাঁর কাছে গুরুত্বপূর্ণ বলে জানা যাচ্ছে। চুক্তির আর্থিক অঙ্ক এখনও প্রকাশ্যে আসেনি। হার্দিকের বিনিময়ে অর্শদীপ ও বিষ্ণু বিনোদকে দেওয়ার সিদ্ধান্তও আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হওয়ার অপেক্ষায়।।একটি বিশেষ সূত্রের দাবি অনুযায়ী, হার্দিক ও অর্শদীপকে নিয়ে দুই ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব ও কোচিং স্টাফের মধ্যে আলোচনা হয়েছে। পাঞ্জাবের হয়ে দীর্ঘ দিন ধরে খেলা অর্শদীপকে ছেড়ে দেওয়া সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও ভারসাম্যের কথা মাথায় রেখেই শেষ পর্যন্ত এই সমঝোতায় সম্মতি মিলেছে বলে খবর। অন্য দিকে, মুম্বাইয়ের কাছে অর্শদীপের মতো বাঁহাতি পেসারকে পাওয়া বড় প্রাপ্তি হতে পারে। কারণ, নতুন বলের পাশাপাশি ইনিংসের শেষ দিকেও তাঁর কার্যকারিতাও রয়েছে। জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) সঙ্গে জুটি বেঁধে মুম্বাইয়ের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হতে পারে।

মুম্বাইয়ের দল গঠনের ক্ষেত্রে অর্শদীপের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। পাওয়ার প্লে-তে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ডেথ ওভারে রান আটকানোর দক্ষতা রয়েছে তাঁর। বুমরাহের সঙ্গে তাঁকে ব্যবহার করতে পারলে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপের উপর চাপ বাড়াতে পারবে মুম্বাই। একই সঙ্গে বিষ্ণু বিনোদকে পাওয়াও দলের উইকেটকিপিং বিকল্প বাড়াবে। ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে তাঁকে প্রয়োজনে একাদশে রাখা যেতে পারে। ফলে হার্দিকের মতো অলরাউন্ডারকে হারালেও মুম্বাই দুই ধরনের ক্রিকেটারের মাধ্যমে দল সাজানোর সুযোগ পাবে। আবার, হার্দিককে পাওয়ার দৌড়ে অবশ্য শুধু পাঞ্জাব ছিল না। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজির নাম আলোচনায় উঠে এসেছিল। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) আগ্রহও ছিল বলে খবর। এমনকি হার্দিককে দলে নিতে রাজস্থান যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) ছেড়ে দিতে রাজি ছিল বলেও দাবি করা হয়েছে। শেষ পর্যন্ত মুম্বাইয়ের পছন্দের তালিকায় অর্শদীপের নামই সবচেয়ে গুরুত্ব পেয়েছে বলে জানা যাচ্ছে। পাঞ্জাবের সঙ্গে আলোচনায় সেই চাহিদাই বড় ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : Agam Jain Invention, Himalayan Weather Technology | নেটওয়ার্ক ছাড়াই আবহাওয়া খবর, হিমালয়ের গ্রামে নতুন ভরসা ‘সামিটসাথী’

এই লেনদেন সাধারণ নিলামের মাধ্যমে হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজি দু’টির মধ্যে সরাসরি ক্রিকেটার বিনিময়ের ব্যবস্থা অর্থাৎ ‘ট্রেড’ -এর মাধ্যমেই হার্দিকের দলবদল হচ্ছে বলে খবর। আইপিএলে এই ধরনের লেনদেন নতুন নয়। তিন বছর আগে গুজরাত টাইটান্স (Gujarat Titans) থেকে হার্দিককে মুম্বাইয়ে ফেরানোর ক্ষেত্রেও ট্রেড পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। এবার উল্টো পথে তিনি হাঁটতে চলেছেন। আর্থিক মূল্য, চুক্তির শর্ত ও বোর্ডের অনুমোদন সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। হার্দিকের আইপিএল-যাত্রায় মুম্বাই ইন্ডিয়ান্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৫ সালে এই ফ্র্যাঞ্চাইজির হয়েই তাঁর আইপিএল অভিষেক। ২০২১ সাল পর্যন্ত মুম্বাইয়ের হয়ে খেলে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই কার্যকর ভূমিকা নিয়ে জাতীয় দলের নজরে আসেন। পরে ২০২২ সালে গুজরাত টাইটান্স তাঁকে দলে নেয় ও অধিনায়কের দায়িত্ব দেয়। তাঁর নেতৃত্বে প্রথম মরসুমেই শিরোপা জেতে গুজরাত। পরের মরসুমে দলটি ফাইনালে পৌঁছয়। সেই সাফল্যের পর ২০২৫ সালে পুরনো দল মুম্বাইয়ে ফিরে অধিনায়কের দায়িত্ব নেন হার্দিক।

কিন্তু মুম্বাইয়ে প্রত্যাবর্তনের পর প্রত্যাশিত সাফল্য অধরা থেকেছে। দলের ফলাফল ও অধিনায়কত্ব নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। এবার তাই নতুন পরিবেশে নিজের ক্রিকেটজীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে চলেছেন তিনি বলে খবর। যদিও বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন হার্দিক। কবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন, তা নিয়েও আগ্রহ রয়েছে সমর্থকদের। অন্য দিকে, সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ভবিষ্যৎ নিয়েও কিছু দিন আগে দলবদলের আলোচনা শোনা গিয়েছিল। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। ফলে হার্দিকের সম্ভাব্য বিদায়ের মধ্যেও দলের ব্যাটিং শক্তি ধরে রাখার সুযোগ থাকছে ফ্র্যাঞ্চাইজ়িটির সামনে। হার্দিক পাণ্ড্যর পাঞ্জাবে যোগ দেওয়ার খবর সত্যি হলে আইপিএলের দলগত সমীকরণে বড় পরিবর্তন ঘটবে। এক দিকে পাঞ্জাব পাবে অভিজ্ঞ অলরাউন্ডার ও সম্ভাব্য নেতৃত্বের নতুন বিকল্প, অন্য দিকে মুম্বইয়ের বোলিং বিভাগে যুক্ত হবেন অর্শদীপের মতো কার্যকর পেসার। বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদন না আসা পর্যন্ত এই দলবদলকে চূড়ান্ত ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। ক্রিকেটপ্রেমীদের নজর এখন দুই ফ্র্যাঞ্চাইজ়ির পরবর্তী পদক্ষেপের দিকে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Ameesha Patel Hardik Pandya Relationship | হার্দিকের কাঁধে হাত রাখতেই প্রেমের গুঞ্জন! নেটাগরিককে কড়া জবাব আমীষা প্যাটেলের

 

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন