প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : মুম্বাই শহর জুড়ে প্রবল বৃষ্টির মধ্যেই বলিউডের অন্যতম আলোচিত মুখ আমির খান (Aamir Khan) নিজের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। গত ৫ জুলাই পালি হিল (Pali Hill) -এর সমুদ্রঘেঁষা বাড়িতে ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে তৃতীয় বিবাহের আয়োজন করেন তিনি। দুর্যোগ সত্ত্বেও অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় ১৫০ জন অতিথি। আমিরের প্রথম দুই পক্ষের সন্তানরা যেমন ছিলেন, তেমনই উপস্থিত ছিলেন নববধূ গৌরীর (Gauri) পুত্রও। এই আয়োজনের মধ্যেই সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে একটি উপহার, যা নাকি সাধারণ কোনও গয়না না, বিরল এক শিল্পকর্ম। বিয়ের দিন গৌরীকে অফ-হোয়াইট লেহেঙ্গায় দেখা যায়, অন্যদিকে আমির খান পরেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবী। ঐতিহ্য মেনে তাঁরা আইনসম্মতভাবে বিবাহ সম্পন্ন করেন। তবে অনুষ্ঠানের মাঝেই সবার নজর কেড়ে নেয় গৌরীর অনামিকায় থাকা একটি সোনালি আংটি। সেই আংটির নকশা ও আকার দেখে উপস্থিতদের মধ্যে কৌতূহল তৈরি হয়। জানা যায়, এটি আমির খানের তরফে দেওয়া বিবাহ-উপহার।
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই আংটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ২৫৬ ঘণ্টা। শুধু সময়ই নয়, এর নেপথ্যে রয়েছে বহু মানুষের পরিশ্রম। বিদেশের এক পরিচিত গয়না প্রস্তুতকারক সংস্থা এই আংটি তৈরি করেছে। তাদের দাবি, প্রায় তিন মাস ধরে ১৩১ জন কারিগর একসঙ্গে কাজ করেছেন এই বিশেষ নকশার জন্য। ফলে এটি কেবল একটি অলঙ্কার নয়, বরং সূক্ষ্ম কারুকার্যের এক বিরল নিদর্শন। আংটির কেন্দ্রস্থলে বসানো রয়েছে একটি বড় রুবি, যা সাধারণ আংটির তুলনায় অনেকটাই বড় আকারের। চারপাশে সূক্ষ্ম সোনালি কাজের মাধ্যমে সেটিকে ঘিরে রাখা হয়েছে। নকশার দিক থেকে এটি এতটাই আলাদা যে, নির্মাতা সংস্থার দাবি, ‘এই ধরনের আংটি পৃথিবীতে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না।’ ফলে গৌরীর হাতে এই আংটি দেখা মাত্রই তা আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এই প্রথম নয়, গৌরীকে মূল্যবান উপহার দেওয়ার ক্ষেত্রে আমির খান আগেও চমক দিয়েছেন। বিয়ের আগে ৪০টি হিরে বসানো একটি আংটি উপহার দিয়েছিলেন তিনি। সেই সময়ও বিষয়টি নিয়ে চর্চা হয়েছিল। ফলে গৌরীর প্রতি আমিরের আবেগ ও যত্নের প্রকাশ বারবার সামনে এসেছে বিভিন্ন উপহারের মাধ্যমে।
আমির খান ও গৌরীর সম্পর্কের ইতিহাসও কম চমকপ্রদ নয়। জানা যায়, প্রায় ২৫ বছরের পরিচয়ের পর গত দু’বছর ধরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। বেঙ্গালুরুতে (Bengaluru) একটি অনুষ্ঠানে আমিরের বোনের মাধ্যমে প্রথম আলাপ হয় তাঁদের। সেই পরিচয় ধীরে ধীরে ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে আমির খান প্রকাশ্যে স্বীকার করেন গৌরীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা। সেই সময় থেকেই প্রশ্ন উঠতে থাকে, তাঁরা কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন। প্রথমদিকে আমির খান জানিয়েছিলেন, বিয়ে নিয়ে বিশেষ ভাবনা নেই তাঁর। তবে সময়ের সঙ্গে সেই অবস্থানে পরিবর্তন আসে। অবশেষে পরিবারের সম্মতিতেই তৃতীয়বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। এই সিদ্ধান্তে তাঁর ঘনিষ্ঠ মহলেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বিয়ের আয়োজন ছিল সীমিত, কিন্তু পরিপাটি। অতিথি তালিকায় ছিলেন কেবলমাত্র ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদেরই জায়গা। প্রবল বর্ষণের মধ্যেও অনুষ্ঠানে উপস্থিতি ছিল নজরকাড়া। সমুদ্রের ধারে সাজানো বাড়িতে আলো-সাজ ও সরল আয়োজন অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।
গৌরীর জন্য তৈরি এই আংটি এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিনোদন জগতের আলোচনার কেন্দ্র। অনেকে মনে করছেন, এটি শুধু একটি দামী উপহার নয়, বরং সম্পর্কের গুরুত্ব বোঝাতে দেওয়া একটি প্রতীক। অন্যদিকে, কেউ কেউ বলছেন, এমন কারুকাজ ও সময় ব্যয় সচরাচর দেখা যায় না। আমির খানের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থেকেছে। তাঁর এই তৃতীয় বিবাহও ব্যতিক্রম নয়। এইবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক অভিনব উপহার, যা ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে ভক্তদের মধ্যে। ভবিষ্যতে এই দম্পতির জীবনে কী নতুন অধ্যায় আসে, সেদিকেই এখন নজর সবার।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Aamir Khan wedding, Gauri Spratt | বিয়ে সারলেন আমির খান! গৌরী স্প্র্যাটের আচরণ ঘিরে নতুন কৌতূহল, কেন পাপারাৎজিদের বলেছিলেন ‘আমাকে একা ছেড়ে দিন’?



