Anandalok Hospital fire Kolkata | সল্টলেকের আনন্দলোক হাসপাতালে আগুনে চাঞ্চল্য, ৭০-এর বেশি রোগী নিরাপদে, অপারেশন থিয়েটারে আগুন ঘিরে প্রশ্ন

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : কলকাতার উপকণ্ঠ সল্টলেক -এর করুণাময়ী এলাকায় অবস্থিত আনন্দলোক হাসপাতালে (Anandalok Hospital) মঙ্গলবার সকালে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালের ভিতর থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিজনেরা। দ্রুত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী (Fire Brigade)। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রায় ৭০ থেকে ৭৫ জন রোগীকে নিরাপদে অন্য ভবনে স্থানান্তর করা হয়েছে। সূত্রের খবর প্রাথমিকভাবে জানা যায়, হাসপাতালের দ্বিতীয় তলায় প্রথম আগুনের সূত্রপাত হয়। ওই তলায় অপারেশন থিয়েটারের (Operation Theatre) একটি অংশে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। রাস্তা থেকে আগুনের শিখা এবং কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান স্থানীয় মানুষজন। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। কিছু সময়ের মধ্যেই দমকলের অন্তত দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত বের করে আনার কাজ শুরু করেন হাসপাতালের কর্মীরা। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। একজন কর্মীর কথায়, ‘দোতলা-তিনতলায় যত রোগী ছিলেন, সবাইকে আমরা বের করে এনেছি। প্রথমে প্রায় ৪০-৪৫ জনকে সরানো হয়, পরে আরও রোগীদের স্থানান্তর করা হয়।’ হাসপাতালের আর এক কর্মী ডলি রায় (Dolly Roy) জানান, ‘সব মিলিয়ে ৭০-৭৫ জন রোগীকে অন্য ভবনে সরানো হয়েছে। সকলেই নিরাপদে রয়েছেন।’ উল্লেখ্য, আগুন লাগার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও পুলিশের প্রাথমিক অনুমান, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঠিক কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। বিধাননগর (Bidhannagar) পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত প্রযুক্তিগত দিক বিশ্লেষণ করা হবে।

হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সদস্য সঞ্জয় হাজিরা (Sanjay Hajira) বলেন, ‘এসি থেকেই আগুন লেগেছে বলে মনে হচ্ছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। কোনও প্রাণহানির খবর নেই। রোগীরা সুরক্ষিত রয়েছেন। আগুন নিভে গিয়েছে, তবে ধোঁয়া এখনও রয়েছে।’ অন্যদিকে, বিধাননগরের ডিসি (ট্রাফিক) মীত কুমার (Meet Kumar) জানান, ‘আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন, পরে দমকল এসে নিয়ন্ত্রণে আনে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।’ প্রসঙ্গত, সকাল প্রায় ১১টা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। যদিও দমকলকর্মীরা দীর্ঘ সময় ধরে ধোঁয়া বেরনো বন্ধ করতে এবং সম্ভাব্য পুনরায় আগুন লাগার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেন। হাসপাতালের ভিতরে থাকা বিভিন্ন যন্ত্রপাতি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ঘটনার সময় হাসপাতালে উপস্থিত রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসেন। এক রোগীর পরিজনের কথায়, ‘হঠাৎ করে ধোঁয়া দেখতে পাই। সবাই চিৎকার করতে শুরু করে। পরে কর্মীরা এসে আমাদের বের করে নিয়ে যান।’ হাসপাতাল চত্বরে কিছু সময়ের জন্য যান চলাচলেও প্রভাব পড়ে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে। নিরাপত্তার স্বার্থে হাসপাতালের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনার পর হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নিরাপত্তা পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শহরের গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানে এমন ঘটনা ভবিষ্যতে এড়াতে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে স্বস্তির খবর, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। দ্রুত উদ্ধারকাজ এবং দমকলের তৎপরতায় বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতেই এখন প্রশাসনের নজর।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Firhad Hakim vs Rakesh Singh, BJP candidate Kolkata Port 2026 | কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিজেপির মুখ রাকেশ সিংহ, জামিনের ৪৮ ঘণ্টার মধ্যেই প্রার্থী ঘোষণা ঘিরে চর্চা তুঙ্গে

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন