প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই: বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা-আড্ডার অনুষ্ঠান ‘কফি উইথ কর্ণ’ (Koffee With Karan) -এর নতুন সিজন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। কর্ণ জোহর (Karan Johar) -এর সঞ্চালনায় এই অনুষ্ঠানের প্রতিটি সিজ়নেই তারকাদের ব্যক্তিগত জীবন, সম্পর্ক, কাজ ও ইন্ডাস্ট্রির নানা অন্দরকথা নিয়ে দর্শকদের আগ্রহ থাকে। নবম সিজন শুরু হওয়ার আগেই সেই কৌতূহল আরও বেড়েছে। কারণ, বিশেষ সূত্রে শোনা যাচ্ছে নতুন সিজ়নের প্রথম পর্বেই অতিথি হিসাবে দেখা যেতে পারে সালমন খানকে (Salman Khan)। শুধু তাই নয়, এবারের উপস্থিতিতে থাকছে আরও একটি বড় চমক, তা-হল সালমন নাকি কোনও সহ-অতিথিকে পাশে না বসিয়ে একাই হাজির হবেন কর্ণের অনুষ্ঠানে।
উল্লেখ্য, ‘কফি উইথ কর্ণ’ -এর প্রচলিত ধরন অনুযায়ী, কর্ণ জোহর সাধারণত একসঙ্গে দুই তারকাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। একই সোফায় বসে তাঁদের ব্যক্তিগত জীবন, বন্ধুত্ব, সম্পর্ক, সিনেমা ও বিভিন্ন বিতর্ক নিয়ে তিনি প্রশ্ন করেন। অনেক সময় একে অপরকে নিয়ে তারকাদের মন্তব্যই হয়ে ওঠে পর্বের সবচেয়ে আলোচিত অংশ। কিন্তু নবম সিজনের প্রথম পর্বেই সেই পরিচিত কাঠামো বদলে যেতে পারে বলে খবর।
সালমন খানকে এবার একক অতিথি হিসাবে দেখা যেতে পারে। সূত্রের খবর অনুযায়ী, অভিনেতা নিজেই নতুন সিজনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁর পাশে দ্বিতীয় কোনও তারকাকে বসানোর পরিকল্পনা নেই বলেই সূত্রের উল্লেখ। ফলে কর্ণের সঙ্গে মুখোমুখি সালমনের দীর্ঘ আড্ডাই হতে পারে সিজনের প্রথম বড় আকর্ষণ। সালমনের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ নতুন নয়। তাঁর সঙ্গে অতীতে একাধিক অভিনেত্রীর সম্পর্কের খবর প্রকাশ্যে এসেছে। প্রেম, বিচ্ছেদ ও বিয়ে নিয়ে তাঁকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। কিন্তু ৬১ বছর বয়সেও অবিবাহিত সালমন এখনও নিজের ব্যক্তিগত জীবনকে নিজের মতো করেই পরিচালনা করেন। ফলে কর্ণের মতো সরাসরি প্রশ্নের অনুষ্ঠানে একা বসে তিনি নিজের সম্পর্ক, বিয়ে ও ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কতটা কথা বলেন, তা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।
সালমন অবশ্য ‘কফি উইথ কর্ণ’ -এর জন্য একেবারে নতুন মুখ নন। প্রথম তিনটি সিজনে তাঁকে অনুষ্ঠানে দেখা যায়নি। চতুর্থ সিজনে প্রথমবার কর্ণের চ্যাট শোয়ে হাজির হয়েছিলেন। সেই পর্বে তাঁর সঙ্গে ছিলেন বাবা প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান (Salim Khan)। বাবা-ছেলের সেই উপস্থিতি দর্শকদের মধ্যে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছিল। এরপর পঞ্চম সিজনে আবার অনুষ্ঠানে এসেছিলেন সালমন। সেই বার তাঁর সঙ্গে ছিলেন ভাই আরবাজ খান (Arbaaz Khan) ও সোহেল খান (Sohail Khan)। অর্থাৎ এর আগে ‘কফি উইথ কর্ণ’-এ যত বার সালমন হাজির হয়েছেন, প্রত্যেক বারই তাঁর পাশে ছিলেন পরিবারের কোনও সদস্য অথবা অন্য কোনও অতিথি। নবম সিজনে সেই জায়গাতেই বদল আসতে চলেছে।
এবার একাই সালমন। আর সেই কারণেই তাঁর পর্ব নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে। কর্ণ জোহরের প্রশ্নের মুখে একা সালমন কতটা ব্যক্তিগত কথা বলেন, সেটিই হতে পারে পর্বটির বড় আকর্ষণ। বিশেষ করে তাঁর প্রেমজীবন, বিয়ে না করার সিদ্ধান্ত ও দীর্ঘ কেরিয়ারের নানা ওঠাপড়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। উল্লেখ্য যে, গত কয়েক বছরে সালমনের পেশাগত জীবনও নানা কারণে আলোচনায় থেকেছে। একদিকে তাঁর কিছু ছবি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি, অন্য দিকে তাঁর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে হুমকির প্রসঙ্গ সামনে এসেছে। আবার তাঁর শারীরিক গঠন, বয়স এবং পর্দায় নতুন ধরনের চরিত্রে অভিনয় নিয়েও সমাজমাধ্যমে আলোচনা হয়েছে। ফলে ‘কফি উইথ কর্ণ’-এর সোফায় বসে সালমন যদি নিজের সাম্প্রতিক সময় নিয়ে খোলামেলা কথা বলেন, তা হলে সেই অংশ সহজেই দর্শকদের দৃষ্টি কাড়তে পারে।
কর্ণ জোহরের অনুষ্ঠান বরাবরই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার জন্য পরিচিত। তবে সালমনের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা। বলিউডে তাঁর দীর্ঘ কেরিয়ার, একাধিক সম্পর্কের গুঞ্জন, বিয়ে নিয়ে দীর্ঘদিনের কৌতূহল, পারিবারিক সম্পর্ক ও সাম্প্রতিক পেশাগত পরিস্থিতি ইইত্যাদি সবকিছু নিয়েই কর্ণের হাতে প্রশ্নের তালিকা দীর্ঘ হতে পারে। কিন্তু, নতুন সিজ়নটি কবে থেকে শুরু হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। তবে অক্টোবর, নভেম্বর কিংবা দীপাবলির সময় অনুষ্ঠানটি শুরু হতে পারে বলে জল্পনা রয়েছে। এবার অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার কথা জিয়ো হটস্টারে (JioHotstar)। নতুন সিজনে অনুষ্ঠানের ধরনেও কিছু পরিবর্তন আনার ইঙ্গিত আগে থেকেই দিয়েছেন কর্ণ জোহর। পাশাপাশি, ‘কফি উইথ কর্ণ ৯’ -এর সম্ভাব্য অতিথি তালিকা নিয়েও সমাজমাধ্যমে নানা তথ্য ঘুরছে। যদিও নির্মাতাদের তরফে এখনও কোনও পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কিন্তু যে নামগুলি নিয়ে আলোচনা চলছে, তার মধ্যে রয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)। এই জুটিকে একই পর্বে দেখা গেলে তাঁদের ব্যক্তিগত জীবন ও পেশাগত যাত্রা নিয়ে কর্ণের প্রশ্ন যথেষ্ট আকর্ষণীয় হতে পারে। এছাড়াও, তালিকায় রয়েছে আমির খান (Aamir Khan)-এর নামও। একই সঙ্গে অক্ষয় খান্না (Akshaye Khanna) ও সইফ আলি খান (Saif Ali Khan)-এর সম্ভাব্য জুটির কথাও শোনা যাচ্ছে। আবার সময় রায়না (Samay Raina) ও ফারাহ খান (Farah Khan) -এর নামও রয়েছে সম্ভাব্য অতিথি তালিকায়। নতুন প্রজন্মের অভিনেতা অহান পাণ্ডে (Ahaan Panday) এবং অনীত পাড্ডাকেও (Aneet Padda) দেখা যেতে পারে বলে জল্পনা ছড়িয়েছে।
দক্ষিণী সিনেমা এবং সর্বভারতীয় জনপ্রিয়তার দিক থেকেও নতুন সিজ়নে চমক থাকতে পারে। বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) -এর নাম নিয়েও আলোচনা চলছে। পাশাপাশি জয়া বচ্চন (Jaya Bachchan), কাজল (Kajol) ও করিনা কপূর খানকে (Kareena Kapoor Khan) নিয়ে সম্ভাব্য একটি পর্বের কথাও শোনা যাচ্ছে। কিন্তু এই অতিথি তালিকার কোনও নামই এখনও নির্মাতাদের তরফে চূড়ান্ত বলে জানানো হয়নি। ফলে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া তালিকাকে আপাতত সম্ভাব্য হিসাবেই দেখা হচ্ছে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত কোন তারকা কোন পর্বে থাকবেন, তা নিশ্চিত নয়।
তার মধ্যেই সালমনের নাম নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি। কারণ তাঁর আগের উপস্থিতিগুলি ‘কফি উইথ কর্ণ’ -এর ইতিহাসে আলাদা জায়গা তৈরি করেছে। চতুর্থ সিজনে বাবা সেলিম খানের সঙ্গে উপস্থিতি, পঞ্চম সিজনে ভাইদের সঙ্গে আড্ডার পর এবার যদি সত্যিই একা সলমন হাজির হন, তা হলে নবম সিজনের শুরুতেই অনুষ্ঠানের প্রচলিত কাঠামোয় বড় পরিবর্তন দেখা যাবে। প্রসঙ্গত, কর্ণের প্রশ্নের সামনে সালমন কতটা ব্যক্তিগত কথা বলেন, সেটিই এখন সবচেয়ে বড় কৌতূহল। তাঁর বিয়ে, সম্পর্ক, পরিবার, কেরিয়ার ও সাম্প্রতিক সময়ের নানা ঘটনা নিয়ে কথোপকথন হলে সেই পর্ব সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসতে পারে। আর যদি কর্ণের সঙ্গে সেই আড্ডায় সালমনের স্বভাবসিদ্ধ রসিকতা, খোলামেলা মন্তব্য এবং ব্যক্তিগত অভিজ্ঞতা একসঙ্গে ধরা পড়ে, তা হলে ‘কফি উইথ কর্ণ ৯’ -এর প্রথম পর্ব থেকেই দর্শকদের জন্য বড়সড় চমক অপেক্ষা করতে পারে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Salman Khan IPL Team | আইপিএল দল কেনা নিয়ে মুখ খুললেন সালমান খান




