SIR India voter list, West Bengal voter deletion | ভারতে এসআইআর আপডেট: তামিলনাড়ুতে সর্বাধিক ভোটার বাদ, পশ্চিমবঙ্গেও বড় ধাক্কা

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারতের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ (Special Intensive Revision বা SIR) ঘিরে বড়সড় পরিবর্তনের চিত্র সামনে এসেছে। নির্বাচন কমিশনের (Election Commission of India) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, একাধিক রাজ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে চূড়ান্ত তালিকা থেকে। ভোটমুখী রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ু (Tamil Nadu) এই তালিকায় শীর্ষে উঠে এসেছে, যেখানে প্রায় ৯৭.৩৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তার ঠিক পরেই রয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal), যেখানে বাদ পড়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জন ভোটারের নাম। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার আগে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ৭.৬৬ কোটি। সংশোধনের পর তা কমে দাঁড়িয়েছে ৬.৭৭ কোটিতে। কমিশনের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, তালিকা থেকে নাম বাদ পড়ার পাশাপাশি নতুন ভোটারও যুক্ত হয়েছেন। তবে সামগ্রিকভাবে ভোটারের সংখ্যা কমেছে বলেই ধরা পড়ছে।

আরও পড়ুন : TRAI Drive Test Bikaner, NH-911 Mobile Network Quality | বিকানেরে মোবাইল নেটওয়ার্ক মান যাচাইয়ে ট্রাইয়ের ড্রাইভ টেস্ট: এনএইচ-৯১১ ও ভারতমালা করিডরে ডেটা-ভয়েস পারফরম্যান্সে বড় ফারাক

এই প্রক্রিয়ায় শুধু পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ুই নয়, দেশের আরও একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল বড়সড় পরিবর্তনের মুখ দেখেছে। দ্বিতীয় ধাপে বিহার (Bihar) -এর পর পশ্চিমবঙ্গ-সহ মোট ৯টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালানো হয়। এই তালিকায় রয়েছে তামিলনাড়ু, গুজরাত (Gujarat), কেরল (Kerala), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), রাজস্থান (Rajasthan), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), ছত্তীসগঢ় (Chhattisgarh), গোয়া (Goa), পুদুচেরি (Puducherry), আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman and Nicobar Islands) এবং লাক্ষ্মাদীপ (Lakshadweep)। সব রাজ্যের মধ্যে নজর কেড়েছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) -এর পরিস্থিতি। এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ না হলেও খসড়া তালিকাতেই প্রায় ২.৮৯ কোটি ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে। এই সংখ্যা অন্য সব রাজ্যের তুলনায় অনেক বেশি, এবং চূড়ান্ত তালিকা প্রকাশের পর তা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

তামিলনাড়ুতে এসআইআর শুরুর আগে মোট ভোটার ছিলেন প্রায় ৬.৪১ কোটি। সংশোধনের পর তা কমে দাঁড়িয়েছে ৫.৬৭ কোটিতে। অর্থাৎ প্রায় এক কোটির কাছাকাছি ভোটারের নাম বাদ পড়েছে তালিকা থেকে। একইভাবে কেরলেও (Kerala) পরিবর্তন চোখে পড়ার মতো। সেখানে আগে ভোটার সংখ্যা ছিল ২.৭৮ কোটি, যা কমে হয়েছে ২.৬৯ কোটি। বাদ পড়েছে প্রায় ৮.৯৭ লক্ষ নাম। গুজরাতে (Gujarat) এসআইআর প্রক্রিয়ায় মোট ৭৭.৯৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। খসড়া তালিকায় প্রায় ৭৪ লক্ষ নাম বাদ পড়ার পর চূড়ান্ত তালিকায় আরও প্রায় ৩.৯৫ লক্ষ নাম বাদ পড়ে। আগে যেখানে ভোটার সংখ্যা ছিল ৫.০৮ কোটি, এখন তা কমে দাঁড়িয়েছে ৪.৪০ কোটিতে। মধ্যপ্রদেশে (Madhya Pradesh) এই প্রক্রিয়ার আগে ভোটার সংখ্যা ছিল ৫.৭৪ কোটি। সংশোধনের পর তা কমে হয়েছে ৫.৩৯ কোটি। মোট ৩৪.২৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। রাজস্থানেও (Rajasthan) প্রায় ৩১.৩৬ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যেখানে আগে ভোটার সংখ্যা ছিল ৫.৪৬ কোটি, এখন তা কমে হয়েছে ৫.১৫ কোটি।

ছত্তীসগঢ়ে (Chhattisgarh) এসআইআর শুরুর আগে ২.১২ কোটি ভোটার থাকলেও এখন তা কমে হয়েছে ১.৮৭ কোটিতে। সেখানে প্রায় ২৪.৯৯ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। ছোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও একই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। গোয়ায় (Goa) প্রায় ১.২৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। পুদুচেরিতে (Puducherry) কমেছে ১.০৩ লক্ষ নাম। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Islands) প্রায় ৫২ হাজার এবং লক্ষদ্বীপে (Lakshadweep) সামান্য হ্রাস দেখা গিয়েছে। কমিশনের একজন কর্তা জানিয়েছেন, ‘এসআইআর প্রক্রিয়ার মূল লক্ষ্য হল ভোটার তালিকাকে আরও নির্ভুল ও হালনাগাদ করা।’ তাঁর কথায়, ‘যাঁরা দীর্ঘদিন ধরে অন্যত্র বসবাস করছেন, বা যাঁদের নাম একাধিক জায়গায় রয়েছে, সেই সব ক্ষেত্রে সংশোধন করা হয়েছে।’ এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর মতো রাজ্যে সামনে বিধানসভা নির্বাচন থাকায় এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ভোটার তালিকার এই হালনাগাদ প্রক্রিয়া নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। দেশজুড়ে এই বৃহৎ সংশোধন প্রক্রিয়া একদিকে যেমন প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ, তেমনই ভোটারদের মধ্যেও কৌতূহল তৈরি করেছে। অনেকেই ইতিমধ্যে নিজেদের নাম তালিকায় রয়েছে কি না, তা যাচাই করতে শুরু করেছেন।

ছবি : সংগৃহীত ও প্রতীকী
আরও পড়ুন : Election Commission India 2026, print ad certification MCMC | ভোটের আগে প্রিন্ট বিজ্ঞাপনে কড়া নিয়ম, এমসিএমসি অনুমোদন বাধ্যতামূলক জানাল নির্বাচন কমিশন

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন