মেধা পাল ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই: টেলিভিশনের পর্দা থেকে ওটিটি দীর্ঘ কেরিয়ারে নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করেছেন জেনিফার উইঙ্গেট (Jennifer Winget)। ব্যক্তিগত জীবন নিয়েও বারবার শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী। এবার আবারও তাঁকে ঘিরে নতুন জল্পনা খুব শীঘ্রই নাকি জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন জেনিফার। টিনসেল টাউনের অন্দরমহলে এখন চর্চা, দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। রূপোলী পাড়া সূত্রে শোনা যাচ্ছে, দীর্ঘদিনের ঘনিষ্ঠ সঙ্গী উইলিয়াম ইশমায়েল (William Ismail) -এর সঙ্গে সম্পর্ক এবার পরিণতির দিকে এগোচ্ছে। আগামী বৃহস্পতিবার যুক্তরাজ্য (United Kingdom)-এ একটি ব্যক্তিগত অনুষ্ঠানে তাঁদের বিবাহ সম্পন্ন হতে পারে বলে খবর ছড়িয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অভিনেত্রী বা তাঁর টিমের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, কিন্তু, বিনোদন দুনিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই বিয়েটি জাঁকজমকপূর্ণ না হয়ে সম্পূর্ণ ব্যক্তিগত পরিবেশে আয়োজন করা হচ্ছে। দুই পরিবারের সদস্য এবং অতি কাছের বন্ধুদের উপস্থিতিতেই নাকি সম্পন্ন হবে সমস্ত আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানকে সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেনিফার নিজেই, এমনটাই জানা যাচ্ছে। বিয়ের থিম নিয়েও ইতিমধ্যেই নানা তথ্য সামনে এসেছে। সূত্রে জানা গিয়েছে, খ্রীস্টান রীতিনীতি মেনে ‘হোয়াইট ওয়েডিং’ -এর ছোঁয়া থাকবে পুরো অনুষ্ঠানে। বিশেষ দিনটিতে জেনিফারের সাজ নিয়েও রয়েছে চর্চা। শোনা যাচ্ছে, জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘কার্লিও’ (Karleo) -এর ডিজাইন করা একটি ব্রাইডাল গাউনে দেখা যেতে পারে তাঁকে। ফ্যাশন জগতে এই ব্র্যান্ডের পরিচিতি রয়েছে এলিগ্যান্ট ও ক্লাসিক ডিজাইনের জন্য।
জেনিফার ও উইলিয়ামের সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও তাঁরা কখনও প্রকাশ্যে সম্পর্ক স্বীকার করেননি, তবুও তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনা, সোশ্যাল মিডিয়ার ইঙ্গিত, এসব মিলিয়ে এই সম্পর্ক নিয়ে আগ্রহ ছিল ভক্তদের মধ্যেও। এখন সেই সম্পর্কই নতুন বাঁক নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।
জেনিফারের ব্যক্তিগত জীবন আগেও আলোচনায় ছিল। ২০১২ সালের ৯ এপ্রিল সহ-অভিনেতা করণ সিং গ্রোভার (Karan Singh Grover) -এর সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। জনপ্রিয় ধারাবাহিক ‘দিল মিল গ্যায়ে’ (Dill Mill Gayye)-তে একসঙ্গে কাজ করার সময় তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। তবে সেই দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র দু’বছরের মধ্যেই ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর করণ সিং গ্রোভার বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে (Bipasha Basu) বিয়ে করেন। বর্তমানে তাঁদের পরিবারে এসেছে নতুন সদস্য, ছোট্ট কন্যাকে নিয়ে সুখে তাঁরা রয়েছেন। অন্যদিকে, জেনিফার দীর্ঘদিন নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রেখেই এগিয়েছেন। অতীতের অধ্যায় পেরিয়ে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে করছেন অনেকে।
অভিনয় জীবনে জেনিফারের সাফল্যের তালিকা দীর্ঘ। ‘কসৌটি জিন্দেগি কে’ (Kasautii Zindagii Kay), ‘সরস্বতীচন্দ্র’ (Saraswatichandra), ‘বেহদ’ (Beyhadh), ‘বেপনাহ’ (Bepannah)-এর মতো জনপ্রিয় ধারাবাহিক তাঁকে টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় জায়গা দিয়েছে। প্রতিটি চরিত্রেই নিজস্ব অভিনয়ভঙ্গি দিয়ে অভিনেত্রী দর্শকদের মুগ্ধ করেছেন। শুধু টেলিভিশনেই নয়, ওটিটি প্ল্যাটফর্মেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন জেনিফার। ‘কোড এম’ (Code M) ও ‘রাইসিংহানি ভার্সেস রাইসিংহানি’ (Raisinghani vs Raisinghani) -এর মতো সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর উপস্থিতি নতুন প্রজন্মের দর্শকদের কাছেও তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে।
আগামী দিনে আরও বড় প্রোজেক্টে দেখা যেতে চলেছে জেনিফারকে। শোনা যাচ্ছে, ‘তালাশ: আ মাদার্স সার্চ’ (Talaash: A Mother’s Search) নামের একটি ওটিটি প্রজেক্টে অভিনয় করবেন তিনি। এই প্রোজেক্টে তাঁর সঙ্গে থাকবেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। এই খবর ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ব্যক্তিগত জীবনের নতুন সিদ্ধান্ত নিয়ে জেনিফার এখনও চুপ থাকলেও, তাঁর ঘনিষ্ঠ মহলের সূত্রে যে তথ্য উঠে আসছে, তা নিয়ে বিনোদন দুনিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। ভক্তদের একাংশ অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ঘোষণার জন্য, আবার কেউ কেউ ইতিমধ্যেই শুভেচ্ছা জানাতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়।
বিদেশে গোপনে বিয়ে করার সিদ্ধান্ত, সীমিত অতিথি তালিকা ও ব্যক্তিগত মুহূর্তকে আড়ালেই রাখার পরিকল্পনা, জেনিফারের এই পদক্ষেপ তাঁর ব্যক্তিত্বের নতুন দিক তুলে ধরছে। ক্যামেরার আলো থেকে দূরে থেকেও নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এই ধরণ অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে। এখন দেখার, এই গুঞ্জন কতটা সত্যি প্রমাণিত হয় ও কবে আনুষ্ঠানিকভাবে সামনে আসে এই খবর। তবে আপাতত জেনিফার উইঙ্গেটের সম্ভাব্য দ্বিতীয় বিয়ে নিয়েই সরগরম বিনোদন দুনিয়া।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Jennifer Winget marriage, Jennifer Winget husband name | ৪১-এ নতুন জীবনের পথে জেনিফার! করণ সিং গ্রোভারের প্রাক্তন স্ত্রী এবার বিদেশি ব্যবসায়ীর সঙ্গে বিয়ের প্রস্তুতিতে, জোর চর্চা বিনোদন জগতে



