সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা: উত্তাল রাজ্য রাজনীতি। কালীঘাটে (Kalighat) তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)-এর কর্মসূচির মাঝে আচমকা ক্ষোভে ফেটে পড়লেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে পথে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মিছিল চলাকালীন একাধিক জায়গায় বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি (BJP) কর্মীদের তরফে বাধা, স্লোগান এবং শব্দবাজির কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছু কর্মী অসুস্থ হয়ে পড়েন বলেও দাবি উঠে আসে। পরে সেই কর্মীদের একাংশ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হন। সেখানে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। অসুস্থ কর্মীদের গাড়িতে তোলার সময় হুড়োহুড়ি শুরু হয়। সেই অবস্থায় মাইক হাতে নিজেই ভিড় সামলাতে নামেন মমতা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ‘তিনি বারবার সবাইকে সরতে বলছিলেন ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিচ্ছিলেন’। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল না। এর মধ্যেই আচমকা কমলা রঙের টি-শার্ট পরা এক ব্যক্তির গালে চড় মারতে দেখা যায় তাঁকে। পরে জানা যায়, ওই ব্যক্তি তৃণমূলেরই কর্মী।
ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কী কারণে তিনি এভাবে প্রতিক্রিয়া দেখালেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দলের ভেতরেই অনেকে বলছেন, ‘ভিড়ের চাপে এবং বিশৃঙ্খলায় বিরক্ত হয়েই এই প্রতিক্রিয়া’। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। অন্যদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে কটাক্ষ ছুড়েছে বিরোধী শিবির। বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ‘এই ধরনের আচরণ দেখেই বোঝা যাচ্ছে, মানসিক স্থিরতা হারাচ্ছেন তিনি’। রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই দুই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কালীঘাটে নেত্রীর আচরণ এখন আলোচনার কেন্দ্রে। আগামী দিনে এই ইস্যু নিয়ে রাজনৈতিক লড়াই আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Kalighat TMC rally, Mamata Banerjee protest | মিছিল ঘিরে টানাপোড়েন, হাই কোর্টে কালীঘাট তৃণমূল, বুধবার পথে নামার আগে আইনি লড়াইয়ে শিবির




